বাড়ির সামনে থেকে বালককে তুলে নিয়ে গেল চিতাবাঘ
জলপাইগুড়ির নাগরাকাটায় ফের চিতাবাঘের আতঙ্ক ৷ দেড় মাস আগে একটি বাচ্চার পর এবার চিতাবাঘের হামলার শিকার নাবালক ৷ আতঙ্কে এলাকাবাসী ৷

Published : August 28, 2025 at 11:38 AM IST
জলপাইগুড়ি, 28 অগস্ট: দেড় মাসের মধ্যে দু'বার ৷ এবার বাড়ির সামনে থেকে এক স্কুল পড়ুয়াকে তুলে নিয়ে গেল চিতাবাঘ । বুধবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের আংরাভাষা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খুটাবাড়িতে ৷ মৃত বালকের নাম করিমূল হক (12)। চা বাগানের পর বনবস্তি এলাকায় ফের চিতাবাঘের হামলায় মৃত্যুর ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বানারহাট থানার আইসি বিরাজ মুখোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ বাহিনী-সহ ধূপগুড়ির এসডিপিও গেলসন লেপচা ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত স্কুল পড়ুয়া কলাবাড়ি হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, স্থানীয় কোনও চা বাগান থেকেই চিতাবাঘটি লোকালয়ে এসেছিল । স্কুল পড়ুয়ার বাড়ির সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় চিতাবাঘটি । বালককে মুখে করে স্থানীয় একটি বেগুন ক্ষেতে নিয়ে যায় চিতাবাঘটি । স্থানীয় একজন সেই দৃশ্য দেখতে পান ৷ তিনি চিৎকার শুরু করলে চিতাবাঘটি বালককে ফেলে রেখে দিয়ে চলে যায় । তবে ক্ষত এতটাই গুরুতর ছিল যে, ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে করিমূল । এরপরেই বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা ।
স্থানীয় বাসিন্দা জাকির হুসেন বলেন, "বন বিভাগ ঠিকমতো কাজ করে না । এর আগেও এমন ঘটনা ঘটেছে ৷ এলাকায় খাঁচা পাতা হলেও সেখানে কোনও খাবার দেওয়া হয়নি ৷ তাহলে চিতাবাঘ কিসের লোভে খাঁচায় আসবে । বন দফতর সঠিক পদক্ষেপ না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব ।"
গরুমারার অতিরিক্ত বিভাগীয় বনাধিকারিক রাজীব দে বলেন, "অত্যন্ত দুঃখজনক ঘটনা । আমরা মৃতের পরিবারের পাশে আছি । সরকারি নিয়ম মেনে আর্থিক সাহায্য দেওয়ার ব্যবস্থা করা হবে ।"
অন্যদিকে নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুরের কথায়, "বলার কোনও ভাষা নেই । অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা । এইভাবে বাড়ির সামনে থেকে একটি বাচ্চাকে চিতাবাঘ তুলে নিয়ে চলে যাবে ভাবাই যায় না ।"
জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) সমীর আহমেদের বক্তব্য, "চিতাবাঘের আক্রমণে একটি বাচ্চার মৃত্যু হয়েছে । স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেন । পরিস্থিতি উত্তপ্ত ছিল । আমরা সবাইকে বুঝিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি ।"
গত 18 জুলাই জলপাইগুড়ি জেলার বানারহাট থানার কলাবাড়ি চা বাগানের হোলাস লাইন এলাকায় চিতাবাঘ একটি বাচ্চাকে তুলে নিয়ে গিয়েছিল । ঘটনাস্থলে মৃত্যু হয়েছিল আয়ুষ ওরাওঁয়ের । সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবারও ওই একই গ্রাম পঞ্চায়েত এলাকাতেই চিতাবাঘের হামলায় মৃত্যুর ঘটনা ।

