ETV Bharat / state

চিকিৎসক নিগ্রহ-কাণ্ডে পুলিশের তলবে সাড়া দিলেন না কৌস্তভ

নিজেকে নির্দোষ প্রমাণ করতে হাসপাতালের সিসিটিভি ফুটজকেই হাতিয়ার করলেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী।

Doctor Harassment Case
চিকিৎসক নিগ্রহ-কাণ্ডে পুলিশের তলবে সাড়া দিলেন না কৌস্তভ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 4, 2025 at 8:12 PM IST

4 Min Read
Choose ETV Bharat

ব‍্যারাকপুর, 4 জুলাই: চিকিৎসককে হুমকি ও মারধর-কাণ্ডে শুক্রবার সকাল 11টার সময় মোহনপুর থানায় তলব করা হয়েছিল কৌস্তভ বাগচীকে । পুলিশের তরফে সেই মর্মে তলবি নোটিশও পাঠানো হয়েছিল বিজেপির আইনজীবী নেতাকে । কিন্তু, সেই তলবে সাড়া দিলেন না তিনি ।

উল্টে, পুলিশের কাছে পাল্টা চিঠি দিয়ে সময় চেয়ে নিয়েছেন কৌস্তভ । চিঠিতে তিনি জানিয়েছেন, আগে থেকেই পূর্ব নির্ধারিত তাঁর অনেক কাজ হাতে রয়েছে । তাই, এত অল্প সময়ের মধ্যে তাঁর পক্ষে থানায় গিয়ে হাজিরা দেওয়া সম্ভব নয় । সেই কারণে সময় জানিয়ে তাঁকে আবারও নোটিশ দিয়ে তলব করা হলে তখন তিনি পুলিশের সঙ্গে সহযোগিতা করতে পারবেন। তার আগে নয় ।

চিকিৎসক নিগ্রহ-কাণ্ডে পুলিশের তলবে সাড়া দিলেন না কৌস্তভ (ইটিভি ভারত)

যদিও পুলিশের একটি সূত্রের খবর, শুক্রবার নির্দিষ্ট সময়ে কৌস্তভ বাগচী হাজিরা না দেওয়ায় ফের তাঁকে তলব করা হতে পারে । তার তোড়জোড়ও শুরু করে দিয়েছে ব‍্যারাকপুর কমিশনারেট ।

এদিকে, চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের নিগ্রহ এবং হুমকির ঘটনায় ফের নিজেকে নির্দোষ দাবি করে বেসরকারি ওই হাসপাতালের সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করেছেন বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী । ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ নিজের এক্স হ‍্যান্ডেলে পোস্ট করে চিকিৎসক নিগ্রহের নেপথ্যে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছেন তিনি । এর সত‍্যতা তুলে ধরতে তৃণমূলের এক কর্মীর ছবিও পোস্ট করেছেন সমাজমাধ‍্যমে ।

Doctor Harassment Case
বিজেপি নেতা কৌস্তভ বাগচী (নিজস্ব ছবি)

কৌস্তভের দাবি, "ঘটনার সময় ব‍্যারাকপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী মিন্টু হাজির ছিলেন বেসরকারি হাসপাতালে । তিনিই ওই সময় কর্তব্যরত চিকিৎসককে চড় মারেন । সেই সময় আমি ওই চিকিৎসকের সঙ্গে কথা বলছিলাম । তখনই সে পরিকল্পিতভাবে এই কাণ্ড ঘটায় । সিসিটিভি ফুটেজে সেই চড় মারার দৃশ্য ধরা পড়েছে ।"

বিজেপি নেতার আরও দাবি, "ওই তৃণমূল কর্মীর সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে স্থানীয় তৃণমূল কাউন্সিলর দেবু মজুমদার এবং ব‍্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর । তৃণমূল কর্মী চড় মারল, আর দোষ হল কৌস্তভ বাগচীর ?’’ এই ইস্যুতে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিককেও একহাত নিয়েছেন তিনি ।

Doctor Harassment Case
এই বেসরকারি হাসপাতালেই ঘটে ঘটনাটি (নিজস্ব ছবি)

ঘটনাক্রমে পার্থ ভৌমিক ওই বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে নাম না করে কৌস্তভ বাগচীকে নিশানা করেছিলেন । তিনি বলেন, "রোগীমৃত্যু নিয়ে যদি কোনও চিকিৎসকের গাফিলতি থাকত, তাহলে তো রোগীর পরিবার পুলিশের কাছে অভিযোগ করত ! অন্য কাউকেও জানাত । কিন্তু, রোগীর পরিবার কোথাও অভিযোগ করল না । কোথা থেকে একজন এসে চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ, মারধর, হেনস্তা করে নিজেকে বড় জাহির করতে চাইল ।’’

