দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও পুলিশ অভিযান চালাক, প্লাস্টিক মোকাবিলায় আবেদন ফিরহাদের
মেয়র ফিরহাদ হাকিমের দাবি, নেপাল ও ভুটান থেকে প্রচুর সিঙ্গল ইউজ প্লাস্টিক আসছে ৷ তার ব্যবহার বন্ধে প্রয়োজনে জরিমানা করুক দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও পুলিশ৷

Published : March 23, 2025 at 5:45 PM IST
কলকাতা, 23 মার্চ: শহরের চারিদিকে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও কলকাতা পুলিশ অভিযান চালাক ৷ সিঙ্গল ইউজ প্লাস্টিক বন্ধের জন্য এমনটাই আবেদন জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷
শহরে সিঙ্গল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ হয়েছে দীর্ঘদিন । কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, এখনও খাস কলকাতায় রমরমিয়ে চলছে তার ব্যবহার । নির্দেশিকা থাকলেও নেই অভিযান, নেই জরিমানা । ফলে পরিবেশ রক্ষায় দূষণ ঠেকাতে হাতিয়ার শুধুই নির্দেশিকা । আর এই অভিযোগ তুলেই সিঙ্গল ইউজ প্লাস্টিক নিয়ে পুর অধিবেশনে সরব হন 48 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে । মেয়র অবশ্য দাবি করেছেন, পুর প্রতিনিধি বা আধিকারিকদের কিছু করার নেই । সিঙ্গল ইউজ প্লাস্টিক বন্ধ করতে পারবে পুলিশ ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ।

শহরে দূষণ চিন্তার বিষয় । সেখানেই প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে সর্বত্র যথেচ্ছ ভাবে সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার হচ্ছে বলে অভিযোগ । সেই প্লাস্টিক ব্যবহার বন্ধের কোনও পথ আছে কি কলকাতা পুরনিগমের হাতে? কী ভূমিকা তাদের ? জরিমানা করা হয় ? এমন নানা প্রশ্ন তুলে ধরেন বিশ্বরূপ দে ।
উত্তরে ফিরহাদ হাকিম বলেন, "গলির বা বাজারের ছোট দোকানে জরিমানা করে লাভ হবে না । কলকাতা পুরনিগমের এত লোকবল নেই । পুর প্রতিনিধিদের প্লাস্টিক বাজেয়াপ্ত করার আইনি ক্ষমতা নেই । ফলে উৎস থেকেই নির্মূল করতে হবে । প্লাস্টিক উৎপাদন কারখানায় সিসি ক্যামেরা বসানোর কথা আগেই বলেছি । নিষিদ্ধ প্লাস্টিক উৎপাদন হলে লাইন কাটবে ।"

তিনি আরও বলেন, "এখন নেপাল ও ভুটান থেকে প্রচুর এই প্লাস্টিক আসছে । বড়বাজার বা বাগরি এগুলোর পাইকারি বাজার । সেখানে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও কলকাতা পুলিশ অভিযান চালাক । তবেই লাগাম দেওয়া সম্ভব হবে । এখান থেকেই খুচরো বাজারগুলোতে প্লাস্টিক ছড়ায় । পুলিশ পর্ষদ যৌথ অভিযান করে প্লাস্টিক বাজেয়াপ্ত করুক ৷ প্রয়োজনে জরিমানা করুক । ছোট ব্যবসায়ীদের দোষ দিয়ে লাভ নেই ।"
এদিকে কলকাতা পুরনিগমের দাবি, প্রথম থেকেই সচেতনতা প্রচারে প্রাধান্য দিয়ে এসেছে কর্তৃপক্ষ । প্লাস্টিক ব্যবহার না করার জন্য ক্রেতাদের সচেতন করা হয়েছে । চটের ব্যাগ বিতরণ করার মতো পদক্ষেপ করেছে পুরনিগম । বিভিন্ন জনবহুল বাজারে মাইকিং করেছে । কিন্তু উৎস থেকে বাজেয়াপ্ত করা বা আইনি ব্যবস্থা নেওয়ার কোনও ক্ষমতা তাদের নেই । ফলে সচেতনতার প্রতি কলকাতা পুরনিগম জোর দিয়েছে । মেয়র ফিরহাদ হাকিম বলেন, "পুরনিগমের তরফে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও পুলিশকে আবেদন জানানো হবে যাতে পরিবেশ রক্ষায় এই প্লাস্টিক ব্যবহার বন্ধ করা হয় ।"

