ETV Bharat / state

অধিক ফলনের পরও লাভের গুড় খেয়ে যাচ্ছে ফড়েরা! মাথায় হাত আলুচাষিদের

আবহাওয়া অনুকূল থাকায় এবার পোখরাজ আলুর ফলন ভালো হয়েছে ৷ অভিযোগ, ফড়েদের দৌরাত্ম্যে আলুর দামই পাওয়া যাচ্ছে না ৷ উৎপাদনের খরচও উঠছে না ৷

POTATO FARMERS FACING CRISIS
অধিক ফলনের পরও লাভের গুড় খেয়ে যাচ্ছে ফড়েরা! মাথায় হাত আলুচাষিদের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 14, 2025 at 9:32 PM IST

|

Updated : February 15, 2025 at 9:29 PM IST

6 Min Read
Choose ETV Bharat

বর্ধমান, 14 ফেব্রুয়ারি: চলতি মরশুমে আবহাওয়া ছিল চাষের জন্য অনুকূল ৷ তাই আলুর ফল ভালো হবে বলেই আশা করেছিলেন চাষিরা ৷ তাঁদের সেই আশা পূরণ হয়েছে ৷ আবহাওয়া অনুকূল থাকায় পোখরাজ আলুর ফলন অত্যধিক ভালো হয়েছে । ফাল্গুন মাসের মাঝামাঝি জ্যোতি আলু উঠবে । সেক্ষেত্রেও ভালো ফলনের আশায় রয়েছেন চাষিরা ৷

ফলন ভালো হলে লাভের মুখ দেখার সম্ভাবনা তৈরি হয় ৷ কিন্তু সেভাবে আলুর দাম পাচ্ছেন না বলে অভিযোগ চাষিদের ৷ বাজারে গেলে কিন্তু চাষিদের দাবির সঙ্গে কোনও মিল খুঁজে পাওয়া যায় না ৷ বাজারে খুচরো আলু যে দরে বিক্রি হচ্ছে, তা দেখে মনে হতেই পারে যে চাষিরা বেশ লাভের মুখই দেখেছেন ৷

অধিক ফলনের পরও লাভের গুড় খেয়ে যাচ্ছে ফড়েরা! মাথায় হাত আলুচাষিদের (ইটিভি ভারত)

কিন্তু চাষিরা তো বলছেন যে তাঁরা ভালো দাম পাচ্ছেন না ! তাহলে কি খুচরো ব্যবসায়ীরা কম দামে আলু কিনে বেশি দামে বিক্রি করছেন অতিরিক্ত লাভের আশায় ? খুচরো ব্যবসায়ীরা জানাচ্ছেন যে তাঁরা যেমন দামে কিনছেন, তার পর লাভ রেখে বিক্রি করছেন ৷ স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, চাষের ক্ষেত থেকে বাজার পর্যন্ত আসতে গিয়ে আলুর দাম এতটা বেড়ে যাচ্ছে কেন ?

চাষিরা অভিযোগ তুলছেন ফড়ে বা মধ্যসত্ত্বভোগীদের দিকে৷ তাঁদের অভিযোগ, যে দামে আলু বিক্রি করা হচ্ছে, ফড়েদের হাতে যেতেই সেই দাম প্রায় তিনগুন হয়ে যাচ্ছে ৷ যদিও ব্যবসায়ী সমিতি চাষিদের অভিযোগ মানতে নারাজ ৷ তাদের বক্তব্য, আলু চাষিদের কাছ থেকে কেনার পর তা বাজারে আনতে প্যাকেজিং থেকে পরিবহণ, একাধিক ক্ষেত্রে খরচ হচ্ছে ৷ সেটুকুই দাম বাড়ছে ৷

Potato Farmers Facing Crisis
অধিক ফলনের পরও লাভের গুড় খেয়ে যাচ্ছে ফড়েরা! মাথায় হাত আলুচাষিদের (ইটিভি ভারত)