তিনি আরও বলেন, ‘‘আসলে চিকিৎসকরা যাতে সুষ্ঠুভাবে কাজ করতে না পারে সেই পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে । আমি আশা করব চিকিৎসকেরা যাতে নিরাপদে পরিষেবা দিতে পারে তার ব্যবস্থা করবে পুলিশ-প্রশাসন । যিনি এই গুন্ডামি করলেন তার দল এখানে উত্তরপ্রদেশের সংস্কৃতি আমদানি করতে চাইছে । বাংলার মানুষ গোবলয়ের এই অসভ্যতা মানবে না ।"

Doctor Harassment Case
ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ (নিজস্ব ছবি)

পার্থ ভৌমিকের সেই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন কৌস্তভ । ইটিভি ভারতের প্রতিনিধিকে তিনি বলেন, "রোগীর পরিবার অভিযোগ করেছে না করেনি, সেটা আমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখলেই বুঝতে পারবেন । পার্থ ভৌমিক নাটক করতে করতে বড় অভিনেতা হয়ে গিয়েছে । উনি এত মিথ্যা কথা বলেন, কোনও ভদ্রলোকও এত মিথ্যা বলেন না ।’’

Doctor Harassment Case
বিজেপি নেতা কৌস্তভ বাগচীর ফেসবুক পোস্ট (ফেসবুক থেকে নেওয়া স্ক্রিনশট)

কৌস্তভের আরও দাবি, ‘‘আসলে নিজেদের দোষ ধামাচাপা দিতে আমার উপর দায় চাপানো হচ্ছে । যে চড় মেরেছে সে তো তৃণমূল কর্মী । ভিডিয়ো দেখলেই বোঝা যাবে । ডাক্তার নিজে বলছেন আমি কোনও মারধর কিংবা গালিগালাজ করিনি । এসব নাটক মানুষ ধরে ফেলেছে । এর যোগ্য জবাব মানুষই দেবে ।"

Doctor Harassment Case
ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ (নিজস্ব ছবি)

চক্রান্ত করে তাঁকে ফাঁসানো হচ্ছে কি না, সেই প্রশ্নের উত্তরে কৌস্তব বলেন, "এসব চক্রান্ত করে আমাকে কিছু করতে পারবে না । ওসব চক্রান্ত কীভাবে সামাল দিতে হয়,তা আমার ভালো করেই জানা আছে ।"

প্রসঙ্গত, 1 জুলাই চিকিৎসক দিবসে এক বিজেপি কর্মীর বাবার মৃত্যুকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ব‍্যারাকপুর মোহনপুর সংলগ্ন ওই বেসরকারি হাসপাতালে । অভিযোগ, এর পরেই হাসপাতালে ঢুকে চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অভব্য আচরণ করেন বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচী ।

Doctor Harassment Case
বিজেপি নেতা কৌস্তভ বাগচীর ফেসবুক পোস্টে দেওয়া ছবি (ফেসবুক থেকে নেওয়া স্ক্রিনশট)

এমনকী, আঙুল উঁচিয়ে শাসানি এবং চিকিৎসকদের নিগ্রহ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে । যদিও উত্তপ্ত বাক্য বিনিময় হলেও 'দাদাগিরি' কিংবা 'শাসানি' কোনও অভিযোগই মানতে চাননি কৌস্তভ । উল্টে, ঘটনার সময় তিনিই পরিস্থিতি সামলেছেন বলে দাবি করেছেন ।

Doctor Harassment Case
বিজেপি নেতা কৌস্তভ বাগচীর ফেসবুক পোস্টে দেওয়া ছবি (ফেসবুক থেকে নেওয়া স্ক্রিনশট)

কৌস্তভ বাগচীর সেই 'শাসানি'র ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় বিভিন্ন মহলে । বিজেপির আইনজীবী নেতার বিরুদ্ধে পদক্ষেপ করতে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে চিঠি দেওয়া হয় রাজ‍্যের মুখ‍্যসচিব ও স্বাস্থ্যসচিবকে । এমনকী, উত্তর 24 পরগনা প্রগ্রেসিভ হেলফ অ্যাসোসিয়েশন চার সদস্যের প্রতিনিধিদলও বেসরকারি হাসপাতাল গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পাশে থাকার বার্তা দেন ।

আরও পড়ুন -

  1. হাসপাতালে ঢুকে চিকিৎসককে শাসানি! কৌস্তভের বিরুদ্ধে মামলা রুজু পুলিশের
  2. দলীয় কর্মীর বাবার মৃত্যু, হাসপাতালে চিকিৎসকদের শাসানির অভিযোগ বিজেপি নেতা কৌস্তভের বিরুদ্ধে