'মহিলাদের বাইরে বেরনোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন প্রয়োজন', বিতর্ক বাড়ালেন চিরঞ্জিৎ
সোমবার বিকেলে বারাসতের রবীন্দ্র ভবনে দলীয় উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে হাজির হয়েছিলেন স্থানীয় বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী।

Published : October 13, 2025 at 10:55 PM IST
বারাসত, 13 অক্টোবর: নারী নির্যাতন নিয়ে ফের পুরনো বিতর্ক উস্কে দিলেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। তাঁর মতে"নারীদের বাইরে বেরনোর ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করা উচিত, যার মধ্যে পোশাকও রয়েছে। তবে, মহিলাদের পোশাকের কারণে নারী নির্যাতন বাড়ছে কিনা, সেই বিষয়টি অবশ্য এড়িয়ে গিয়েছেন চিরঞ্জিৎ।
উল্লেখ্য, 2021-এর বিধানসভা নির্বাচনের ঠিক আগে বারাসতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে নারী নির্যাতনের নেপথ্যে মহিলাদের পোশাক-কে দায়ী করে বিতর্ক তৈরি করেছিলেন তৃণমূলের এই তারকা বিধায়ক। সেদিন মহিলাদের উপদেশ দিতে গিয়ে চিরঞ্জিৎ বলেছিলেন, 'ছোট ছোট স্কার্ট পড়ে বাইরে না বেরনোয় ভালো। মহিলাদের ছোট পোশাক থেকে অপরাধ আরও বাড়ে। তাই মহিলাদের উচিত এর থেকে বিরত থাকা। 'সেই বিতর্ক সোমবার আরও উস্কে দিলেন বারাসতের তৃণমূল বিধায়ক ও অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। পোশাক নিয়ে করা সেই মন্তব্যে এখনও অনড় রয়েছেন তিনি। তবে, এদিন আর নতুন করে সেই মন্তব্য খোলসা করতে চাননি চিরঞ্জিৎ।
সোমবার বিকেলে বারাসতের রবীন্দ্র ভবনে দলীয় উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে হাজির হয়েছিলেন স্থানীয় বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন তৃণমূলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তথা দলের চিকিৎসক সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী সহ শাসকদলের অন্যান্য নেতারা। অনুষ্ঠান শেষে এদিন সন্ধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চিরঞ্জিৎ বলেন, "নারী নির্যাতন নিয়ে কোনও সমাধান হয় নাকি!যুগ যুগ ধরে এই ঘটনা ঘটে চলেছে। সবাই চেষ্টা করে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। রাম রাজ্যে এই ধরনের ঘটনা কম ছিল কিনা, তা আমার জানা নেই। কিন্তু, যবে থেকে আমার জ্ঞান হয়েছে তবে থেকেই দেখে আসছি এই ধরনের ঘটনা ঘটে আসছে। আগেও হয়েছে। এখনও হচ্ছে। হয়তো পরেও হবে। কিন্তু, সেটাকে কমানোর উপায় বের করতে হবে। "
এর পরেই দুর্গাপুর গণধর্ষণ-কাণ্ডে মুখ খোলেন তৃণমূলের এই তারকা বিধায়ক। চিরঞ্জিৎের কথায়, "যদি দুটো ছেলে বাইরে খেতে বেরতে তাহলে এই সমস্যা হতনা। নারীদের বাইরে বেরনোর ক্ষেত্রে অনেক সাবধানতার প্রয়োজন। তাঁদের প্রটেকশন আরও বেশি নেওয়া দরকার। "
মহিলাদের চলাফেরার ক্ষেত্রে কোনও ক্রুটি থাকছে কিনা, সেই প্রসঙ্গে চিরঞ্জিৎ বলেন, "সেটা মনে হয়না। মহিলারা বাইরে ঘুরবে না। কাজে যাবেনা। বাইরে বেরবে না। সেটা আবার হয় নাকি!" পক্ষান্তরে মুখ্যমন্ত্রীর মহিলাদের বাইরে না বেরনোর মন্তব্যের উল্টো সুর শোনা গেল তাঁরই দলের বিধায়ক চিরঞ্জিতের গলায়।
এদিকে, সাংসদ নির্বাচিত হওয়ার পরেও বারাসত পুরসভা এলাকা থেকে কাকলি ঘোষ দস্তিদার সেই তুলনায় ভোট পান না বলে অভিযোগ। তা নিয়েও এদিন আক্ষেপের সুর শোনা গিয়েছে স্থানীয় বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তীর কথায়। তিনি বলেন, "সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বারাসত সংসদীয় এলাকায় এত কাজ করেন। তার পরেও কেন বারাসতের 35টি ওয়ার্ড থেকে তিনি ভোট পান না। সেটা নিয়ে অনেকের মতো আমারও প্রশ্ন রয়েছে। অথচ আমি কাজ না করেও ভোট পেয়ে যাচ্ছি, এটা এক মজার ব্যাপার। "
এর পরেই উপস্থিত তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশ্যে চিরঞ্জিৎ বার্তা দিয়ে বলেন, "আপনাদের কাছে অনুরোধ রইল এই বিষয়টি ভেবে দেখবেন। আশা করব, সামনের লোকসভা নির্বাচনে কাকলি ঘোষ দস্তিদারকে উজাড় করে ভোট দেবেন আপনারা। আমার বিধায়ক তহবিলের টাকা সাংসদের তুলনায় কম। তাই হয়তো আমি সেভাবে কাজ করতে পারিনা। কিন্তু, আমি কাউকে ঠকায় না। সেই কারণে সবাই আমাকে ভালোবাসে। সত্যি বলতে আমার এখানে বিধায়ক হওয়া অ্যাক্সিডেন্টাল!আমি এখনও রাজনীতি সেই ভাবে বুঝে উঠতে পারিনি। রাজনীতি খায় না, মাথায় দেয় সেটাও জানি না। এর পিছনেও কারণ রয়েছে। রাজনীতিবিদের থেকেও আমি একজন অভিনেতা। সেটা নিয়েই থাকতে চাই। "
তবে, শুধু চিরঞ্জিৎ একাই নন!বারাসত বিধানসভা কেন্দ্র থেকে ভোট কম পাওয়া নিয়ে সমালোচনার সুর উঠে এসেছে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার থেকে জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর বক্তব্যে।

