ETV Bharat / state

প্রতীকী কাঁটাতারে দুই বাংলার সম্প্রীতি ও মেলবন্ধনে দোল উৎসব হাওড়ায়

ভারত ও বাংলাদেশের মধ্যের অস্থিরতা সরিয়ে দুই বাংলার ভাষা, সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াস ৷ প্রতীকী কাঁটাতারে দুই বাংলার মৈত্রীর বার্তা ৷

Dol Yatra 2025
প্রতীকী কাঁটাতারে দুই বাংলার সম্প্রীতি ও মেলবন্ধনে দোল উৎসব হাওড়ায় ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 15, 2025 at 8:13 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হাওড়া, 15 মার্চ: দুই বাংলার বন্ধন আরও দৃঢ় করতে অভিনব পন্থা দোলের উৎসবে ৷ হাওড়ার বাকসারায় দোল উৎসবে তুলে ধরা হল দুই বাংলার ভাষা ও সংস্কৃতির মেলবন্ধন ও সম্প্রীতি বার্তা ৷ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার প্রভাব ভারত তথা পশ্চিমবঙ্গেও পড়েছে ৷

দুই দেশের মধ্যে কাঁটাতারের বেড়া রয়েছে ৷ তবুও ভাষা ও সংস্কৃতি দুই বাংলাকে সর্বদাই একসূত্রে গেঁথে রেখেছে যুগের পর যুগ ধরে ৷ সেই বন্ধনকে আরও সুদৃঢ় করতে পশ্চিমবঙ্গের বাকসারায় তুলে ধরা হল প্রতীকী কাঁটাতারের বেড়া ৷ যা কেবলই দুই বাংলার ভৌগোলিক বিভাজনকে চিহ্নিত করে মাত্র ৷ কিন্তু, দুই পারে বসবাসকারী মানুষগুলির চলন ও বলন দেয় ঐক্যের বার্তা ৷

তাই সেই প্রতীকী কাঁটাতারের বেড়ায় ঝোলানো হয় নানা পোস্টার ৷ সেখানে লেখা ছিল, দুই দেশের মৈত্রীর বার্তা ৷ আর মূল অনুষ্ঠান মঞ্চের দুই পাশে শোভা পাচ্ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের ছবি ৷ যা দুই বঙ্গের সাংস্কৃতিক ঐক্যের প্রতীক ৷

প্রতীকী কাঁটাতারে দুই বাংলার সম্প্রীতি ও মেলবন্ধনে দোল উৎসব হাওড়ায় ৷ (ইটিভি ভারত)

দোলের এই উৎসবে অংশ নিয়েছিলেন ছোট থেকে বড় সকলে ৷ রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি ও রবীন্দ্রনৃত্যের মধ্য দিয়ে বসন্ত উৎসবের আনন্দে মেতে ওঠেন বাকসারার মানুষজন ৷ অনুষ্ঠানের একপর্যায়ে প্রতীকী দুই বাংলার মানুষ একে অপরকে আবির মাখিয়ে দেন ৷

Dol Yatra 2025
হাওড়ার বাকসারা দোলযাত্রা ৷ (ইটিভি ভারত)

আয়োজক সংগঠনের প্রধান তথা আইনজীবী দেবাশিস মুখোপাধ্যায় বলেন, "দুই বাংলার মানুষের সম্পর্ক যেন আরও দৃঢ় হয় ৷ ভৌগোলিক বিভাজন থাকলেও, আমরা যেন একে অপরের সুখ-দুঃখে পাশে থাকতে পারি ৷ আমাদের এই বন্ধন যেন চিরকাল অটুট থাকে ৷ আমরা চাই বর্তমান যে পরিস্থিতি, তা কেটে গিয়ে আবারও দুই বাংলার মধ্যে সম্পর্ক স্বাভাবিক হোক ৷ দুই দেশের মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য আবার শুরু হোক ৷ সেই বার্তাটাই আমরা দিলাম ৷"

Dol Yatra 2025
বাকসারায় দোল উৎসবে সঙ্গীত পরিবেশন ৷ (ইটিভি ভারত)