ETV Bharat / state

প্রসূতি অসুস্থতায় 'ভুল ইনজেকশন' তত্ত্ব খতিয়ে দেখতে বর্ধমান মেডিক্যালে তদন্ত কমিটি

পশ্চিম মেদিনীপুরে মেয়াদোত্তীর্ণ স্যালাইনের পর প্রসূতিদের ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ বর্ধমান মেডিক্যাল কলেজে ৷ ঘটনা খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটি ৷

Burdwan Medical College and Hospital
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 4, 2025 at 10:59 PM IST

2 Min Read
Choose ETV Bharat

বর্ধমান, 4 মার্চ: ইনজেকশন দেওয়ার পরেই একাধিক প্রসূতি অসুস্থ হয়ে পড়ার অভিযোগ উঠেছিল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে । রোগীর পরিবারের অভিযোগ ছিল, ভুল ইনজেকশন দেওয়ার কারণে এই ঘটনা । খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়ায় । এই 'ভুল ইনজেকশন' বিষয়টি খতিয়ে দেখতে মঙ্গলবার তড়িঘড়ি তদন্ত কমিটি গঠন করল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ।

হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি বেশ কয়েকজন রোগীকে সোমবার সন্ধে নাগাদ বেশ কয়েকজনকে তিনটে করে ইনজেকশন দেওয়া হয় । অভিযোগ ইনজেকশন দেওয়ার পরই একাধিক প্রসূতি অসুস্থ হতে শুরু করেন । শ্বাসকষ্ট, বুক ধড়ফড় ও কাঁপুনি শুরু হয় তাঁদের । প্রায় 12-15 জন প্রসূতি অসুস্থ হওয়ার খবর পেতেই ছুটে আসেন চিকিৎসকরা ।

প্রসূতির বাড়ির লোকেদের অভিযোগ, সিজার হওয়ার কারণে প্রসূতিরা এমনিতেই দু-একদিন খালি পেটে আছেন । এই অবস্থায় তাদের শরীরে তিনটে পরপর ইনজেকশন দেওয়া হয় । এরপরই জ্বর আসে । শুরু হয় প্রচন্ড কাঁপুনি । হাসপাতালে খবর নিতে গেলে সিকিউরিটি তাঁদের বের করে দেয় বলে অভিযোগ ।

এদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা । ইনজেকশন দেওয়ার পরে কী ধরনের সমস্যা দেখা দিয়েছিল সমস্ত কিছু খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হয় । ওই নির্দিষ্ট ব্যাচ নম্বরের ইনজেকশন দেওয়ার কাজ বন্ধ রাখা হয় ।

এক রোগীর আত্মীয় শেখ রহমাতুল্লাহ জানান, তাঁর স্ত্রী বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি রয়েছেন ৷ তাঁর সিজার হয়েছে । সোমবার বিকেল পর্যন্ত সুস্থই ছিল । হঠাৎ সন্ধের পরে জানতে পারেন তিনটে ইনজেকশন দেওয়ার পরে তাঁর স্ত্রীর খুব খিঁচুনি হচ্ছে ৷ সেই সঙ্গে অতিরিক্ত জ্বর এসেছে । পরে জানতে পারেন কোনও ভুল ইনজেকশন দেওয়ার জন্য এই অবস্থা । এরকম প্রায় 12 থেকে 15 জনের একই ধরনের অবস্থা হয় ।

রোগীর আত্মীয় সুবল দাস বলেন, "স্ত্রী ডেলিভারি ওয়ার্ডে ভরতি আছে । কিছুক্ষণ আগে কথাও বলি । তারপর হঠাৎ খবর পাই কাঁপুনির সঙ্গে খিঁচুনি হচ্ছে ওর । যা শুনেছি একসঙ্গে তিনটে ইনজেকশন দেওয়া হয় । তার জন্য রোগীদের খিঁচুনি শুরু হয় । ডেলিভারি ওয়ার্ডে ভরতি থাকা প্রায় দশ পনেরো জনের এই অবস্থা হয় । ভুল ইনজেকশন দেওয়ার জন্য এই গন্ডগোল হতে পারে ।"

এই বিষয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডাঃ মৌসুমী বন্দ্যোপাধ্যায় বলেন,"ইনজেকশন দেওয়ার পরে রোগীদের কিছু সমস্যা দেখা দিয়েছিল । তবে সকলেই সুস্থ আছেন । চিন্তার কিছু নেই । কী থেকে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে ।"