ETV Bharat / state

ঝাড়খণ্ডে মাওবাদী হামলায় শহিদ মেদিনীপুরের জওয়ান, জখম বাঁকুড়ার আরও এক সৈনিক

চাইবাসায় অভিযানের সময় মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণ ৷ আহত সিআরপিএফ জওয়ানের হয়েছে অস্ত্রোপচার ৷

CHAIBASA MAOIST ATTACK
চাইবাসায় মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে আহত সিআরপিএফ জওয়ান পার্থপ্রতীম দে ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 23, 2025 at 6:11 PM IST

3 Min Read
Choose ETV Bharat

বাঁকুড়া, 23 মার্চ: মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে নিহত বাংলার এক সিআরপিএফ জওয়ান ৷ সিআরপিএফের সাব ইন্সপেক্টর সুনীল মণ্ডলের বাড়ি মেদিনীপুরে ৷ অন্যদিকে, এই ঘটনায় বাঁকুড়ার রাজগ্রামের বাসিন্দা সিআরপিএফ জওয়ান পার্থপ্রতীম দে আহত হয়েছেন ৷ রবিবার তাঁর অস্ত্রোপচার হয়েছে বলে পরিবারের তরফে জানানো হয়েছে ৷

শনিবার ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমের চাইবাসার ছোটনাগড়া থানা এলাকায় জঙ্গলে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে যায় সিআরপিএফের 193 নম্বর ব্যাটেলিয়ন ৷ যার নেতৃত্বে ছিলেন সাব ইন্সপেক্টর সুনীল মণ্ডল ৷ গভীর জঙ্গলে মাওবাদীদের পেতে রাখা আইইডি বিস্ফোরণ হয় ৷ যে ঘটনায় আহত হন সুনীল মণ্ডল এবং পার্থপ্রতীম দে ৷

মাওবাদী হামলায় আহত বাঁকুড়ার বাসিন্দা সিআরপিএফ জওয়ান পার্থপ্রতীম দে ৷ (ইটিভি ভারত)

এই ঘটনার পর দ্রুততার সঙ্গে রাঁচি থেকে হেলিকপ্টার নিয়ে তাঁদের এয়ারলিফ্ট করা হয় ৷ হাসপাতালে নিয়ে গেলে সুনীল মণ্ডলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক ৷ আরেক জওয়ান পার্থপ্রতীম দে বোমার আঘাতে পায়ে গুরুতর চোট পান ৷

শনিবার রাতেই ব্যাটেলিয়নের তরফে পার্থপ্রতীম দে-র আহত হওয়ার খবর, তাঁর বাড়িতে দেওয়া হয় ৷ যার জেরে পরিবারে দুঃশ্চিন্তা নেমে আসে ৷ এ নিয়ে তাঁর স্ত্রী পিয়ালী দে বলেন, "প্রথমে ব্যাটেলিয়ন থেকে ফোন করে ওঁর আহত হওয়ার খবর দেয় ৷ তখন কথা হয়নি ৷ পরে ক্যাম্পের এক সদস্যের ফোন থেকে কল করে ৷ তখন ওঁর সঙ্গে কথা হয় ৷ জানিয়েছিল হাঁটুতে চোট পেয়েছে ৷ আজ সকালে আবার কথা হয়েছে ৷ তখন বলেছে, 8টার সময় হাঁটুর অস্ত্রোপচার হবে ৷"

ছেলের আহত হওয়ার খবরে কান্নায় ভেঙে পড়েছেন পার্থপ্রতীমের মা ৷ তাঁর বাবা হৃদরোগে আক্রান্ত ৷ ফলে ছেলের এই খবরে চিন্তায় গোটা পরিবার ৷ তবে, ছেলে পরিবারের সঙ্গে কথা বলার পর কিছুটা নিশ্চিন্ত হয়েছেন তাঁরা ৷ ঘটনার খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর আহত সিআরপিএফ জওয়ানের বাড়িতে যান ৷

কাউন্সিলর অপর্ণা চট্টোপাধ্যায় বলেন, "আমি রাতেই খবরটা শুনেছিলাম ৷ তবে, আসতে পারিনি ৷ তাই সকাল হতেই পরিবারের সঙ্গে দেখা করতে এলাম ৷ আমরা চাই, আমাদের এলাকার বাসিন্দা আধাসেনার জওয়ান পার্থ সুস্থভাবে পরিবারের কাছে ফিরে আসুক ৷ ওঁর বাড়িতে অসুস্থ বাবা-মা, স্ত্রী ও সন্তানরা রয়েছেন ৷ ওঁদের কাছে সুস্থভাবে ফিরে আসুক ৷ আর মাওবাদীদের এই নাশকতার বিরুদ্ধে কেন্দ্র কঠোর পদক্ষেপ করুক ৷"

এ দিন রাঁচিতে শহিদ সিআরপিএফের সাব ইন্সপেক্টর সুনীল মণ্ডলকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং রাজ্যপাল সন্তোষ কুমার গাংওয়ার ৷ মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, "ছত্তিশগড় পুলিশ ও সিআরপিএফের যৌথ অভিযানে মাওবাদীরা ক্রমশ পিছু হটছে ৷ ফলে হতাশা থেকে এই চোরাগোপ্তা হামলা চালাচ্ছে ৷ মাওবাদী দমনে ছত্তিশগড় প্রশাসনের অভিযান জারি থাকবে ৷ আমাদের বাহিনীর বলিদান বৃথা যাবে না ৷"