ETV Bharat / state

কর্মক্ষেত্রে ফিরে যান বেতন পাবেন, যোগ্য-অযোগ্য নিয়ে ভাবার দরকার নেই: মমতা

মুখ্যমন্ত্রীর দাবি, শিক্ষকদের আন্দোলনের আড়ালে কিছু 'সুবিধাবাদী' গোষ্ঠী আছে, যারা কথায় কথায় আদালতের দ্বারস্থ হয় এবং পিআইএল করে সরকারি নিয়োগ প্রক্রিয়াকে বিপর্যস্ত করে তোলেন ।

CM Mamata Banerjee
মেদিনীপুরের পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ছবি সূত্র-সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 22, 2025 at 2:40 PM IST

3 Min Read
Choose ETV Bharat

মেদিনীপুর, 22 এপ্রিল: চাকরি নিয়ে রাজনীতি নয়, বরং মানবিকতার জয় হোক ৷ মেদিনীপুরের পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে মঙ্গলবার এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কলকাতায় এসএসসি ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে তিনি বলেন, "আপনারা বেতন নিয়ে ভাববেন না । নিশ্চিন্তে স্কুলে ফিরে যান, ক্লাস নিন । আইন মেনেই রাজ্য সরকার আপনাদের পাশে থাকবে ।"

গত কয়েকদিন ধরে সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হওয়া চাকরি ও বকেয়া বেতন নিয়ে ক্ষোভে ফুঁসছেন বহু শিক্ষক । মুখ্যমন্ত্রীর দাবি, শিক্ষকদের এই আন্দোলনের আড়ালে কিছু 'সুবিধাবাদী' গোষ্ঠী আছে, যারা কথায় কথায় আদালতের দ্বারস্থ হয় এবং পিআইএল করে সরকারি নিয়োগ প্রক্রিয়াকে বিপর্যস্ত করে তোলে । তিনি বলেন, "বাংলায় কয়েকজন আছেন যাঁরা নিজেরা চাকরি খাওয়ার জন্য, সরকারি চাকরি আটকে দেওয়ার জন্যই পিআইএল করেন । এঁরা জনগণের কাজ করেন না, ভোটও চান না । কেবলই আদালতে গিয়ে বাংলার সর্বনাশ করছেন ।"

আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা (ইটিভি ভারত)

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এও স্পষ্ট করেন, "আমরা কারও চাকরি খেতে চাই না । বরং যারা চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করছে, তাদের উপরই আস্থা রাখুন । যারা মামলা করে চাকরি কেড়ে নিতে চায়, তাদের উপর নয় ।" তিনি জানান, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে এবং তারই ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে । মুখ্যমন্ত্রী বলেন, "আপনারা যে বেতন পাবেন, সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং সেইমতো ব্যবস্থা হবে ৷"

CM Mamata Banerjee
সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধনে মেদিনীপুরে মুখ্যমন্ত্রী (নিজস্ব ছবি)

আন্দোলনকারীদের একাংশ 'উস্কানি' দিচ্ছেন বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "যারা উস্কানি দিচ্ছে, তারা কিন্তু আপনাদের বেতন দেবে না । সেই দায়িত্ব সরকারের । কাজেই আপনারা উত্তেজিত হবেন না, ঝামেলা করার দরকার নেই । আইনের পথে হেঁটেই সমস্যা মিটবে ।" তিনি আরও বলেন, "যাদের চাকরি বাতিল হয়েছে, সেই গ্রুপ সি ও ডি'র বিষয়ে আমরা আবারও আইনজীবীদের সঙ্গে কথা বলছি । প্রয়োজনে ফের আদালতের দ্বারস্থ হব । আপনাদের বলছি, আমাদের উপর বিশ্বাস রাখুন । যারা মানবিক মুখ হারিয়ে ফেলে রাজনীতি করছে, তারা আপনাদের কোনও সুরাহা দেবে না ।"

CM Mamata Banerjee
মেদিনীপুর কলেজিয়াট মাঠে মমতার সভা (নিজস্ব ছবি)

কলকাতা হাইকোর্টে প্রাথমিকের 35 হাজার শিক্ষককে ছাঁটাইয়ের দাবিতে যাঁরা মামলা করেছেন তাঁদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "যাদের চাকরি কেড়ে নেওয়া হচ্ছে, তারা কেউ কেউ ব্যাংক লোন নিয়ে বাড়ি করেছে, পরিবার রয়েছে । একটা চাকরি কেড়ে নেওয়ার আগে ভাবতে হবে তার পেছনে একজন মানুষের জীবন জড়িয়ে আছে । রাজনীতি করতে গিয়ে মানুষকে মারবেন না, বরং মানুষের মুখে হাসি ফোটানোর কথা ভাবুন ।"

CM Mamata Banerjee
স্কুল ছাত্রীর হাতে পরিষেবা তুলে দিচ্ছেন মমতা (নিজস্ব ছবি)

এই বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ ও ত্রিপুরার উদাহরণ টানেন ৷ তিনি বলেন, "উত্তরপ্রদেশে 69 হাজার ও ত্রিপুরায় 10 হাজার চাকরি গিয়েছে, কেউই তা ফেরত পায়নি । আমরা কিন্তু আদালতে গিয়ে লড়ে চাকরি ফেরানোর ব্যবস্থা করেছি । বাংলায় আমরা মানবিক মুখ দেখাতে চাই ।"

CM Mamata Banerjee
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ছবি)

বক্তব্যের শেষে মুখ্যমন্ত্রী ফের আবেদন জানান, "শিক্ষক-শিক্ষিকারা, আপনারা স্কুলে যান, ক্লাস নিন । যেটুকু সমস্যা আছে সেটা সরকার ও আদালতের দেখার বিষয় । আইন যেমন নিয়ম মানতে বলে, তেমনই নতুন পথও খুলে দেয় । আমাদের লক্ষ্য বেকারত্ব কমানো, কাজের সুযোগ বাড়ানো ।"

CM Mamata Banerjee
বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ছবি)

মুখ্যমন্ত্রীর এদিনের এই মন্তব্যের পর বিক্ষোভরত শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলনের গতিপ্রকৃতি কোন পথে এগোয়, এখন সেটাই দেখার । তবে, সরকার এই মুহূর্তে আইনসঙ্গত পথেই সমস্যার সমাধান চাইছে, তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী ।