ETV Bharat / state

'অন্য কারও পাপের দায়িত্ব আমি নিতে পারব না', আদালতের নির্দেশে ক্ষুব্ধ ফিরহাদ

হাওড়ার ভাগাড়ে মাত্রাতিরিক্ত দূষণের জের জরিমানা করেছে এনজিটি ৷ ঘটনায় ক্ষুব্ধ ফিরহাদ হাকিম ৷ বললেন, "50-60 বছর আগের পাপের দায়িত্ব আমি নিতে পারব না।"

firhad-hakim
ফিরহাদ হাকিম (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 15, 2025 at 4:02 PM IST

|

Updated : June 15, 2025 at 4:15 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 15 জুন: বছরের পর বছর ধরে কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে জমা হয়েছে জঞ্জাল। সেই স্তূপ থেকে ছড়াচ্ছে লাগামহীন দূষণ। সম্প্রতি ধস নেমে বিপর্যয়ও হয়েছে। এর মধ্যেই এই ভাগাড়ে দূষণের জেরে কলকাতা কর্পোরেশনকে জরিমানা করল জাতীয় পরিবেশ আদালত। আর সেই জরিমানা নিয়ে আদলতের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করলেন মেয়র ফিরহাদ হাকিম ৷

পাশাপাশি, পরিবেশকর্মীদের বিরুদ্ধেও সমালোচনায় সোচ্চার হয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। সম্প্রতি, হাওড়ার ভাগাড়ে দূষণের কারণে জাতীয় পরিবেশ আদালত প্রায় কমবেশি 4 কোটি টাকা জরিমানা করেছে বাংলাকে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মন্ত্রী। ফিরহাদ বলেন, "50-60 বছর আগের পাপের দায়িত্ব আমি নিতে পারব না। আমরা এখন বায়ো মাইনিংয়ের পথে যাচ্ছি। এর একটা লিমিটেশন আছে। প্রক্রিয়াকরণের বাধ্যবাধকতা রয়েছে।"

ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম (ইটিভি ভারত)

তিনি আরও বলেন, "আচমকা কিছু কিছু লোকের ঘুম ভাঙছে ৷ তাঁরা হঠাৎ করে ভাগাড় দেখতে পাচ্ছেন। তাঁরা ঘুম থেকে উঠে আদালতে যা মনে হচ্ছে ফাইল করে দিচ্ছেন ৷ আদালত জরিমানার নির্দেশ দিচ্ছে ৷ এটা সুবিচার নয় ৷ কারণ, ভাগাড় অনেকদিন ধরে রয়েছে ৷ আমরা এখন পরিস্থিতিতে বদল আনতে শুরু করেছি, চেষ্টা করছি। ধাপাতেও অনেক পরিবর্তন হয়েছে।"

FIRHAD HAKIM
ভাগাড়ে জমা হয়েছে জঞ্জাল (নিজস্ব ছবি)

ফিরহাদের আরও সংযোজন, "হাওড়ার পাশাপশি উত্তর 24 পরগনার বেলগাছিয়ার প্রমোদ নগর ভাগাড়ে জমা আবর্জনা স্তূপ আগের থেকে অনেক কমিয়ে আনা গিয়েছে। আমাদের কিছুটা সময় এবং অবকাশ দিতে হবে। যাঁরা প্রকৃতিপ্রেমী তাঁরা সমস্যা না-তুলে ধরে সমাধান তুলে ধরুন। আমি যতদিন এসেছি ততদিন কাজ করার চেষ্টা করছি।"

FIRHAD HAKIM
ভাগাড়ে জমা হয়েছে জঞ্জাল (নিজস্ব ছবি)

উল্লেখ্য, অতীতে ধাপা দূষণ নিয়েও জাতীয় পরিবেশ আদালতের শাস্তির মুখে পড়তে হয়েছে কলকাতাকে। আদালতের নির্দেশ মেনেই দূষণ নিয়ন্ত্রণে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ সময় নিয়ে হলেও ধীরে ধীরে সেসব বাস্তবায়িত করছে পুর প্রশাসন।

Last Updated : June 15, 2025 at 4:15 PM IST