এই পরিস্থিতি নিয়ে প্রশাসন কী ভাবছে ? তারা এই এই নিয়ে কোনও ব্যবস্থা নেবে ? নাকি ফড়ে বা মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম্য চলতেই থাকবে ? পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মেহেবুব মণ্ডল অবশ্য বলছেন যে তাঁদের কাছে ফড়ে সংক্রান্ত কোনও অভিযোগ আসেনি ৷ অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে ৷ আর সরকারও চাষিদের থেকে সরাসরি আলু কেনার বিষয়ে ভাবনা চিন্তা করছে ৷

পূর্ব বর্ধমানকে রাজ্যের শস্যগোলা বলা হয় ৷ এই জেলায় চাষাবাদ বেশ উল্লেখযোগ্য ৷ বিশেষ আলু চাষে পূর্ব বর্ধমান এগিয়ে ৷ লাগোয়া হুগলিতেও আলু চাষ হয় ব্যাপক পরিমাণে ৷ তবে আবহাওয়ার বিষয়টি সবসময়ই চাষের ক্ষেত্রে বড় ফ্যাক্টর ৷ এবার যেমন আবহাওয়া অনুকূল থাকায় পোখরাজ আলুর চাষ ভালো হয়েছে ৷ ইতিমধ্যেই পোখরাজ আলু তোলার কাজ প্রায় শেষের দিকে ।

Potato Farmers Facing Crisis
আলু রাখা চাষের ক্ষেতে (নিজস্ব চিত্র)

বিঘা প্রতি জমি থেকে 70-80 বস্তা আলু উৎপাদন হচ্ছে । তবে অন্য বছর আলু ওঠার পরে চাষিরা ভালো দাম পেলেও কেজি প্রতি আলুর দাম অনেক কম পাচ্ছেন বলে অভিযোগ । বর্ধমানের উদয়পল্লি এলাকার কৃষক প্রকাশ বিশ্বাস বলেন, ‘‘পোখরাজ আলুর ফলন ভালো হয়েছে । বিঘা প্রতি প্রায় 70-80 বস্তা আলু পাওয়া গিয়েছে । তবে ফলন ভালো হলেও আলুর দাম মিলছে না । ফড়েদের কাছে বস্তা প্রতি 200-250 টাকায় বিক্রি করতে হচ্ছে । ফলে উৎপাদন খরচ উঠছে না ।’’

চাষিরা বলছেন, বস্তা প্রতি আলু 200-250 টাকায় বিক্রি হওয়া মানে, তাঁরা কেজি প্রতি দাম পাচ্ছেন 4-5 টাকা ৷ প্রকাশ বা আরও অনেকে ঋণ নিয়ে আলু চাষ করেছেন ৷ ফলন ভালো হওয়ার পরও তাঁদের আর্থিক ক্ষতির আশঙ্কা থেকে যাচ্ছে ৷ প্রকাশ বলেন, ‘‘বিঘা প্রতি আট থেকে দশ হাজার টাকা ক্ষতি হচ্ছে । অথচ ফড়েরা আমাদের কাছে আলু কিনে নিয়ে গিয়ে বস্তা প্রতি দুশো টাকার বেশি লাভ করছে । অথচ আমরা দাম পাচ্ছি না ।’’

Potato Farmers Facing Crisis
আলু তোলার কাজ চলছে চাষের ক্ষেত থেকে (নিজস্ব চিত্র)

আরেক কৃষক গৌতম বিশ্বাস বলেন, ‘‘ভালো আলুর ফলন হয়েছে । ভেবেছিলাম গত মরশুমে ক্ষতি হয়েছিল, তাই যদি দাম মেলে । কিন্তু দেখা যাচ্ছে আমাদের কাছ থেকে ফড়েরা 200-250 টাকায় কিনে নিয়ে গিয়ে বস্তা পিছু দুশো টাকার বেশি লাভ করছে । এদিকে আমরা ধার দেনা করে চাষ করেছি । সারের দাম, বীজের দাম বেড়েছে । শ্রমিকের খরচ বেড়েছে । কিন্তু আমরা উৎপাদন খরচই তুলতে পারছি না । শুধুমাত্র ফড়েদের কারণেই আজ চাষিদের এই অবস্থা ।’’

