এসএসসি অফিসের সামনে চলছে অবস্থান, বিকাশ ভবনে চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে চাকরিহারা শিক্ষকরা
তিনদফা দাবিকে সামনে রেখেই এদিন এসএসসি অফিস অভিযান করে 'যোগ্য' শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ ৷ তারপর তাদের প্রতিনিধিরা যান এসএসসি চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিতে ৷

Published : June 12, 2025 at 6:27 PM IST
বিধাননগর, 12 জুন: একদিকে এসএসসি ভবনের সামনে অবস্থান চলছে 'যোগ্য' চাকরিহারা শিক্ষকদের ৷ অন্যদিকে বিকাশ ভবনে তাঁদের 12 জনের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসছেন সিদ্ধার্থ মজুমদার ৷ সেখানে 'যোগ্য' শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে ডেপুটেশন জমা দেওয়া হবে এবং তাঁদের দাবিগুলি তুলে ধরা হবে ৷
বৃহস্পতিবার এসএসসি দফতরে আসেসনি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ৷ তবে চাকরিহারা 'যোগ্য' শিক্ষকদের কাছে তিনি বার্তা পাঠিয়েছেন পুলিশের মাধ্যমে ৷ তিনি জানিয়েছেন, দরকারে তিনি তাঁদের সঙ্গে আলোচনায় বসতে রাজি ৷ কিন্তু জমায়েত থাকলে আলোচনা হবে না ৷ জমায়েত সরিয়ে নিয়ে আটজনের প্রতিনিধির সঙ্গে আলোচনা বসবেন তিনি ৷ এরপরেই যোগ্য চাকিরিহারা শিক্ষকরা এই কথায় রাজি হন এবং এসএসসির চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় বসতে 12 জনের প্রতিনিধি দল যায় বিকাশ ভবনে ৷
কিন্তু এইবারের আলোচনায় 'যোগ্য' শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের প্রধান মুখদের দেখা যাবে না । যার কারণ হিসাবে আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল বলেন, "কেউ ভাবতে পারেন প্রলোভন বা তুষ্ট করার জায়গা তৈরি হচ্ছে হয়তো । তাই সেই দিক থেকে বিবেচনা করেই আমরা প্রথম সারিতে যাঁরা ছিলাম তাঁরা আজ যাব না । আমাদের অন্যরা যাবেন চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বলতে । আমাদের প্রধান লক্ষ্য হল দাবিগুলো পূরণ হওয়া ।"
মূলত এদিন আবারও এসএসসি অফিস অভিযান করেন 'যোগ্য' শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা । বৃহস্পতিবার তিন দফা দাবিকে সামনে রেখে এসএসসি অফিস অভিযান করেন তাঁরা । এদিন করুণাময়ী থেকে দুপুর 1টা নাগাদ মিছিল করে তাঁরা আসেন আচার্য সদন অর্থাৎ এসএসসি অফিসের সামনে । সেখানে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ । তবে মিছিল করে এসে এসএসসি অফিসের সামনেই অবস্থানে বসে পড়েন যোগ্য শিক্ষকেরা । তার জেরে আপাতত এসএসসি অফিস থেকে করুণাময়ীগামী প্রধান রাস্তা আপাতত বন্ধ ।

'যোগ্য' শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে এদিন তিন দফা দাবি তুলে ধরা হয়েছে । সেই দাবিগুলো হল, নতুনদের জন্য স্বচ্ছভাবে শূন্যপদে নিয়োগ হোক । একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আইনি প্রক্রিয়া শেষ হবে, তার আগে যেন কোনও ভাবেই এই পরীক্ষার আবেদন শুরু করা না হয় । এর পাশাপশি যাঁরা 'যোগ্য' শিক্ষক এবং শিক্ষাকর্মী তাঁদের শংসাপত্র ও ওএমআরের মিরর ইমেজ প্রকাশ্যে আনা হোক । তাহলে কোর্টের কাছে পরিষ্কার হবে এরা 'যোগ্য' হয়ে স্কুলে ফিরতে পেরেছে ।
এই প্রসঙ্গে 'যোগ্য' শিক্ষক অধিকার মঞ্চের অন্যতম আহ্বায়ক চিন্ময় মণ্ডল বলেন, "নতুন পরীক্ষা কেন দেব ? যাঁরা এতদিন যোগ্য হয়ে চাকরি করে এসেছেন, তাঁদের এখানে কী দোষ । তাঁদের ওই একই যোগ্যতা পরিমাপের জন্য আবার পরীক্ষা দিতে হবে, এটা মানা যাবে না ।"

