বর্ধমান স্টেশনে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে 4 সদস্যের কমিটি গঠন পূর্ব রেলের
রবিবার সন্ধ্যায় যাত্রীদের হুড়োহুড়িতে পদপিষ্ট হন সাতজন৷ তাঁরা আপাতত হাসপাতালে ভর্তি৷ আহতদের মধ্যে পাঁচজন মহিলা৷ একজনের দু’টো পা ভেঙে গিয়েছে৷

Published : October 13, 2025 at 9:23 PM IST
বর্ধমান, 13 অক্টোবর: বর্ধমান রেল স্টেশনে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে চার সদস্যের কমিটি গঠন করল পূর্ব রেল। সোমবার পূর্ব রেলের আরপিএফের ডিআইজি রফিক আহমেদ আনসারি বর্ধমান স্টেশনে আসেন৷ যে প্ল্যাটফর্মে দুর্ঘটনা ঘটেছিল, সেই জায়গা খতিয়ে দেখেন তিনি। রেল সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনা না-ঘটে সেটা মাথায় রেখে চার সদস্যের ইনস্পেকশন কমিটি গঠন করা হয়েছে৷ ওই কমিটি যে রিপোর্ট দেবে, তার ভিত্তিতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিন পূর্ব রেলের আরপিএফের ডিআইজি রফিক আহমেদ আনসারি বলেন, ‘‘বর্ধমান স্টেশনে যে ফুটওভার ব্রিজ রয়েছে, সেটা খতিয়ে দেখতে আসি। কেন সেখানে দুর্ঘটনা ঘটল, তা সরেজমিনে খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে এখানে যাত্রীদের আরও উন্নত পরিষেবা দেওয়া যায় সেই চিন্তাভাবনা চলছে। এর জন্য পূর্ব রেলের জিএম চার সদস্যের একটা কমিটি গঠন করেছেন, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর দ্বিতীয়বার না ঘটে।’’

উল্লেখ্য, রবিবার সন্ধে নাগাদ বর্ধমান স্টেশনের 4, 6 এবং 7 নম্বর প্ল্যাটফর্মে তিনখানা ট্রেন দাঁড়িয়েছিল। 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল বর্ধমান হাওড়া মেন লাইন লোকাল, 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল রামপুরহাট লোকাল ও 7 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল আসানসোল লোকাল। সেই ট্রেনগুলো ধরার জন্য যাত্রীরা তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে যায়। সেই সময় ঠেলাঠেলিতে পড়ে গিয়ে পদপিষ্টের মতো ঘটনা ঘটে।

খবর ছড়িয়ে পড়তেই স্টেশন চত্বর জুড়ে আতঙ্ক ছড়ায়। রেলের তরফে উদ্ধারকারী দল সাতজনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে পাঁচজন মহিলা ছিলেন। আহতদের মাথায় বুকে আঘাত লাগে। একজনের দুটো পা ভেঙে যায়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হাওড়ার ডিআরএম-সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা।

যাত্রীদের দাবি, বেশিরভাগ সময়েই দেখা যায় প্ল্যাটফর্মে লোকাল ট্রেন ঢোকার পরেই সেই ট্রেন ছাড়ার খবর ঘোষণা করে রেল। ফলে একসঙ্গে বিভিন্ন প্ল্যাটফর্মে তাড়াহুড়ো করে যাওয়ার সময় প্রায় সময়েই এই ধরনের দুর্ঘটনা ঘটার উপক্রম হয়।

এদিকে ঘটনার কারণ অনুসন্ধান-সহ ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে, সেই জন্য কী কী পদক্ষেপ করা যেতে পারে, তা খতিয়ে দেখতে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার চার সদস্যের এক কমিটি গঠন করেন। সোমবার প্ল্যাটফর্মগুলির অবস্থা খতিয়ে দেখতে আসেন আরপিএফের ডিআইজি রফিক আহমেদ আনসারি।

