ETV Bharat / state

বৃষ্টির মধ্যেও অনশন-আন্দোলন, অসুস্থ হয়ে হাসপাতালে 'যোগ্য' চাকরিহারা শিক্ষক

অসুস্থ শিক্ষককে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে ভর্তি করা হয়েছে ৷ তাঁর শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখছেন চিকিৎসকরা ৷

jobless teachers hunger strike
অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন এক 'যোগ্য' চাকরিহারা শিক্ষক (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 15, 2025 at 4:52 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 15 জুন: অনশনের তৃতীয় দিন ৷ রবিবার দুপুরে অসুস্থ হয়ে পড়লেন অনশনকারী 'যোগ্য' চাকরিহারা শিক্ষক । তাঁর নাম বলরাম বিশ্বাস ৷ দীর্ঘ 60 ঘণ্টা ধরে অনশন চালিয়েছেন ৷ তারপর এদিন তিনি অসুস্থ হয়ে পড়েন বিকাশ ভবনের বিপরীতে সেন্ট্রাল পার্ক লাগোয়া 'যোগ্য' শিক্ষকদের অধিকার মঞ্চে । ইতিমধ্যেই তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । বলরাম খোঁপালাসি হিন্দি হাই স্কুলের শিক্ষক ।

মূলত বিকাশ ভবনের বিপরীতে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তৈরি করা হয়েছে 'যোগ্য' চাকরিহারা শিক্ষকদের আন্দোলন মঞ্চ । কিন্তু সকাল থেকেই বৃষ্টির জেরে সেই মঞ্চের উপর ত্রিপলের ফাঁক দিয়ে জল ভিতরে ঢুকছে । তবে সেই অবস্থার মধ্যেও নিজেদের অনশন আন্দোলন জারি রেখেছেন 'যোগ্য' চাকরিহারা শিক্ষকরা । বিভিন্ন চিকিৎসকরা এসে তাঁদের শারীরিক অবস্থা দেখে যাচ্ছেন । মেডিকেল সার্ভিস সেন্টারের তরফে শনিবার থেকেই তাঁদের শারীরিক অবস্থার খোঁজ খবর রাখা হচ্ছে ।

রবিবারেও একজন নার্স এবং চিকিৎসক তাঁদের মঞ্চে পৌঁছেছেন । তিনি বলেন, "চিন্ময়ের শরীরে গ্লুকোজের পরিমাণ অনেকটাই কমেছে । শরীর বেশ খারাপ । এছাড়াও সকলের রক্তচাপের পরিমাণ কমেছে । কারও কারও শরীরে সোডিয়াম পটাশিয়াম কমেছে ।"

প্রসঙ্গত, তিনদিন হল পাঁচ দফা দাবিকে সামনে রেখে অনশন আন্দোলন শুরু করেছেন 'যোগ্য' চাকরিহারা শিক্ষকরা । তাঁদের দাবিগুলো হল-

  • শিক্ষক-শিক্ষিকারদের ওএমআর শিটের মিরর ইমেজ এবং শংসাপত্র প্রকাশ ৷
  • অযোগ্যদের পৃথক তালিকা প্রকাশ ৷
  • আদালতের পর্যবেক্ষণ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে আইনি প্রক্রিয়া শেষ করা ৷
  • তার আগে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু না-করা ৷
  • মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসা ।

প্রথম তিন দফা দাবি নিয়ে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারেরর সঙ্গে বৈঠকও করেছিলেন চাকরিহারা 'যোগ্য' শিক্ষকদের 12 জন প্রতিনিধি । কিন্তু সেখান থেকে কোনওরকম সদুত্তর না আসায় অনশন আন্দোলনের পথ বেছে নেন তাঁরা । যদিও এর মাঝে বিধানসভায় গিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেছেন 'যোগ্য' চাকরিহারা শিক্ষকরা ।