ETV Bharat / state

ধস সরিয়ে পাহাড়ে ফের চালু 'খেলনা গাড়ি', ছন্দে ফিরছে শৈলরানি

শনিবারে পাহাড়ে একাধিক জায়গায় ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয় টয়ট্রেনের লাইন। শুক্রবার থেকে ফের চালু হল পাহাড়ের 'খেলনা গাড়ি' ৷

DARJEELING TOY TRAIN SERVICES
পাহাড়ে ফের চালু 'খেলনা গাড়ি' (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 10, 2025 at 3:34 PM IST

3 Min Read
Choose ETV Bharat

দার্জিলিং, 10 অক্টোবর: পাঁচ দিন পর ফের চালু হল টয়ট্রেন পরিষেবা ৷ শুক্রবার সকাল থেকে পুনরায় চালু হয় শিলিগুড়ি থেকে দার্জিলিং টয়ট্রেন পরিষেবা ৷ গত শনিবার পাহাড়ে ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়। ছোট বড় মিলিয়ে প্রায় 67টি সড়ক ক্ষতিগ্রস্ত হয় পাহাড়ে। সড়কের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় টয়ট্রেনের লাইনও। যার জেরে পাঁচ দিন বন্ধ ছিল পাহাড়ে পর্যটকদের অন্যতম আকর্যণীয় এই রেলগাড়ি ৷ অবশেষে ধস সরিয়ে ফের চালু হল টয়ট্রেন পরিষেবা।

পাশাপাশি কার্শিয়াং ও তিনধারিয়া থেকেও বাকি স্পেশাল ট্রেনগুলোও চালানো হবে ৷ শুক্রবার প্রথমদিন নিউ জলপাইগুড়ি থেকে পুরো ট্রেন ভর্তি পর্যটক নিয়ে দার্জিলিং ছুটে যায় টয়ট্রেন। আবার একইভাবে দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি আসে। পাশাপাশি পাহাড়ে জয়রাইডও চলেছে। পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়ে গিয়েছে । এতে স্বস্তি ফিরেছে পর্যটনমহলে ৷

toy train services resume in Darjeeling
পাঁচ দিন পর চালু হল টয়ট্রেন (ইটিভি ভারত)

শনিবারে পাহাড়ে একাধিক জায়গায় ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয় টয়ট্রেনের লাইন। কার্শিয়াং ব্লকের তিন জায়গায় ধসের কারণে লাইন ক্ষতিগ্রস্ত হয়। লাইনের উপর পরে যায় বড় বড় পাথর ও মাটি। যুদ্ধকালীন তৎপরতায় ওই জায়গাগুলোতে কাজ করে এদিন থেকে ফের চালু করা হয় পরিষেবা। দার্জিলিং থেকে শিলিগুড়ি দুটি ও কার্শিয়াং থেকে এবং তিনধারিয়া থেকে দুটি করে মোট ছয়টি পরিষেবা বন্ধ রাখা হয়েছিল।

এবিষয়ে দার্জিলিং হিমালয়ান রেলের ডিরেক্টর ঋষভ চৌধুরী বলেন, "ধস নামায় আমরা এই পরিষেবা বন্ধ রেখেছিলাম। তবে আমাদের কর্মীরা দিনরাত এক করে কাজ করে তারা ধস সরিয়ে দেওয়ায় আবার তা চালু করা গেল।"

toy train services resume in Darjeeling
পাহাড়ের চেনা ছবি (ইটিভি ভারত)

পাহাড়ের মূল আকর্ষণ হল খেলনা গাড়ি। টয়ট্রেনে চেপে পাহাড়ের আকাঁবাঁকা পথ ধরে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ কর‍তে ছুটে আসেন দেশ-বিদেশের পর্যটকরা ৷ সেজন্য আগে থেকেই সবাই অনলাইনেই বুকিং করে রাখে ৷ একারণেই এদিন ট্রেন চালু হতেই তা ভরে যায় । অন্যদিকে এদিন পাহাড়েও 13টি জয়রাইড চালানো হয়।

হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "টয়ট্রেন পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের জন্য আকর্ষণের মূল কেন্দ্র। তাই ট্রয়ট্রেন বন্ধ থাকলে অনেক পর্যটকই মনমরা হয়ে যায়। শনিবার পাহাড়ে ধসের কারণে একাধিক জায়গায় টয়ট্রেনের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিশেষ করে কার্শিয়াং এবং দার্জিলিংয়ে। যে কারণে শিলিগুড়ি থেকে দার্জিলিঙের মত মূল পরিষেবার পাশাপাশি কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত স্পেশাল জয়রাইডগুলো বন্ধ রাখা হয়েছিল। পুনরায় এ পরিষেবা চালু হওয়ায় আমরা স্বস্তিতে।"

toy train services resume in Darjeeling
ছন্দে ফিরছে শৈলরানি (ইটিভি ভারত)

প্রসঙ্গত, শনিবার একটানা বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে যায় দার্জিলিং। সর্বগ্রাসী নদী গিলে খায় বাড়ি, গাড়ি, হোটেল থেকে দোকান। বন্যা ও ধসে কারণে শুধু পাহাড়েই মৃত্যু হয়ে 24 জনের ৷ এখনও নিখোঁজ অনেকে ৷ ছন্দ হারায় শৈলরানি ৷ স্বাভাবিকভাবে বন্ধ রাখা হয় টয়ট্রেন ৷ কিন্তু পাঁচ দিন পর ফের চালু হল পাহাড়ের 'খেলনা গাড়ি' ৷