একই বক্তব্য আরেক কৃষক রতন অধিকারীরও ৷ তিনি বলেন, ‘‘চলতি মরশুমে প্রথম আলু চাষ করি । বিঘাতে আট থেকে দশ হাজার টাকা ক্ষতি হয়েছে আমার । ভেবেছিলাম দাম মিলবে । কিন্তু চাষ করতে যে খরচ হয়েছে, সেই খরচ ওঠেনি । অথচ আমাদের কাছ থেকে কিনে নিয়ে গিয়ে ফড়েরা বস্তা প্রতি দ্বিগুন লাভ করেছে । আর সাধারণ মানুষ সেই আলু বেশি দামে কিনছে । এখন ধার দেনা কীভাবে শোধ দেব জানি না ।’’

Potato Farmers Facing Crisis
আলু তোলার কাজ চলছে চাষের ক্ষেত থেকে (নিজস্ব চিত্র)

খুচরো বাজারে আলু এখন বিক্রি হচ্ছে 11-13 টাকায় ৷ বস্তা প্রতি 400 থেকে 410 টাকায় কিনে এই আলু বিক্রি করছেন খুচরো ব্যবসায়ীরা ৷ অর্থাৎ চাষিরা যে দামে বিক্রি করছেন, তার থেকে প্রায় দ্বিগুন দামে খুচরো ব্যবসায়ীরা কিনছেন ৷ খুচরো সবজি বিক্রেতা স্বপন সেন বলেন, ‘‘আলুর দাম প্রায় দিন ওঠানামা করে । তবে গত কয়েকদিনে কেজি প্রতি আলুর দাম ছিল 10-13 টাকা । আমরা যেরকম দামে কিনছি, সেই অনুযায়ী বিক্রি করছি । তবে আরও আলু উঠলে হয়তো আলুর দাম আরও কমে যাবে ।’’

Potato Farmers Facing Crisis
আলু তোলার কাজ চলছে চাষের ক্ষেত থেকে (নিজস্ব চিত্র)

চাষিদের অভিযোগ, দামের এই হেরফেরে লাভবান হচ্ছেন ফড়ে বা মধ্যসত্ত্বভোগীরা ৷ যদিও ব্যবসায়ী সমিতির বক্তব্য, চাষিদের থেকে কেনা দাম ও খুচরো বাজারে বিক্রির দামে যে ফারাক রয়েছে, সেটা স্বাভাবিক ৷ বর্ধমানের তেঁতুলতলা বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক শেখ স্বপন বলেন, ‘‘বাজারে আলুর দাম খুব বেশি নয় । আলুর ফলন খুব ভালো হয়েছে । চাষির কাছ থেকে আলু কেনার পরে সেই আলু যখন পাইকারি ব্যবসায়ীর হাতে যাচ্ছে ৷ তার আগে ক্যারিং কস্ট, লেবার কস্ট ছাড়াও অন্যান্য কিছু খরচ আছে । ফলে সেই অনুযায়ী আলুর বিক্রি হচ্ছে । তবে আলুর দাম এখন সাধারণ মানুষের নাগালের মধ্যেই আছে ।’’

Potato Farmers Facing Crisis
আলু তোলার কাজ চলছে চাষের ক্ষেত থেকে (নিজস্ব চিত্র)

এই পরিস্থিতিতে প্রশাসন কী ভাবছে ? পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মেহেবুব মণ্ডল বলেন, ‘‘আবহাওয়া ভালো থাকায় পোখরাজ আলুর ফলন খুব ভালো হয়েছে । সরকারের তরফেও আলু কেনার চিন্তাভাবনা আছে । তবে ফড়ে সংক্রান্ত কোন অভিযোগ পাইনি । অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে ।’’

Last Updated : February 15, 2025 at 9:29 PM IST