প্রাক্তন বিধায়ক ও স্বামীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, মেয়রের কাছে চিঠি কাউন্সিলরের
জোড়াসাঁকো কেন্দ্রের প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি ও তাঁর স্বামী সঞ্জয় বক্সির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ জানিয়ে মেয়র ফিরহাদ হাকিমের কাছে জমা পড়ল চিঠি ৷

Published : June 7, 2025 at 8:09 PM IST
কলকাতা, 7 জুন: জোড়াসাঁকো কেন্দ্রের প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি ও তাঁর স্বামী সঞ্জয় বক্সির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ! নালিশ জানিয়ে মেয়র ফিরহাদ হাকিমকে চিঠি দিলেন অভিযোগকারী ৷ পাশাপাশি, অভিযোগকারীর কথা উল্লেখ করে মেয়রকে পৃথক চিঠি লিখলেন শাসক দলের কাউন্সিলর রাজেশ সিংও ৷ জানা গিয়েছে, সোমবার মেয়রের টেবিলে পৌঁছবে চিঠি দুটি ৷
অভিযোগকারী সীমা সিংয়ের দাবি, সম্প্রতি বাড়ি মেরামতের সিদ্ধান্ত নেন তিনি ৷ মাসখানেক আগে সুশান্ত দত্ত নামে এক ব্যক্তি তাঁর কাছে এসে জানান, সঞ্জয় বক্সি কথা বলতে চান ৷ কিন্তু, তিনি সেই কথা মানেননি ৷ অভিযোগকারীর দাবি, এরপর সুশান্ত ও সঞ্জয় বক্সি তাঁর কাছে গিয়ে 30 হাজার টাকা দাবি করেন ৷ টাকা না-দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ মহিলার ৷ সেই সঙ্গে, মেরামতের কাজের জন্য শ্রমিকের যোগান তাঁরা দেবে এবং তাঁদের থেকেই বালি-ইট-সিমেন্ট-পাথর কিনতে হবে বলেও জোড় দেওয়া হয় বলে জানান সীমা সিং ৷

মহিলার অভিযোগ, তিনি তাঁদের দাবি মানবেন কেন এই প্রশ্ন করায় দু'জনেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন ৷ চিঠিতে সীমা সিংয়ের দাবি, হুমকি পাওয়ার পর থেকেই ভয়ে রয়েছেন ৷ অভিযোগকারীর কথা উল্লেখ করে মেয়রকে চিঠি লেখেন স্থানীয় কাউন্সিলর রাজেশ সিং ৷ প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সী ও সঞ্জয় বক্সির নাম উল্লেখ করে চিঠিতে অভিযোগ জানান কাউন্সিলর ।

চিঠিতে কাউন্সিলর লেখেন, তাঁর ওয়ার্ডের বাসিন্দা সীমা সিং বাড়ি মেরামত করবে বলে ঠিক করেন ৷ এরপর প্রাক্তন বিধায়ক ও কাউন্সিলর স্মিতা বক্সি ও সঞ্জয় বক্সির তরফে সরাসরি তোলাবাজি টাকা চাওয়া হয় এবং হুমকি দেওয়া হয় তাঁকে । পাশাপাশি, মেরামতির সামগ্রী এমনকী শ্রমিকও তাঁর থেকে নেওয়ার জন্য চাপ দেওয়া হয় ।
মেয়রকে চিঠি দেওয়ার পাশাপাশি গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেছেন সীমা সিং ৷ সেই ঘটনাও কাউন্সিলর উল্লেখ করেছেন তাঁর চিঠিতে । ডিজি বিল্ডিংয়ের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে কাউন্সিলর রাজেশ সিং জানান, স্মিতা বক্সী ও সঞ্জয় বক্সী ডিজিকে ফোন করে অভিযোগ করেন অবৈধ নির্মাণের ৷ কিন্তু, ইঞ্জিনিয়ররা পরিদর্শনে গিয়ে তেমনটা পাননি । তবে, মৌখিকভাবে অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ নিয়েছিলেন । এই বিষয়ে মেয়রের হস্তক্ষেপ চেয়ে অনুরোধ জানান কাউন্সিলর । যদিও, এই বিষয়ে মেয়র থেকে শুরু করে অভিযোগকারী কোনও পক্ষই প্রকাশ্যে মুখ খুলতে চাননি ।

