অসুস্থ হয়ে পড়লেন চিন্ময়-সহ 5 অনশনকারী, ভর্তি হাসপাতালে
চিন্ময় মণ্ডল-সহ ও আরও তিনজন অনশনকারী অসুস্থ হয়ে পড়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হল ৷ আগেই আরও একজন ভর্তি হয়েছিলেন ৷

Published : June 15, 2025 at 7:16 PM IST
কলকাতা, 15 জুন: এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন চাকরিহারা 'যোগ্য' শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল । অনশন আন্দোলনে শামিল হওয়া চিন্ময়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ তাঁকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । তাঁর পাশাপাশি আরও তিনজন অনশনকারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন । সুকুমার সরেন এবং অচিন্ত্যকুমারকে ভর্তি করা হয়েছে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । এর কিছুক্ষণের মধ্যেই বিকাশ রায় নামে আরও এক অনশনকারী অসুস্থ হয়ে পড়লে তাঁকেও আরজি করে ভর্তি করা হয় ৷
চিন্ময় ও বাকিরা বৃহস্পতিবার রাত একটা থেকে অনশন আন্দোলনে শামিল হয়েছিলেন । রবিবার বিকালে অনশন মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন তাঁরা । বিকালে অনশন মঞ্চে মেডিক্যাল সার্ভিস সেন্টারের তরফে চিকিৎসকরা গিয়েই তাঁদেরকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন । যদিও সেই সময় তাঁরা হাসপাতালে ভর্তি হতে চাননি । এর কিছুক্ষণের মধ্যেই তাঁদের শারীরিক অবস্থা অত্যন্ত ক্রিটিকাল হয়ে যায় বলে জানা গিয়েছে । এরপরই তাঁদের হাসপাতালে ভর্তি করা হয় ৷ অর্থাৎ রবিবার মোট পাঁচজন অনশনকারীকে হাসপাতালে ভর্তি করা হল ।

অনশন মঞ্চে এসে মেডিক্যাল সার্ভিস সেন্টারের চিকিৎসক সৌমদীপ রায় বলেন, "অনশন করার জন্য এটা স্বাস্থ্যকর জায়গা নয় । ইতিমধ্যেই একজন হাসপাতালে ভর্তি হয়েছেন । তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ভর্তি করা হয়েছে । বর্তমানে চিন্ময় মণ্ডলের শারীরিক অবস্থা একেবারেই ভালো নেই । তিনি চোখে অন্ধকার দেখছেন । তাঁর রক্তে শর্করার মাত্রা অনেকটাই কমে গিয়েছে । তাঁর মূত্রে কিটোন বডি বিরাট পরিমাণে বেড়েছে । তাঁর ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন । এর পাশাপাশি সুকুমার সরেনেরও এপিগ্যাস্ট্রিক ব্যথা শুরু হয়েছে । আর অচিন্ত্য দাসের খারাপ মল হচ্ছে ৷ তাঁর হাতে খিচুনি হচ্ছে । আমরা এই দু'জনকেও হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছি । এর পাশাপাশি মিতা সরকারের শরীরে সুগারের পরিমাণ অত্যন্ত কম ।" একথা বলার কিছু পরেই তাঁদের ভর্তি করা হয় হাসপাতালে ৷

অন্যদিকে, সোমবার বিকেল পাঁচটা থেকে এসএসসি পরীক্ষার জন্য ফর্ম ফিলাপের আবেদন প্রক্রিয়া শুরু হবে । কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তাঁরা সেই পরীক্ষায় অংশ নেবেন না ।
আন্দোলনকারী মেহেবুব মণ্ডল বলেন, "কাল থেকে পরীক্ষার আবেদনের প্রক্রিয়া শুরু হচ্ছে । কিন্তু আমাদের কেউ সেখানে আবেদন করবে না । এটা আমাদের দৃঢ়প্রতিজ্ঞা । 15,403 জন শিক্ষক-শিক্ষিকা সম্পূর্ণ নির্দোষ, নিরপরাধ । আমরা তাঁদেরকেও বার্তা পাঠাব কেউ যাতে পরীক্ষার ফর্ম ফিলামে অংশগ্রহণ না করেন । দাবি পূরণ না-হওয়া পর্যন্ত আমাদের এই অনশন আন্দোলন চলবে । যে গেজেট তৈরি করা হয়েছে সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তৈরি হওয়া একটি গেজেট । তাই সেই গেজেটের ভিত্তিতে আমরা পরীক্ষা দেব না এবং ফর্ম ফিলাপ করব না । অনশনকারীদের যদি কিছু হয়, তার পুরো দায় থাকবে সরকারের উপর ।"
আগামিকাল, অর্থাৎ সোমবার তাঁদের তরফে শিক্ষামন্ত্রীকে একটি চিঠি এবং ইমেল করা হবে । সেবিষয়ে মেহেবুব বলেন, "শিক্ষামন্ত্রী ঘোষণা করে দিয়েছেন, সবাইকে পরীক্ষা দিতে হবে । কিন্তু আমরা যোগ্যতার নিরিখে পরীক্ষা দিয়ে এতদিন চাকরি করেছি । যাঁদেরকে তাঁরা অবৈধভাবে চাকরি দিয়েছেন, তাঁদের পরীক্ষা আবার নেওয়া হোক গোপন কোনও কক্ষে । আমরা দেখতে চাই কীভাবে তাঁরা রিভিউ পিটিশনে জয় নিয়ে আসেন । তাঁদের সূত্র বের করতে হবে, কী করে আমাদের চাকরিটা আমাদের ফেরত দেওয়া যায় । রিভিউ রেজাল্ট না-দেখে পরীক্ষা নিলে সব থেকে বেশি লাভ হবে সরকারের । কারণ তাদের টাকা উঠে আসবে । সরকার চাইছে নিজেরা কলঙ্কমুক্ত হতে, সেই জন্যই তাড়াতাড়ি পরীক্ষা নিতে চাইছে ।"

