মাধ্যমিকে পঞ্চম দীপ্তজিৎ বাবার সঙ্গে চাষের কাজ করে, স্বপ্ন ডাক্তার হওয়ার
মাধ্যমিকে মেধাতালিকায় পঞ্চম স্থান অধিকার করে দীপ্তজিৎ বলছে, পরবর্তিতে চিকিৎসক হওয়ার ইচ্ছে রয়েছে ওর ৷

Published : May 2, 2025 at 12:18 PM IST
হুগলি, 2 এপ্রিল: মাধ্যমিকে মেধাতালিকায় পঞ্চম স্থান অধিকার করেছে দীপ্তজিৎ ঘোষ ৷ পরবর্তিকালে চিকিৎসক হওয়ার ইচ্ছা দীপ্তজিতের ৷ মাধ্যমিকে ভালো ফল করার আশা থাকলেও মেধাতালিকায় নাম উঠবে তা ভাবতে পারেনি দীপ্তজিৎ ৷
হুগলির খন্যানের ইটাচুনা মাখালডি গ্রামে বাড়ি দীপ্তজিতের। বাবা তরুণ কুমার ঘোষ প্রাইভেট টিউশন পড়ান ৷ সঙ্গে চাষের কাজও করেন। মা দীপালি ঘোষ গৃহশিক্ষকতা করেন। স্কুলে বরাবরই মেধাবী দীপ্তজিৎ প্রথম হত। পরিবারের সদস্যদের দাবি, মাধ্যমিকে ভালো ফল করবে আশা ছিল। বড় হয়ে চিকিৎসক হতে চায় দীপ্তজিৎ। ছাত্রের মা দীপালি ঘোষ বলেন, "ছেলে ভালো ফল করেছে খুব ভালো লাগছে। দীপ্ত বরাবরই পড়াশোনার ব্যাপারে সিরিয়াস। কখনও পড়তে বসার কথা বলতে হয়নি। নিজে থেকেই পড়ত ও।"
আর দীপ্তজিৎ বলছে, "আমরা ইচ্ছা ছিল এক থেকে দশের মধ্যে রেজাল্ট করব। বড় হয়ে চিকিৎসক হতে চাই। মানুষের সেবা করব এই মানসিকতাই আছে। পড়াশোনা ভালোবাসা থেকে পড়া। কোনও নির্দিষ্ট সময় ছিল না। কবিতা, গান ভালো লাগে। দাদা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে। আমি ভালো কিছু করতে চাই।"
পরীক্ষার 70 দিনের মাথায় ফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। 10 ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়েছিল ৷ এবার মেধা তালিকায় মেয়েদের চেয়ে ছেলেদের সংখ্যা কম ৷ 9 লক্ষ 84 হাজার 753 জন পরীক্ষার্থী এবার মাধ্যমিক দিয়েছে ৷ প্রথম দশে রয়েছে 66 জন ৷ ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি ৷
মধ্যশিক্ষা পর্ষদের প্রকাশিত ফলাফল অনুযায়ী, গতবারের তুলনায় পাশের হার সামান্য বেড়েছে। এবছর মাধ্যমিকে পাশের হার 86.56 শতাংশ। গতবার ছিল 86.31 শতাংশ। পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর জেলা, দ্বিতীয় স্থানে কালিম্পং, তৃতীয় স্থানে রয়েছে কলকাতা ও চতুর্থ পশ্চিম মেদিনীপুর ৷

