ETV Bharat / state

এমন নির্লজ্জ মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত, সরব আরজি করের নির্যাতিতার মা-বাবা

দুর্গাপুর গণধর্ষণ-কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, তা তালিবানি ফতোয়ার সামিল বলেই মনে করেন আরজি করের নির্যাতিতার মা-বাবা৷

Durgapur Gang Rape Case
দুর্গাপুর গণধর্ষণ-কাণ্ড নিয়ে সরব আরজি করের নির্যাতিতার মা-বাবা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 13, 2025 at 6:46 PM IST

3 Min Read
Choose ETV Bharat

সোদপুর (উত্তর 24 পরগনা), 13 অক্টোবর: দুর্গাপুরে ওড়িশার ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ-কাণ্ডে মেয়েদের রাতে বাইরে না বেরনোর নিদান দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে রীতিমতো তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। সেই আবহে এবার মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে মুখ খুললেন আরজি করের নিহত চিকিৎসক ছাত্রীর পরিবার। রাজ‍্যের প্রশাসনিক প্রধানের এই মন্তব্য তালিবানি 'ফতোয়া'র সামিল বলেই মনে করছেন আরজি করের নির্যাতিতা ছাত্রীর বাবা।

নির্যাতিতার বাবা বলেন, "উনি (মমতা) একজন নির্লজ্জ মুখ্যমন্ত্রী। মহিলা হয়ে মহিলাদের সম্পর্কে এই ধরনের কথা বলা খুবই দুঃখজনক। পারলে উনি ফতোয়া জারি করে দিন, যাতে মেয়েরা ঘরের বাইরে বেরতে না পারে। তালিবানরা যেমন ফতোয়া জারি করে, উনিও তাদের মতো ফতোয়া জারি করে দিন। তাহলে মেয়েরা ঘরের বাইরে যেতে পারবে না। ঘরেই থাকবে। ঘরেই তারা কাজকর্ম করবে। বাইরে কোনও কাজে অংশ নেবে না। মেয়েদের পড়াশোনা শেখার আর দরকার নেই। বাড়িতেই যা কাজ করার করবে। হয় উনি তালিবানের মতো ফতোয়া জারি করুন। নয়তো মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করুন। ওঁর প্রশাসন চালানোর দক্ষতায় নেই। সেই কারণেই উনি এই সমস্ত আজেবাজে কথা বলছেন।"

এমন নির্লজ্জ মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত, সরব আরজি করের নির্যাতিতার মা-বাবা (ইটিভি ভারত)

এখানেই থেমে থাকেননি আরজি করের নিহত চিকিৎসক তরুণীর বাবা। কার্যত, মুখ্যমন্ত্রীর দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, "হয় উনি ফতোয়া জারি করে বলুন এখন থেকে আর মেয়েদের বাড়ির বাইরে বেরনো যাবে না। নতুবা উনি মুখ্যমন্ত্রীর চেয়ার ছাড়ুন। দু'টোর মধ্যে যেকোনও একটি বিষয়ে বেছে নিতে হবে মুখ্যমন্ত্রীকে।"

এদিকে, রাজ‍্যে নারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন আরজি করের নির্যাতিতা ছাত্রীর বাবা। তাঁর কথায়, "এই রাজ‍্যে নারীদের সুরক্ষা তো নেই। উপরন্তু ওঁর এই মন্তব্যে অপরাধীরা আরও প্রশ্রয় পাবে। অপরাধের ঘটনাও আরও বাড়বে। উনি যে অপরাধীদের প্রশ্রয় দিচ্ছেন তা স্পষ্ট বোঝা যাচ্ছে। পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সবই ওঁর হাতে। ওঁর মতো ওঁর দফতরের অবস্থাও খুব খারাপ। সেই জন‍্যই তো বলছি, হয় উনি মেয়েদের বাড়ির বাইরে বেরনোর ক্ষেত্রে ফতোয়া জারি করুন। নয়তো উনি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানোর দরকার নেই। অনেক লোক আছে। তাঁরাই এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন!"

মহিলা ডাক্তারদের উপর নির্যাতন প্রসঙ্গে আরজি করের নিহত চিকিৎসক ছাত্রীর বাবা বলেন, "ডাক্তাররা সমাজে প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে চিহ্নিত হয়ে থাকেন। যেখানে তাঁদেরই নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা থাকবে কীভাবে? এটা একমাত্র উনিই (মুখ্যমন্ত্রী) বুঝতে পারছেন না। আর সকলেই সেটা বুঝতে পারছেন। তাই বলব, ফতোয়া জারি করে মেয়েদের বাইরে বেরতে নিষেধ করুন। সেটাই সবচেয়ে ভালো হবে। তাহলে এই ধরনের ঘটনাও ঘটবে না।"

অন‍্যদিকে, স্বামীর মতো মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে সরব হয়েছেন আরজি করের নির্যাতিতা ছাত্রীর মা-ও। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, "উনি মূর্খের মতো কথা বলছেন। এখন উনি বলছেন মেয়েরা বাইরে বেরবে কেন! এরপর কোনোদিন শুনব মেয়ে হিসেবে জন্মেছো কেন? ওঁর এই মন্তব্যের জন্য পদত্যাগ করা উচিত।"

রাতে মেয়েরা কেন বেরতে পারবে না, তা নিয়ে প্রশ্ন তুলে আরজি করের নিহত চিকিৎসক ছাত্রীর মা আরও বলেন, "আমরা কি আদিম যুগে বাস করছি! অসুবিধে কোথায়? তাহলে কিসের এত উন্নতি? আদিম যুগে দেখা যেত মেয়েদের ঘরে বসে থাকতে। উনি কি সেই যুগে ফিরে যেতে চাইছেন? মুখ্যমন্ত্রী ধর্ষক ও অপরাধীদের মাথায় হাত দিয়ে রেখেছেন। তারাও বুঝে গিয়েছে অপরাধ করলে এ রাজ‍্যে কোনও সাজা হবে না। বিচার পাবে না নির্যাতিতারা। তাই দুষ্কৃতীদের এত বাড়বাড়ন্ত!"

আরও পড়ুন -

  1. প্রতি ইঞ্চিতে পুলিশ মোতায়েন সম্ভব নয়, মেয়েদেরও সাবধান হতে হবে, বেফাঁস মন্তব্য সৌগতর
  2. রাতে হস্টেলের বাইরে 'না' ! মমতার মন্তব্যে হতাশ হবেন মেয়েরা, তোপ ওড়িশার উপ-মুখমন্ত্রীর
  3. খারাপ সময়ে মহিলাদের পাশে না-থাকলে শাসনের নৈতিক অধিকার নেই মমতার, তোপ বিজেপির
  4. অত রাতে হস্টেলের বাইরে কীভাবে ? দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ কাণ্ডে প্রশ্ন মমতার