রাজ্যে ভুয়ো ভোটার রুখতে হবে SIR , হাইকোর্টে হলফনামায় জানাল নির্বাচন কমিশন
সাসপেন্ড হওয়া নির্বাচনী আধিকারিক অরুণ গড়াইয়ের মামলায় আদালতে হলফনামা জমা দিয়েছে নির্বাচন কমিশন ৷ সেখানে সাফ জানানো হয়েছে, রাজ্যে ভোটার তালিকায় বিশেষ সংশোধন হবে ৷

Published : September 10, 2025 at 9:03 PM IST
কলকাতা, 10 সেপ্টেম্বর: রাজ্যে ভুয়ো ভোটার রুখবে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর (SIR) ৷ দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে জাল জন্ম-মৃত্যুর সংশাপত্রের ভিত্তিতে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি সংক্রান্ত একটি মামলায় এদিন আদালতে হলফনামা জমা দিয়ে এ কথা জানিয়েছে নির্বাচন কমিশন ৷ হলফানামায় রাজ্যে এসআইআর করার কথাও জানায় দেশে ভোট পরিচালনের নিয়ামক সংস্থা ৷ এদিন দুই জেলার বারুইপুর পূর্ব (137) ও ময়না (206) বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা তৈরির কাজে গাফিলতি নিয়ে মামলার শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চে ৷ এই শুনানিতে এসআইআরের বিষয় উত্থাপনকে মামলার সঙ্গে প্রাসঙ্গিক নয় বলে উল্লেখ করেন বিচারপতি ৷
মামলার সূত্রপাত
গত 17 মে অসৎ উপায়ে ভুয়ো ভোটারদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগে সাসপেন্ড করা হয় কাকদ্বীপের অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইকে ৷ মহকুমা শাসকের তদন্তের রিপোর্টের ভিত্তিতে তাঁকে সাসপেন্ড করা হয় ৷ তিনি নিজের দোষ স্বীকার করে নেন ৷
তাঁর বিরুদ্ধে অভিযোগ, কাকদ্বীপের যুগ্ম বিডিও তথা সহকারি ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের সিস্টেমে অবৈধভাবে লগ-ইন করে যোগ্য ভোটারের নাম বাদ দিয়ে দিয়েছিলেন ৷ পাশাপাশি অযোগ্য বা ভুয়ো ভোটারদের নাম সেই জায়গায় তুলেছেন ৷ অভিযুক্ত অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার পাল্টা অভিযোগ করেন, ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির নেপথ্যে একটি বড় চক্র কাজ করছে ৷ অগস্ট মাসে তিনি এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ৷
এর আগে এই মামলার শুনানি হয় 20 অগস্ট ৷ ওইদিন বিচারপতি অমৃতা সিনহা নির্বাচন কমিশনকে নির্দেশ দেন, ভোটার তালিকায় ভুয়ো ভোটারদের নাম তোলার ঘটনায় কমিশন কী পদক্ষেপ করেছে, সেই রিপোর্ট 10 সেপ্টেম্বর আদালতে পেশ করতে হবে ৷ বিচারপতির নির্দেশ মেনে এদিন রিপোর্ট পেশ করে কমিশন ৷ এর সঙ্গে সাসপেন্ড হওয়া আধিকারিক অরুণ গড়াইয়ের বিরুদ্ধে আপাতত কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলেও জানিয়েছে আদালত ৷ পাশাপাশি তাঁকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে ৷
এদিনের শুনানিতে সওয়াল-জবাব
নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য এদিন আদালতে জানান, নির্বাচন কমিশন শীঘ্রই এ রাজ্যে এসআইআর কার্যকর করবে ৷ তখন বিচারপতি অমৃতা সিনহা বলেন, "এই মামলার সঙ্গে কমিশনের এই বক্তব্য প্রাসঙ্গিক নয় ৷ আদালত এখন এই বিষয়ে ঢুকতে চাইছে না ৷ 4 নভেম্বর ফের মামলাটি শুনানি হবে ৷ আপাতত 11 নভেম্বর পর্যন্ত অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা চলবে না ৷ তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে ৷" এদিন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে জমা দেওয়া হলফনামায় মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া হবে এবং ভোটার তালিকায় শুধু বৈধ ভোটাররা জায়গা পাবেন ৷
সাসপেন্ড হওয়া অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজারের অভিযোগ
অরুণ গড়াই আদালতে অভিযোগ জানিয়েছিলেন, বাংলাদেশ ও পাকিস্তানি নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দিতে ভুয়ো সংশাপত্র দেওয়া হয়েছে ৷ দক্ষিণ 24 পরগনার পাঠানখালি গ্রাম পঞ্চায়েতে অনলাইনে কয়েক হাজার মানুষ ভুয়ো জন্ম ও মৃত্যুর শংসাপত্র পেয়েছে ৷
তাঁর আইনজীবী আদালতে দাবি করেন, পাঠানখালি গ্রাম পঞ্চায়েতে 3 হাজার 558টি জন্মের এবং 558টি মৃত্যুর ভুয়ো ডিজিটাল শংসাপত্র দেওয়া হয়েছে ৷ নির্বাচন কমিশনের আইনজীবী আগের শুনানিতে আদালতে জানিয়েছিলেন, রাজ্যে এসআইআর হলে এই সমস্ত অভিযোগগুলি খতিয়ে দেখা হবে ৷ এই প্রক্রিয়ার জন্য ইতিমধ্যে রাজনৈতিক দলগুলির থেকে বুথ স্তরের এজেন্ট (বিএলএ)-এর নাম চাওয়া হয়েছে ৷ কমিশনের তরফে অরুণ গড়াইয়ের বিরুদ্ধে অভিযোগ করা হয়, তিনি একজন আধিকারিকের কম্পিউটারের লগ-ইন আইডি পরিবর্তন করার চেষ্টা করেছিলেন ৷ তাঁর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করেছে কমিশন ৷

