কয়লা বোঝাই মালগাড়ির কাপলিং খুলে বিপত্তি, 22টি বগি রেখে ছুটল ইঞ্জিন !
বেশ কয়েক কিলোমিটার চলে যাওয়ার পর বিষয়টি নজরে আসে ট্রেনের চালকের ৷ কীভাবে খুলল কাপলিং, খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ ৷

Published : March 9, 2025 at 3:45 PM IST
|Updated : March 9, 2025 at 3:58 PM IST
চন্দ্রকোণা 9 মার্চ: বড়সড় রেল দুর্ঘটনার থেকে রক্ষা ৷ এবার বিপত্তি মালগাড়িতে ৷ চন্দ্রকোণা রোড স্টেশনের কাছে 22টি বগি ফেলে রেখে ছুটল মালগাড়ির ইঞ্জিন ৷ বেশ কিছুটা চলে যাওয়ার পর, তা নজরে আসে চালকের ৷ এই ঘটনার জেরে কয়েকঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে আদ্রা ডিভিশনের ওই শাখায় ৷ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বলে খবর রেল সূত্রে ৷ বেশ কিছু দূরপাল্লার ট্রেনও দেরিতে চলছে ৷
এ নিয়ে নামপ্রকাশে অনিচ্ছুক রেলের এক আধিকারিক বলেন, "খতিয়ে দেখা হচ্ছে কীভাবে কাপলিং খুলে গেল ৷ এই ঘটনায় আমাদের কয়েকটি ট্রেন বাতিলও করতে হয়েছে ৷ তবে, আমরা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছি ৷ আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে কাপলিং খুলে যাওয়ার কারণ খতিয়ে দেখছে ৷"
জানা গিয়েছে, রবিবার সকালে চন্দ্রকোণা রোড স্টেশন পেরিয়ে মেদিনীপুরের দিকে আসছিল কয়লা বোঝাই মালগাড়িটি ৷ কিন্তু, স্টেশন পেরিয়ে কিছু দূর যাওয়ার পরেই ইঞ্জিনের পাঁচটি বগির পর থেকে কাপলিং খুলে যায় ৷ ফলে পাঁচটি বগি নিয়ে এগিয়ে যায় ইঞ্জিন ৷ বাকি 22টি বগি সেখানেই রয়ে যায় ৷ বেশ কিছু দূর চলে যাওয়ার পর বিষয়টি চালকের নজরে আসে ৷ তখন তিনি দ্রুত ইঞ্জিন থামান ৷

খবর দেওয়া হয় আদ্রা ডিভিশনে ৷ সেখান থেকে ইঞ্জিনিয়ার এবং রেলের আধিকারকিরা ঘটনাস্থলে এসে পৌঁছন। ধীরে-ধীরে পাঁচটি বগি-সহ ইঞ্জিনটিকে পিছনের দিকে নিয়ে আসা হয় ৷ কয়েকঘণ্টা পরে বগিগুলি জুড়ে ফের গন্তব্যে রওনা দেয় মালগাড়ি ৷ তবে, এর জেরে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন স্টেশনে-স্টেশনে দাঁড়িয়ে যায় ৷ সবমিলিয়ে বেশ কিছু ট্রেন দেরিতে চলে ৷ এক প্রত্যক্ষদর্শী বলেন, "আমরা দেখলাম একটি মালগাড়ির ইঞ্জিন বগি রেখেই চলে গেল ৷ অনেক যাত্রীবাহী ট্রেন দাঁড়িয়ে পড়ে পরপর ৷ এটা যদি দিনের বদলে রাতে হতো, তাহলে ভয়নাক দুর্ঘটনা ঘটতে পারত ৷ রেলের এটা বড় গাফিলতি। এগুলি দ্রুত শুধরানো উচিত ৷"

