সুকনায় পালিত জন্মদিন, 'টয়ট্রেন দিবস'কে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার দাবি ইউনেসকোর কাছে
টয়ট্রেন দিবসকে ইউনেসকো আন্তর্জাতিক স্বীকৃতি দিক, এই দাবিই উঠল টয়ট্রেনের জন্মদিনে ৷ সুকনায় এদিন সাড়ম্বরে পালিত হয় টয়ট্রেন দিবস ৷


Published : July 4, 2025 at 3:01 PM IST
দার্জিলিং, 4 জুলাই: টয়ট্রেন দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি দিক ইউনেসকো । টয়ট্রেনের জন্মদিন পালনের দিন এই দাবিতে সরব হল দার্জিলিং হিমালয়ান কর্তৃপক্ষ (ডিএইচআর) ও নর্থ বেঙ্গল পেইন্টার্স অ্যাসোসিয়েশন । শুক্রবার শিলিগুড়ির অদূরে সুকনায় পালিত হল ইউনেসকোর হেরিটেজ টয়ট্রেনের জন্মদিন ।
1881 সালের 4 জুলাই প্রথমার পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে শিলিগুড়ি থেকে পাহাড়ের উদ্দেশে ছুটে গিয়েছিল 'খেলনা ট্রেন' । আর সেই দিনটিকে মনে করেই এদিন টয়ট্রেন দিবসের আয়োজন করে ডিএইচআর কর্তৃপক্ষ ও নর্থ বেঙ্গল পেইন্টার্স অ্য়াসোসিয়েশন । টয়ট্রেনের জন্মদিনে খুদেদের গলায় ভেসে উঠল টয়ট্রেনকে নিয়ে লেখা 'কু কু ঝিক' গান । আয়োজন করা হয়েছিল লাইভ পেইন্টিং, পোস্টার পেইন্টিং, বসে আঁকো প্রতিযোগিতার মতো একাধিক অনুষ্ঠানের । সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রয়েছে নানা অনুষ্ঠান । অনুষ্ঠানের পাশাপাশি অংশগ্রহণকারী খুদেদের জন্য বিশেষ উপহারের আয়োজনও করে ডিএইচআর কর্তৃপক্ষ । সুকনা থেকে রংটং পর্যন্ত আবার রংটং থেকে সুকনা পর্যন্ত হেরিটেজ টয়ট্রেনের যাত্রার আনন্দ উপভোগ করেন অংশগ্রহণকারীরা ।
হেরিটেজ টয়ট্রেনের যাত্রা মোটেও সাধারণ নয় । এখনও ধস, বৃষ্টির মতো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতির সম্মুখীন হতে হয় টয়ট্রেনকে ৷ বিশেষ করে ধসের কারণে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় টয়ট্রেনের পরিষেবা । কিন্তু সব প্রতিকূলতাকে কাটিয়ে আজও পর্যটকদের স্বার্থে পাহাড়ের পথ ধরে ছুটে চলেছে টয়ট্রেন । আর সেই কারণেই 1999 সালের 5 ডিসেম্বর ইউনেসকো দার্জিলিং টয়ট্রেনকে হেরিটেজ শিরোপা দেয় । হেরিটেজ শিরোপা ধরে রাখাও ডিএইচআর কর্তৃপক্ষের কাছে একটা চ্যালেঞ্জের বিষয় । যাত্রী পরিষেবা থেকে পরিকাঠামো সবগুলোই যাচাই করা হয় । প্রতিকূলতা পেরিয়েও ডিএইচআরের এই হেরিটেজ শিরোপাধারী টয়ট্রেন আজ বিশ্ববিখ্যাত । যার টানে দেশ বিদেশ থেকে বহু পর্যটক ছুটে আসেন শৈলশহরে ।

তবে ইউনেসকো টয়ট্রনকে হেরিটেজ শিরোপা দিলেও টয়ট্রেনের জন্মদিনকে সেভাবে তুলে ধরা হয়নি এর আগে । যে কারণে এদিন সাড়ম্বরে টয়ট্রেনের জন্মদিন পালিত হল । আর এই জন্মদিনটিকে যাতে ইউনেসকো টয়ট্রেন দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দেয় সেই দাবিও উঠল ।

নর্থ বেঙ্গল পেইন্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজয় মিত্র বলেন, "টয়ট্রেন ইউনেসকো হেরিটেজ শিরোপাধারী । আজকের দিনেই প্রথম শিলিগুড়ি থেকে টয়ট্রেন পাহাড়ের উদ্দেশে ছুটে গিয়েছিল । সেই জন্য আমরা চাই যত দ্রুত সম্ভব এই দিনকে আন্তর্জাতিক স্বীকৃতি দিক ইউনেসকো । আর তার জন্য পদক্ষেপ করুক ডিএইচআর ।"
এই বিষয়ে ডিএইচআরের অধিকর্তা ঋষভ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "অবশ্যই এই বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব ।" সুকনার স্টেশন ম্যানেজার তপন মালাকার বলেন, "আজকের দিনে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয়ট্রেন পরিষেবা চালু হয়েছিল । এইদিনটি এবার থেকে প্রতি বছর পালন করা হবে ।" স্কুল ছাত্র অঙ্কিত দাসের কথায়, "খুব ভালো লাগছে আজকে এখানে টয়ট্রেনের জন্মদিনে যোগ দিতে পেরে । টয়ট্রেন আমাদের গর্ব ।"

