বাগডোগরার জঙ্গলে দুই হাতির মধ্যে ধুন্ধুমার লড়াই, মৃত্যু এক পূর্ণবয়স্কের
জঙ্গলে একটি মাকনা হাতি এবং আরেকটি দাঁতাল হাতির মধ্যে লড়াই বাধে ৷ তাতে মৃত্যু হয়েছে মাকনা হাতিটির ৷

Published : March 9, 2025 at 5:24 PM IST
দার্জিলিং, 9 মার্চ: গভীর জঙ্গলে দুই হাতির মধ্যে তুমুল লড়াই ৷ তার জেরে মৃত্যু পূর্ণবয়স্ক হাতির ৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷ রবিবার দুপুরে কার্শিয়াং বনবিভাগের অধীন বাগডোগরার টিপুখোলার জঙ্গলে ওই হাতির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় ৷
বন দফতর সূত্রে জানা গিয়েছে, টিপুখোলার জঙ্গলে উদ্ধার হয়েছে 30 বছরের ওই মাকনা হাতির দেহ ৷ এক দাঁতাল হাতির সঙ্গে লড়াইয়ে মাকনা হাতির মৃত্যু হয়েছে ৷ বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, ওই দুই হাতির মধ্যে এলাকা দখল নিয়ে লড়াই হয়ে থাকতে পারে ৷ তবে দাঁতাল হাতিটির সঙ্গে কোনওভাবেই পেরে ওঠেনি ওই মাকনা হাতিটি ৷ দাঁতাল হাতির দাঁতের আঘাতেই মাকনা হাতিটি ক্ষতবিক্ষত হয়েছে ৷

এদিন সকালে ওই হাতিটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন বাগডোগরা রেঞ্জের বন কর্মীরা ৷ এরপরই খবর দেওয়া হয় এলিফ্যান্ট স্কোয়াডকে ৷ ঘটনাস্থলে এলিফ্যান্ট স্কোয়াডের সদস্যদের পাশাপাশি পশু চিকিৎসকরাও পৌঁছন ৷ পশু চিকিৎসকরা পৌঁছে হাতিটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন ৷ এরপর হাতিটির দেহের শেষকৃত্যের প্রক্রিয়া শুরু করা হয় ৷ ইতিমধ্যে ওই বিষয়ে রাজ্য বন দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের জানানো হয়েছে ৷
এই বিষয়ে কার্শিয়াং বন বিভাগের ডিএফও দেবেশ পাণ্ডে বলেন, "দুটো হাতির মধ্যে জঙ্গলে লড়াই হয়েছে ৷ তাতে একটি পুরুষ দাঁতাল হাতির আক্রমণে ওই মাকনা হাতির মৃত্যু হয়েছে ৷ সবকিছু খতিয়ে দেখা হচ্ছে ৷ পাশাপাশি ওই দাঁতাল হাতিটির উপরেও নজর রাখা হচ্ছে ৷ আশেপাশের এলাকায় বনকর্মীরা নজরদারি চালাচ্ছেন ৷ তবে জঙ্গলে এই ধরনের ঘটনা ঘটে থাকে ৷ এই ধরনের লড়াই অনেক সময় এলাকা দখল অথবা সঙ্গীর জন্য হয়ে থাকে ৷"

