ETV Bharat / state

মেধাতালিকার প্রথম দশে বীরভূমের সাত জন, পাশের হারে এগিয়ে ছাত্রীরা

প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ৷ তাতেই দেখা গিয়েছে বীরভূম জেলার সাতজন পড়ুয়া প্রথম দশে স্থান অধিকার করেছে ৷

Madhyamik Exam 2025
2025 সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2025 at 4:04 PM IST

2 Min Read
Choose ETV Bharat

বীরভূম, 2 মে: মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশ জনের মধ্যে জায়গা করে নিয়েছে বীরভূমের সাত জন ৷ অষ্টম, নবম ও দশম স্থান অর্জন করেছে জেলার পড়ুয়ারা ৷ স্বাভাবিকভাবে খুশি জেলাবাসী ৷ ফল প্রকাশের পর তাদের নিয়ে উচ্ছ্বসিত স্কুল কর্তৃপক্ষ ও পরিজনেরা ৷ তবে সামগ্রিকভাবে বীরভূম জেলার ফল এবার খারাপ হয়েছে বলে মনে করছে শিক্ষাবিদরা ।

2025 সালে বীরভূম জেলা থেকে 17 হাজার 770 জন ছাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৷ তাদের মধ্যে 17 হাজার 768 জন উত্তীর্ণ হয়েছে ৷ জেলায় 21 হাজার 917 জন ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৷ তাদের মধ্যে 21 হাজার 915 জন উত্তীর্ণ হয়েছে ৷

মাধ্যমিকের ফল প্রকাশের পর প্রথম দশে 66 জনের মধ্যে এই জেলার সাত জন জায়গা করে নিয়েছে ৷ রামপুরহাটের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা অভিজিৎ মণ্ডল রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাপীঠ থেকে 688 নম্বর পেয়ে সম্ভাব্য অষ্টম স্থান অধিকার করেছে ৷ একই স্কুল থেকে অষ্টম স্থান পেয়েছে স্পন্দন মৌলিক ৷ রামপুরহাটের মহাজনপল্লীর বাসিন্দা সে ৷ একই নম্বর পেয়ে অষ্টম স্থান অধিকার করেছে শ্রীজয়ী ঘোষ ৷ শান্তিনিকেতনের নবনালন্দা স্কুলের ছাত্রী সে ৷ তার বাড়ি বোলপুরের নিচুপট্টিতে ৷

বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা দিশা ঘোষ 687 নম্বর পেয়ে সম্ভাব্য নবম স্থান অধিকার করেছে ৷ দুবরাজপুর শ্রীশ্রী সারদেশ্বরী বিদ্যাপীঠের ছাত্রী দিশা ৷ জেলায় 686 নম্বর পেয়ে সম্ভাব্য দশম স্থান অধিকার করেছে তিন জন ৷ কোটাসুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র দেবায়ন ঘোষ, সাহাপুরের গিরিজোর শান্তিলাল উচ্চ বিদ্যালয়ের ছাত্র শেখ আরিফ মণ্ডল ও শান্তিনিকেতনের নবনালন্দা স্কুলের ছাত্র সম্যক দাস ৷

মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে এই পড়ুয়ারা প্রতিদিন অন্তত 5 থেকে 8 ঘণ্টা পড়াশোনা করেছে বলে জানিয়েছে ৷ এদিনের কৃতী ছাত্রছাত্রীদের মধ্যে শ্রীজয়ী, সম্যক, দিশা, অরিজিৎ-রা ভবিষ্যতে চিকিৎসক হতে চায় ৷ অন্যদিকে স্পন্দন মৌলিকের ইচ্ছে বিজ্ঞানী হওয়ার ৷ দেবায়ন চায় ইঞ্জিনিয়ার হতে ৷

অষ্টম স্থান অধিকারী ছাত্রী শ্রীজয়ী ঘোষ বলেন, "এই সাফল্য পরিবারের সহযোগিতা আর স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতার জন্য ৷ দিনে সাত ঘণ্টা পড়াশোনা করতাম ৷ পড়ার ফাঁকে ছবি আঁকতে ভালো লাগত । সবাই আজ খুব খুশি ।" দশম স্থানে থাকা সম্যক দাস বলেন, "ফল প্রকাশে খুবই খুশি ৷ পড়াশোনা বাদে আমি ক্রিকেট খেলা, গোয়েন্দা গল্পের বই পড়তে ভালোবাসি ৷ আইপিএলও দেখি নিয়মিত ৷" আগামী দিনে মাধ্যমিক পড়ুয়াদের জন্য স্পন্দন মৌলিকের উপদেশ, "টেক্সট বইটি খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে ৷ ওটা পড়লেই হবে ৷ বইয়ের বাইরে থেকে কিছু আসে না ৷"