ETV Bharat / state

নসিপুর রেলব্রিজ দিয়ে প্রথম গড়াল হামসফর এক্সপ্রেস, আরও সহজ উত্তর-দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ

বহরমপুরের সঙ্গে সরাসরি জুড়ে গেল উত্তরবঙ্গ ৷ ভাগীরথী নদীর উপর দিয়ে যাওয়া নসিপুর রেল ব্রিজ সেই যোগসূত্র তৈরি করল ৷

NASIPUR RAIL BRIDGE
নসিপুর রেলব্রিজ দিয়ে গড়াল প্রথম দূরপাল্লার ট্রেন ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 15, 2025 at 8:31 PM IST

|

Updated : June 15, 2025 at 8:57 PM IST

2 Min Read
Choose ETV Bharat

বহরমপুর, 15 জুন: নসিপুর সেতু দিয়ে গড়াল প্রথম দূরপাল্লার ট্রেন ৷ রবিবার সন্ধেয় জলপাইগুড়ি-শিয়ালদা সাপ্তাহিক হামসফর এক্সপ্রেস ভাগীরথীর উপর তৈরি নসিপুর রেল ব্রিজ অতিক্রম করে বহরমপুর কোর্ট স্টেশনে পৌঁছাল ৷ ফলে এবার উত্তরবঙ্গের সঙ্গে বহরমপুর সরাসরি রেলপথে যুক্ত হয়ে গেল ৷

আর সাপ্তাহিক জলপাইগুড়ি-শিয়ালদা হামসফর এক্সপ্রেসের সূচনা উপলক্ষে উৎসবমুখর পরিবেশ দেখা গেল বহরমপুর কোর্ট স্টেশনে ৷ প্রথমবার বহরমপুরে এই হামসফর এক্সপ্রেস দেখতে স্টেশনে ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ ৷ কেউ সেলফি তুলতে ব্যস্ত, কেউ আবার ভিডিয়ো করে রাখলেন সেই মুহূর্ত ৷

নসিপুর রেলব্রিজ দিয়ে প্রথম গড়াল হামসফর এক্সপ্রেস, (ইটিভি ভারত)

রেল সূত্রে খবর, হামসফর এক্সপ্রেস চালু হওয়ায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যাত্রা আরও সুবিধাজনক ও আরামদায়ক হবে ৷ জলপাইগুড়ি থেকে শিয়ালদা পর্যন্ত এই ট্রেনটি আপাতত সাপ্তাহিক চলবে ৷ পরে সময়সূচিতে বদল আনা হতে পারে বলে রেল সূত্রে খবর ৷ মালদা, আজিমগঞ্জ, বহরমপুর কোর্ট, কৃষ্ণনগরের মতো গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে ট্রেনটি ৷ আর এই ট্রেন নিয়ে স্থানীয়দের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো ৷ বহু মানুষ পরিবার নিয়ে হাজির হন এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে ৷ রেল কর্তৃপক্ষের দাবি, এই পরিষেবা যাত্রীদের ভীষণভাবে উপকৃত করবে ৷

উল্লেখ্য, 14 জুন শনিবার বিকেলে জলপাইগুড়ি স্টেশন থেকে রওনা দেয়ে হামসফর এক্সপ্রেস ৷ এনজেপি, আলুয়াবাড়ি, কিষানগঞ্জ, বারসই, মালদা হয়ে মুর্শিদাবাদে পৌঁছায় ট্রেনটি ৷ তারপর নিউ ফরাক্কা, জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ, বহরমপুর কোর্ট হয়ে কৃষ্ণনগর, রানাঘাট, নৈহাটি স্টেশনে থেমে শিয়ালদা পৌঁছয় ৷

গত 25 ফেব্রুয়ারি রেলমন্ত্রকের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল এই এক্সপ্রেস ট্রেনটির কথা ৷ অবশেষে 14 জুন থেকে নতুন ট্রেনটির চাকা গড়াল ৷ প্রতি শুক্রবার রাত 11টা 40 মিনিটে শিয়ালদা থেকে ট্রেনটি ছাড়বে ৷ বহরমপুর কোর্ট স্টেশনে পৌঁছবে রাত 1টো 35 মিনিটে । মালদা পৌঁছবে সকাল 6টা 20 মিনিটে। নিউ জলপাইগুড়ি পৌঁছবে 10টা 30মিনিট নাগাদ ৷ জলপাইগুড়ি রোড পৌঁছবে শনিবার বেলা 12টা 15মিনিটে ৷

আবার শনিবার রাত 8টা 30মিনিটে সেখান থেকে ছেড়ে রবিবার সকাল 8টা 10মিনিটে শিয়ালদা পৌঁছবে ৷ ট্রেনে মোট 19 টি এসি কোচ থাকছে ৷ যার মধ্যে 16টি এসি স্লিপার ক্লাস কোচ ৷

Last Updated : June 15, 2025 at 8:57 PM IST