ETV Bharat / state

কলকাতায় পূর্ব ভারতে প্রথম ডুয়াল চেম্বার লিডলেস পেসমেকার ইমপ্লান্টে সাফল্য

অ্যাভিয়ার প্রযুক্তিতে এই ডুয়াল চেম্বার লিডলেস পেসমেকার অনেক বেশি নির্ভরযোগ্য ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ কার্ডিয়োলজিস্টের তত্ত্বাবধানে হয়েছে এই অস্ত্রোপচার ৷

PACEMAKER IMPLANTATION
প্রতীকী ছবি ৷ (ইটিভি ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 10, 2025 at 4:27 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 10 অক্টোবর: স্বাস্থ্যক্ষেত্রে ফের একবার নয়া নজির গড়ল শহর কলকাতা ৷ হৃদরোগের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করল আলিপুরের এক বেসরকারি হাসপাতাল ৷ প্রথমবার পূর্ব ভারতে কোনও হাসপাতালে সফলভাবে বসানো হল ডুয়াল চেম্বার (দ্বি-কক্ষ) লিডলেস পেসমেকার ৷ যা হৃদস্পন্দন নিয়ন্ত্রণে বিশ্বের অন্যতম আধুনিক ও উন্নত প্রযুক্তি ৷ যাকে চিকিৎসা শাস্ত্রে 'অ্যাভিয়ার' প্রযুক্তি বলা হয় ৷

কলকাতার বিএম বিড়লা হাসপাতালে এক রোগীর হৃদযন্ত্রে সফলভাবে বসানো হয়েছে এই ডুয়াল চেম্বার লিডলেস পেসমেকার ৷ জটিল এই অস্ত্রোপচারের নেতৃত্বে ছিলেন হাসপাতালের কার্ডিয়োলজি বিভাগের ডিরেক্টর চিকিৎসক অনিল মিশ্র ৷ তাঁর নেতৃত্বে একটি বিশেষ দল এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করে ৷ এই নিয়ে চিকিৎসক অনিল মিশ্র বলেন, "এটি হৃদরোগ চিকিৎসার এক ঐতিহাসিক মুহূর্ত ৷ অ্যাভিয়ার প্রযুক্তি রোগীদের দ্রুত আরোগ্য, নিরাপত্তা এবং স্বচ্ছন্দময় জীবন উপভোগের সুযোগ দেবে ৷"

চিকিৎসকরা জানাচ্ছে, সাধারণ পেসমেকারের মতো বুক চিরে লিড বসানোর প্রয়োজন হয় না এক্ষেত্রে ৷ একটি ভিটামিন ক্যাপসুলের মতো ছোট্ট এই অ্যাভিয়ার লিডলেস পেসমেকারটি সূক্ষ্ম ক্যাথেটারের মাধ্যমে সরাসরি হৃদপিণ্ডের ধমনীতে বসানো হয় ৷ ফলে রোগীর শরীরে কোনও বড় কাটাছেঁড়া করতে হয় না ৷ ফলে সংক্রমণের ঝুঁকিও অনেক কম থাকে ৷

অ্যাভিয়ার প্রযুক্তিতে অস্ত্রোপচারের পর রোগীকে কয়েকদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷ চিকিৎসকরা জানাচ্ছেন, এই ডুয়াল চেম্বার লিডলেস পেসমেকার প্রায় 18 থেকে 20 বছর কার্যকর থাকে ৷ এটি হৃদপিণ্ডের দু’টি কক্ষ - এট্রিয়াম ও ভেন্ট্রিকলের মধ্যে স্বাভাবিক ছন্দ ও সমন্বয় বজায় রাখে ৷ এমনকি সাধারণ পেসমেকারের তুলনায় এটি অনেক বেশি নির্ভরযোগ্য ও আরামদায়ক ৷

অস্ত্রোপচারের পুরো প্রক্রিয়ার সাক্ষী ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসক সাইরাস আদেল হাদাদি ৷ যিনি ওয়াশিংটনের মেডস্টার হার্ট অ্যান্ড ভাস্কুলার ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর ৷ বিশ্বের বিভিন্ন দেশে 500-র বেশি ডুয়াল চেম্বার লিডলেস পেসমেকার স্থাপনের অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷ কলকাতায় এসে তিনি এই প্রযুক্তির প্রয়োগ ও প্রশিক্ষণ নিয়ে ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে গিয়েছিলেন ৷

হাসপাতাল সূত্র জানিয়েছে, খুব শীঘ্রই দেশের বিভিন্ন প্রান্তে কার্ডিয়োলজিস্টদের অ্যাভিয়ার প্রযুক্তি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে ৷ ফলে এই উন্নত প্রযুক্তি আরও বেশি ব্যবহার করা যাবে ৷ কর্তৃপক্ষের আশা, এই সাফল্যের ফলে পূর্ব ভারতের রোগীদের উন্নত চিকিৎসা ও পেসমেকার প্রতিস্থাপনের জন্য দিল্লি, মুম্বই বা বিদেশে যেতে হবে না ৷ এখন কলকাতাতেই মিলবে আন্তর্জাতিক মানের কার্ডিয়াক কেয়ার ৷ ভবিষ্যতে শহরের অন্যান্য কার্ডিয়াক ইউনিটেও এই প্রযুক্তি চালু করা হবে, যাতে আরও বেশি রোগী বিশ্বমানের চিকিৎসার সুবিধা নিতে পারেন ৷