ডিজিটাল অ্যারেস্ট মামলায় 1500 কোটির প্রতারণা, চার্জশিটে দাবি ইডির
সোমবার এই মামলার চার্জশিট পেশ করে ইডি ৷ নাম রয়েছে চিরাগ কাপুর ও যোগেশ দুয়ার ৷ তাঁদের একটি সংস্থার নামও রয়েছে ৷

Published : June 2, 2025 at 9:30 PM IST
কলকাতা, 2 জুন: ডিজিটাল গ্রেফতারি মামলায় এবার চার্জশিট জমা দিল ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) । সোমবার কলকাতার বিচার ভবনে তদন্তের প্রায় 60 দিনের মাথায় চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থার গোয়েন্দারা ।
ইডি আদালতে দাবি করেছে, ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে সাইবার প্রতারণার মাধ্যমে দেড় হাজার কোটি টাকা দুর্নীতি করা হয়েছে । প্রায় 300টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে । ডিজিটাল অ্যারেস্ট চক্রের ‘মাস্টারমাইন্ড’ চিরাগ কাপুর ও যোগেশ দুয়ার নাম এবং তাঁদের একটি সংস্থার নাম রয়েছে চার্জশিটে ।
এই মামলায় ইডির আরও দাবি, ডিজিটাল অ্যারেস্টের মামলায় দুবাই-যোগও পাওয়া গিয়েছে । বিভিন্ন সংস্থা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে তার নথি এবং সিম ক্যুরিয়রের মাধ্যমে দুবাই পাঠিয়ে দেওয়া হয় ৷ সেই সিম কার্ডে আন্তর্জাতিক রোমিং চালু করে প্রতারণা চলত । এই চক্রের মাথাদের 10 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ।

উল্লেখ্য, এই ঘটনায় তদন্তে নেমে কলকাতা পুলিশ আগেই চিরাগ এবং যোগেশকে গ্রেফতার করেছিল । তাঁদের বিরুদ্ধে অভিযোগ গল্ফগ্রিনের এক মহিলার থেকে তাঁরা কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছিলেন । ওই মহিলা ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে খুইয়েছিলেন 47 লক্ষ টাকা ।
লালবাজার সূত্রে খবর, শহরে ঘটে যাওয়া ডিজিটাল গ্রেফতারির ঘটনায় তদন্তে নেমে কলকাতা পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে গত বছরের 28 সেপ্টেম্বর 104টি পাস বুক, 61টি মোবাইল, 33টি এটিএম কার্ড, দু’টি কিউআর কোড মেশিন, 140টি সিম কার্ড, 40টি স্ট্যাম্প ও 10টি চুক্তিপত্র বাজেয়াপ্ত করেছিল ।
এই ঘটনায় যুক্ত থাকা সন্দেহে গ্রেফতার করা হয়েছিল মোট আটজনকে । অভিযান চালিয়ে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছিল চিরাগকে । তাঁকে জেরা করে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছিল ওঙ্কার সিংহ নামে আরও এক জনকে । সেই সূত্র ধরেই নাম উঠে এসেছিল যোগেশ ও আদিত্য দুয়ার ।
গত 23 ফেব্রুয়ারি যোগেশকে গ্রেফতার করে পুলিশ । চক্রের ‘মূল মাথা’ চিরাগের বাড়ি কলকাতায় হলেও তাঁরা চক্র কারবার চালাতেন দিল্লি ও বেঙ্গালুরু থেকেই । বিরাট অঙ্কের প্রতারণার কারণে তদন্তভার পরে হাতে নেয় ইডি । চিরাগ ও যোগেশকেও নিজেদের হেফাজতে নেয় তারা । এবার চার্জশিটে রয়েছে তাঁদের নাম ।

