বংশীহারী থানার আইসি'র বিরুদ্ধে মানবাধিকার কমিশনে অভিযোগ সিপিএমের
সিপিএম নেতৃত্বের অভিযোগ, এই ঘটনা গণতান্ত্রিক আন্দোলনের ওপর চপেটাঘাত এবং মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা।

Published : July 12, 2025 at 3:00 PM IST
বংশীহারী, 12 জুলাই: সিপিএম নেতাকে সপাটে চড় আইসি'র ৷ ঘটনায় পুলিশ সুপার ও মানবাধিকার কমিশনের দ্বারস্থ সিপিএম নেতা ৷ একই সঙ্গে, আইনি পদক্ষেপের পথেও হাঁটছে রাজ্য নেতৃত্ব। কংগ্রেসের পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে ৷
সিপিএম নেতৃত্বের অভিযোগ, এই ঘটনা গণতান্ত্রিক আন্দোলনের ওপর চপেটাঘাত এবং মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা। আইসি'র বিরুদ্ধে তারা দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছে ৷ পাশাপাশি মানবাধিকার কমিশনেও অভিযোগ জানানো হয়েছে বলে দাবি বাম নেতৃত্বের।
বুধবার সকালে সাধারণ ধর্মঘটের সমর্থনে বুনিয়াদপুরে পিকেটিং চলাকালীন সিপিএম-এর বংশীহারী এরিয়া কমিটির সদস্য মাজেদার রহমানকে চড় মারেন আইসি অসীম গোপ। এরপর বাম নেতাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। অভিযোগ, দিনভর তাঁকে থানায় আটকে রেখে রাতে মেডিক্যাল ও বন্ডে সই করে ছেড়ে দেওয়া হয়।
এদিকে বুনিয়াদপুর দলীয় কার্যালয়ের সামনে 512 নম্বর জাতীয় সড়কের ধারে অপেক্ষায় ছিল প্রচুর সিপিএম কর্মী-সমর্থক। পুলিশের নক্কারজনক ঘটনার বিবরণ দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন সিটুর জেলা নেতা গৌতম গোস্বামী। সিপিএম রাজ্য নেতৃত্ব এই ঘটনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ঘোষণা করেছে। ঘটনার তীব্র নিন্দা করেছে কংগ্রেসও।
2024 সালের 6 মার্চ আইসি অসীম গোপ বংশীহারী থানায় প্রথম দায়িত্ব নেন । যদিও দক্ষিণ দিনাজপুর জেলায় 2009 সালে তিনি প্রথম তপন থানায় ওসি পদে যোগ দিয়েছিলেন ৷ পরবর্তীতে এই জেলায় গঙ্গারামপুর, হরিরামপুর থানা ও বালুরঘাট পুলিশ লাইনে দায়িত্বভার পেয়েছিলেন । আর এই দক্ষিণ দিনাজপুর জেলায় বিগত দিনে তিনি একবার পদও হারিয়েছিলেন। একবার মাঝে মালদা ও জলপাইগুড়িতে কয়েকটি থানায় দায়িত্ব সামলে পুনরায় এক বছর চার মাস আগে বংশীহারীতে আইসি হিসেবে যোগদান করেন।
কেন তিনি বনধ সমর্থনকারীদের সঙ্গে কথোপকথন চলাকালীন মেজাজ হারালেন এ নিয়ে চর্চা সাধারণ মানুষ থেকে পুলিশ মহল সর্বত্র। সারা ভারত কৃষক সভার কেন্দ্রীয় কমিটির সদস্য শকিরুদ্দিন আহমেদ বলেন, "বিষয়টি নিয়ে আমরা রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বদের জানিয়েছি। এ বিষয়ে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে। মানবাধিকার কমিশনে অভিযোগ জানানো হয়েছে।"
সিপিআইএম কর্মীকে চড় মারার ঘটনায় বালুরঘাটের দক্ষিণ দিনাজপুর জেলা কার্যালয়ে সিপিএমের দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক নন্দলাল হাজরা বলেন, "ট্রেড ইউনিয়ন-এর ভারত বনধের পিকেটিং-এর সময় দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে মাজেদুর রহমান নামে এক সিপিএম নেতাকে চড় মারেন বংশীহারী থানার আইসি অসীম গোপ। এই ঘটনা গণতান্ত্রিক আন্দোলনের ওপর চপেটাঘাত, এবং মানবাধিকার লঙ্ঘন হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে আমরা দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছি। পাশাপাশি মানবাধিকার কমিশনে অভিযোগ জানানো হয়েছে। রাজ্য নেতৃত্বও বিষয়টি দেখছে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।"
অন্যদিকে, এই ঘটনায় আগামী তিন দিনব্যাপী দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে বামফ্রন্ট আন্দোলনে নামবে বলে জানান দক্ষিণ দিনাজপুর জেলা সিপিএম সম্পাদক নন্দলাল হাজরা। এই বিষয়ে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন, "বুধবার বনধ চলাকালীন কী ঘটনা ঘটেছে এবং কেন এরকম ধরনের ঘটনা ঘটল সে বিষয়ে তদন্ত করে খোঁজ নিচ্ছি।"

