চাকরি বাতিলের সুপ্রিম নির্দেশ মানছে না রাজ্য, আদালত অবমাননার নোটিশ বঞ্চিত চাকরিপ্রার্থীদের
সুপ্রিম কোর্টের নির্দেশ না-মেনে এখনও স্কুলে যাচ্ছেন অনেকেই ৷ তারই প্রেক্ষিতে শিক্ষা দফতরকে আদালত অবমাননার নোটিশ পাঠালেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবীরা ৷

Published : April 13, 2025 at 10:15 AM IST
কলকাতা, 13 এপ্রিল: প্রায় 26 হাজার চাকরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ এখনও কার্যকর না-করায় রাজ্যের শিক্ষা দফতর, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদকে আদালত অবমাননার নোটিশ পাঠালেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবীরা । নোটিশে শীর্ষ আদালতের রায় কার্যকর করার জন্য দু'দিনের সময়সীমা দেওয়া হয়েছে । তা করা না-হলে স্কুল সার্ভিস কমিশন ও পর্ষদের শীর্ষ কর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ।
ববিতা সরকার, নাসরিন খাতুন, লক্ষ্মী টুঙ্গা, সেতাব উদ্দিন-সহ অন্যান্য বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম ও গোপা বিশ্বাস এই চিঠি পাঠিয়েছেন রাজ্যের শিক্ষাসচিব, স্কুলশিক্ষা কমিশনার, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে । আইনজীবীদের দাবি, আদালতের নির্দেশমতো, এখনও কারও চাকরি বাতিল করা হয়নি । অনেক শিক্ষক শিক্ষিকা এখনও নিয়মিত স্কুলে যাচ্ছেন । এটা আদালতের নির্দেশের পরিষ্কার অবমাননা ।
নোটিশে আরও দাবি করা হয়েছে, যাঁদের ওএমআর শিট ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি, তাঁদেরটা প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ কোর্টের নির্দেশ মেনে তা ফের প্রকাশ করা হয়নি । উচ্চমাধ্যমিকের শিক্ষকদের উত্তরপত্র প্রকাশই করা হয়নি । আইনজীবীদের দাবি, সব জেনে ইচ্ছাকৃত ভাবে আদালতের নির্দেশ পালন করা হচ্ছে না ।
আইনজীবীদের অভিযোগ, সবকিছু জানা সত্ত্বেও কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বার রাশিদির ডিভিশন বেঞ্চের নির্দেশ ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের নির্দেশ ইচ্ছাকৃত ভাবে পালন করা হচ্ছে না । যদি লাগাতার আদালতের এই অবমাননা চলতে থাকে, তাহলে দু'দিনের মধ্যে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে বলে ওই চিঠিতে জানানো হয়েছে ।

