ETV Bharat / state

পর্যটকদের পুজোর উপহার, সিকিমে 'ব্যাটেলফিল্ড ট্যুরিজমে' জুড়ছে ডোকলাম-চো লা

প্রতিরক্ষামন্ত্রক ও সিকিম প্রশাসনের যৌথ আলোচনার পর পর্যটকদের জন্য খোলা হচ্ছে এই দুই উপত্যকা ৷ থাকছে বিধিনিষেধও ৷

BATTLEFIELD TOURISM
'ব্যাটেলফিল্ড ট্যুরিজমে' জুড়ছে ডোকলাম ও চো লা ৷ (ছবি- সিকিম সরকার)
author img

By ETV Bharat Bangla Team

Published : September 9, 2025 at 2:30 PM IST

3 Min Read
Choose ETV Bharat

শিলিগুড়ি, 9 সেপ্টেম্বর: গত দু'বছরে প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত সিকিম। তাই এবার পর্যটনকে হাতিয়ার করে পুজোর মরশুমে ঘুরে দাঁড়াতে মরিয়া প্রতিবেশী রাজ্য ৷ ইতিমধ্যে উত্তর সিকিম খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য ৷ যদিও লাচেনে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকছে ৷ তবে, এবার আরও দুই পর্যটন কেন্দ্র পুজোর আগে খুলতে চলেছে সিকিম প্রশাসন ৷

চলতি বছরের 15 জানুয়ারি রণভূমি পর্যটন বা ব্যাটেলফিল্ড ট্যুরিজমের কথা ঘোষণা করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ আর সেই মতো এবার 27 সেপ্টেম্বর থেকে ভারতীয় পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে ইন্দো-চিন সীমান্ত সংলগ্ন ডোকলাম ও চো লা পর্যটন কেন্দ্র ৷ সোমবার ওই দু’টি যুদ্ধক্ষেত্র পর্যটকদের জন্য খুলে দেওয়ার কথা ঘোষণা করেন সিকিমের পর্যটন দফতরের সচিব সি শুভাকর রাও ৷

Battlefield Tourism
সিকিমের ব্যাটেলফিল্ড ট্যুরিজম নাথু লা ৷ (ছবি- সিকিম সরকার)

তিনি বলেন, "কেন্দ্রীয় সরকারের নির্দেশে ইতিমধ্যে চো লা ও ডোকলামে পরিকাঠামো গড়ে তোলা হয়েছে ৷ আপাতত প্রত্যেকদিন দু’টি জায়গায় 25টি গাড়ি ঢোকার অনুমতি দেওয়া হবে ৷" সিকিমের পর্যটন সচিব সি শুভাকর রাও বলেন, "সিকিমে তিনটে যুদ্ধক্ষেত্র রয়েছে ৷ নাথু লা, চো লা ও ডোকলাম ৷ আমরা ভারতীয় সেনা, বিআরও এবং পুলিশের সঙ্গে আলোচনা করে কেন্দ্রের অনুমোদনে ওই দুই পর্যটন কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছি ৷ এতে পর্যটনে নতুন দিশা আসবে ৷"

Battlefield Tourism
শেরাথাং ওয়ার মেমোরিয়াল ৷ (ছবি- সিকিম সরকার)

সিকিম সরকার সূত্রে খবর, ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস, বর্ডার রোডস অর্গানাইজেশন, সিকিম পুলিশ, শীর্ষ কর্তাদের সঙ্গে রণভূমি পর্যটন নিয়ে বৈঠক করেন সিকিমের মুখ্যসচিব রবীন্দ্র তেলাং, পর্যটন সচিব সি শুভাকর রাও-সহ অন্যান্যরা ৷ ওই বৈঠকেই চো লা ও ডোকলামে পর্যটন চালুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে প্রতিরক্ষামন্ত্রকে ৷

2017 সালে ইন্দো-চিন সীমান্ত সংলগ্ন ডোকলামের অধিকার নিয়ে মুখোমুখি অবস্থানে ভারত ও চিনের সেনা বিবাদে জড়িয়েছিল । গ্যাংটক থেকে প্রায় 68 কিলোমিটার পূর্বে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 13,780 ফুট উচ্চতায় থাকা ডোকলাম ভুটান, চিন ও ভারতের তিন সীমান্তের চুম্বি উপত্যকা ৷ 2017 সালের জুন মাসে চিন ভুটানের দাবি করা এলাকায় রাস্তা নির্মাণ শুরু করলে, ভারতীয় সেনা হস্তক্ষেপ করে ৷ প্রায় দু’মাসেরও বেশি সময় ধরে চলা অচলাবস্থার পর চিন নির্মাণকাজ থামিয়ে দেয় ৷

Battlefield Tourism
সিকিমের ব্যাটেলফিল্ড ট্যুরিজম ৷ (ছবি- সিকিম সরকার)

একইভাবে পর্যটন শুরু হচ্ছে চো লা'তে ৷ ফলে নাথু লা'র পর আরও দুটি 'রণভূমি' হয়ে উঠছে পর্যটনস্থল ৷ 1967 সালে সীমান্তের অধিকার নিয়ে ভারত-চিন সংঘর্ষ হয়েছিল নাথু লা এবং চো লা'য়। কয়েক বছর ধরেই নাথু লা একটি পর্যটনকেন্দ্র হিসেবে বিশ্বের মানচিত্রে জায়গা করে নিয়েছে ৷ নাথু লা আগে থেকেই জনপ্রিয় পর্যটনকেন্দ্র । যা গ্যাংটক থেকে প্রায় 58 কিলোমিটার দূরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 14,140 ফুট উচ্চতায় অবস্থিত ৷ অন্যদিকে, চো লা সমুদ্রপৃষ্ঠ থেকে 17,780 ফুট উচ্চতায় অবস্থিত ৷

জানা গিয়েছে, ডোকলাম ও চো লা’য় সেনার সহযোগিতায় ক্যাফেটেরিয়া, শৌচাগার, পার্কিং ও অন্যান্য সুবিধা তৈরি হচ্ছে পর্যটকদের জন্য ৷ উচ্চতাজনিত কারণে যাতে শারীরিক সমস্যায় না-পড়তে হয় পর্যটকদের, তাই চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে সেনার সাহায্য নেওয়া হবে ৷ তার জন্য সেখানে বেস ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা হয়েছে ৷

এই বিষয়ে ইস্টার্ন হিমালয়া ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সম্পাদক সন্দীপন ঘোষ বলেন, "এটা সত্যিই ভালো খবর যে পুজোর আগে নতুন দু’টি পর্যটন কেন্দ্র নিশ্চিতভাবে পর্যটকদের আকর্ষণ করবে ৷ এইধরনের পর্যটন কেন্দ্রগুলিকে নিয়ে পর্যটকদের বিশেষ কৌতূহল থাকে ৷" হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "এই দুই পর্যটন কেন্দ্র নতুন মাত্রা আনবে উত্তরের পর্যটনে ৷ আমরাও আরও বেশি করে এই নিয়ে প্রচার চালাব ৷"