'দুয়ারে প্রসাদ', রথের আগেই রেশন দোকানে মিলছে দিঘার জগন্নাথ মন্দিরের ভোগ
রেশন কার্ড থাকলেই ভক্তরা পাচ্ছেন দিঘার জগন্নাথ মন্দিরের ভোগ ৷ দিনকয়েক আগে ছিল জগন্নাথদেবের স্নানযাত্রা ৷ সেই প্রসাদ এবার পৌঁছল আসানসোল পুরনিগম এলাকায় ৷

Published : June 21, 2025 at 2:15 PM IST
আসানসোল, 21 জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ঘোষণা করেছিলেন দিঘার জগন্নাথ মন্দিরের স্নানযাত্রার প্রসাদ এবার পৌঁছে যাবে রাজ্যবাসীর ঘরে ঘরে। সেই মতো রেশন দোকানের মাধ্যমে 'দুয়ারে প্রসাদ' বিতরণ শুরু হয়েছে প্রতিটি এলাকায়।
একদিকে যেমন শহরাঞ্চলে এই প্রসাদ বিতরণ হচ্ছে, তেমন পঞ্চায়েত এলাকাতেও চলছে এই প্রসাদ বিতরণ। যাদের রেশন কার্ড আছে তাঁরা প্রত্যেকেই এই প্রসাদ পাবেন বলে জানাচ্ছন দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিরা। ইতিমধ্যে আসানসোলের সালানপুরে শুরু হয়েছে এই প্রসাদ বিতরণ। রেশন দোকানের মাধ্যমে এই প্রসাদ বিতরণ চলছে। আজ সকাল থেকে আসানসোল পুরনিগম এলাকায় চালু হল জগন্নাথদেবের মহাপ্রসাদ বিতরণ।
আসানসোল পুরনিগমের 85 নম্বর ওয়ার্ডের অন্তর্গত 1 নম্বর মহিশীলা কলোনিতে রেশন দোকানের মাধ্যমে দিঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ দেওয়া হয়। এই প্রসাদ নিতে বহু মানুষের ভিড় এদিন চোখে পড়ে ৷ প্রসাদ বিতরণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের 6 নম্বর বরো চেয়ারম্যান দেবাশিস সরকার।

- দেবাশিস সরকার এদিন বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রেশন দোকানের মাধ্যমে বাড়ি বাড়ি জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ পৌঁচ্ছে দেওয়া হচ্ছে । যাদের রেশন কার্ড আছে সবাই এই প্রসাদ পাবেন।" প্যাকেটে রয়েছে মিষ্টান্ন-সহ নানা সুস্বাদু প্রসাদ, রয়েছে জগন্নাথের ছবিও । এই প্রসাদ পেয়ে খুশি এলাকার মানুষ।
- স্থানীয় বাসিন্দা অশ্বিনী রায় বলেন, "প্রসাদ পেয়ে আমরা অভিভূত ৷ ভাবতে পারিনি এভাবেও আমরা জগন্নাথদেবের প্রসাদ পাব। রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতরগুলিকে ধন্যবাদ জানাই।"
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন ঘোষণা করেন, বাংলার প্রতিটি ঘরে পৌঁছে যাবে জগন্নাথের মহাপ্রসাদ ৷ সেই অনুযায়ী 'দুয়ারে রেশন' প্রকল্পের মাধ্যমে মহাপ্রসাদ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের তরফে ৷ রথযাত্রার আগেই এই মহাপ্রসাদ সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।

