বক্ষ পিঞ্জরে 110 গ্রামের টিউমার, বিরল অস্ত্রোপচার করে নজির শিলিগুড়ি জেলা হাসপাতালের
বিরল রোগের চিকিৎসা করে তাক লাগিয়ে দিল শিলিগুড়ি জেলা হাসপাতাল ৷ বিরল জেনেটিক রোগ হেরেডিটারি মাল্টিপল এক্সোস্টোসিসে আক্রান্ত 28 বছরের যুবকের সফল অস্ত্রোপচার হল ৷

Published : July 4, 2025 at 12:03 PM IST
শিলিগুড়ি, 4 জুলাই: বক্ষ পিঞ্জরের মাঝে আটকে ছিল টিউমার। বংশগত বিরল জেনেটিক রোগ হেরেডিটারি মাল্টিপল এক্সোস্টোসিসে আক্রান্ত 28 বছরের এক যুবকের সফল অস্ত্রোপচার করে নজির গড়ল শিলিগুড়ি জেলা হাসপাতাল। এর আগে এই ধরণের জটিল অস্ত্রপচার কোনও জেলা হাসপাতালে হয়নি বলে দাবি করেছেন হাসপাতালের সুপার।
সেই অসম্ভবকে সম্ভব করে দেখালেন শিলিগুড়ি জেলা হাসপাতালের চিকিৎসকরা। সুপার চন্দন ঘোষ বলেন, "জেলা হাসপাতালের পরিকাঠামোতে এই ধরনের অস্ত্রোপচার বিরল। আর বক্ষ পিঞ্জরে যেভাবে ওই টিউমারটি ছিল তা সত্যি ঝুঁকিপূর্ণ। হাসপাতালের চিকিৎসকরা সবাই মিলে এই অসাধ্য সাধণ করেছেন।"

অতীতেও রাজ্য স্বাস্থ্য দফতর শিলিগুড়ি জেলা হাসপাতালকে একের পর এক শিরোপা দিয়েছে । চিকিৎসা ব্যবস্থায় সাফল্য থেকে শুরু করে উন্নত চিকিৎসা পরিকাঠামো গড়ে বারবার চমক দিয়েছে হাসপাতাল ৷ এবার বংশগত বিরল জেনেটিক রোগ হেরেডিটারি মাল্টিপল এক্সোস্টোসিসে আক্রান্ত যুবকের প্রাণ ফিরিয়ে দৃষ্টান্ত স্থাপন করে দেখালেন শিলিগুড়ি জেলা হাসপাতালের চিকিৎসকরা ৷
কী এই রোগ ?
চিকিৎসকরা জানাচ্ছেন, হেরেডিটারি মাল্টিপল এক্সোস্টোসিস রোগে শরীরের বিভিন্ন জায়গায় টিউমার হয়। এভাবেই যুবকের বক্ষ পিঞ্জরে বাসা বেঁধেছিল একটি বড় টিউমার। গত তিন বছর ধরে শরীরে ছিল টিউমারটি। ফুসফুসে চাপ পড়ায় ওই যুবকের শ্বাসকষ্ট শুরু হয়। সঙ্গে অসহ্য ব্যাথা। সমস্যা নিয়ে জুন মাসে জেলা হাসপাতালে যান ওই যুবক।
যুবকের পরীক্ষা করার রোগ ধরা পড়ে ৷ বিশদ অনুসন্ধানের পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। তৈরি করা হয় চিকিৎসকদের বিশেষ টিম। তাতে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের সামিল করা হয় ৷ রোগীর শারীরিক পরিস্থিতিও ভালো করে খতিয়ে দেখা হয় ৷ বেশ কয়েকটি পরীক্ষা করেন চিকিৎসকরা ৷ সেই পরীক্ষার রিপোর্ট দেখে সন্তুষ্ট হন চিকিৎসকরা ৷
সমস্ত দিক থেকে নিশ্চিত হওয়ার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ শেষমেশ 28 জুন জটিল এবং ঝুঁকিপূর্ণ এই অস্ত্রোপচার সাফল্যের সঙ্গে সম্পন্ন করেন চিকিৎসকরা ৷ চিকিৎসকদের ওই টিমে ছিলেন চিকিৎসক রোহিত কর্মকার, সার্জেন সৌমেন প্রতিহার ও দেবাশিস মণ্ডল,অ্যান্যাস্থেসিস্ট ডিএম বসুনিয়া। চিকিৎসকরা জানিয়েছেন, এধরনের টিউমার বিরল। অস্ত্রোপচারের প্রক্রিয়াও জটিল এবং ঝুঁকিপূর্ণ। অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সময়মতো চিকিৎসা হলে রোগীর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা থাকে। এবার সেটাই করে দেখাল শিলিগুড়ির এই জেলা হাসপাতাল ৷
হাসপাতালের অর্থোপেডিক সার্জন চিকিৎসক রোহিত কর্মকার বলেন, "কাঁধের বড় টিউমারের সফল অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থ হয়ে উঠছেন ওই যুবক। বাড়িতে ফিরে গিয়েছেন। 28 জুন শিলিগুড়ির ওই বাসিন্দার অস্ত্রোপচার করে 110 গ্রাম ওজনের ওই টিউমারটি বের করা হয়। সামান্য রক্তপাত হয়েছে। অস্ত্রোপচারের পর রোগীকে দু'দিন আইসিইউ-তে পর্যবেক্ষণে রাখা হয়। এরপরে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।"

