চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা ! শ্রীঘরে ভুয়ো পুলিশকর্মী
চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল ভুয়ো পুলিশকর্মীকে ৷ তাঁকে চার দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত ৷

Published : April 13, 2025 at 5:27 PM IST
স্বরূপনগর, 13 এপ্রিল: চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ । লক্ষ লক্ষ টাকা হাতিয়ে শ্রীঘরে যেতে হল ভুয়ো পুলিশ আধিকারিককে । ধৃতের নাম সাবির শেখ ।
ভুয়ো পুলিশ আধিকারিকের পরিচয় দিয়ে সাবির স্বরূপনগরের চারঘাট এলাকার বেশ কয়েকজন বেকার যুবক-যুবতীর কাছ থেকে কয়েক লক্ষ টাকা তুলেছিলেন বলে অভিযোগ । কিন্তু, চাকরি জোটেনি প্রতারিতদের কারওরই । টাকাও ফেরত পাননি । এর পরেই প্রতারক সাবিরকে হাতেনাতে ধরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে । অভিযোগ পেয়ে তাঁকে গ্রেফতার করে স্বরূপনগর থানা । রবিবার ধৃত সারিরকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সাবিরের বাড়ি উত্তর 24 পরগনার বনগাঁর পাইকপাড়া এলাকায় । মাস ছ'য়েক আগে স্বরূপনগরের চারঘাট এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন তিনি । এলাকায় সাবির নিজেকে পুলিশ অফিসার হিসেবে পরিচয় দিতেন । তাঁর চালচলন এবং হাবভাব দেখে প্রতিবেশীরাও ভেবেছিলেন, হয়তো তিনি পুলিশের কোনও 'বড় কর্তা।' কিন্তু, সেই ভাবনা যে ভুল ছিল, তা বুঝতে পারেন পুলিশের হাতে সাবির গ্রেফতার হতেই !
জানা যায়, যাকে এতদিন এলাকার লোকজন পুলিশ অফিসার ভেবেছিলেন, আদতে তিনি পুলিশই নন ! ভুয়ো পুলিশ পরিচয় দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার নামে বেশ কয়েকজন বেকার যুবক-যুবতীর কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে । কিন্তু চাকরি আর দিতে পারেননি । শেষ পর্যন্ত আর্থিক প্রতারণার অভিযোগে শ্রীঘরে যেতে হল ওই প্রতারককে ।
জানা গিয়েছে, যাঁদের কাছ থেকে টাকা নিয়েছেন সাবির, তাঁদের মধ্যে একজন স্বরূপনগরের তেঁতুলিয়া কলেজের ছাত্র নেতা । মূলত তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে । পরে অবশ্য বেশ কয়েকজন প্রতারিত যুবক সাবিরের বিরুদ্ধে থানায় গিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন ।
এই বিষয়ে স্বরূপনগর থানার ওসি অরিন্দম হালদার বলেন, "ওই ভুয়ো পুলিশ আসলে আদা-রসুনের পাইকারি ব্যবসা করতেন । সেই সূত্রেই স্বরূপনগর এলাকায় যাতায়াত ছিল তাঁর । পুলিশ অফিসার সেজে চার চাকার গাড়ি নিয়ে এলাকায় দিব্যি ঘুরে বেড়াতেন অভিযুক্ত । সেই কারণে সাধারণ মানুষের মধ্যেও কোনও সন্দেহ জাগেনি । বেশ কয়েকজন বেকার যুবকের সঙ্গে পরিচয় করে তাঁদের কাছ থেকে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা তোলেন অভিযুক্ত ব্যক্তি । কিন্তু, চাকরি ও টাকা কিছুই না-পেয়ে অবশেষে শনিবার অভিযুক্তের ভাড়া বাড়িতে গিয়ে তাঁকে ঘিরে ধরেন প্রতারিতদের একাংশ ।খবর পেয়ে সেখান থেকে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় । পরে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ।"
এদিকে, ঘটনার পিছনে বড় কোনও জালিয়াতি চক্রের যোগ রয়েছে কি না, তা ধৃতকে জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ।

