ETV Bharat / state

রচনার তিরস্কার ! ইস্তফা বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতার

স্মার্ট ক্লাসরুম তৈরি নিয়ে প্রধান শিক্ষিকাকে অশ্রাব্য গালিগালাজের অভিযোগ ওঠে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে ৷ তাঁর মাথা খারাপ বলে মন্তব্য করেন রচনা ৷

Rachna Banerjee at CHUNCHURA School
চুঁচুড়ার বালিকা বাণী মন্দির স্কুলের ছাত্রী ও শিক্ষিকাদের সঙ্গে সাংসদ রচনা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 1, 2025 at 6:28 PM IST

4 Min Read
Choose ETV Bharat

চুঁচুড়া, 1 অগস্ট: প্রধান শিক্ষিকাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ ওঠার পর ওই শিক্ষিকার বিরুদ্ধেই পাল্টা অভিযোগ করলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ৷ তাঁর অভিযোগ, চুঁচুড়ার বালিকা বাণী মন্দির স্কুলের প্রধান শিক্ষিকা সাংসদ তহবিলের টাকা ব্যবহারের আগে ম্যানেজিং কমিটির অনুমতি নেননি ৷ প্রধান শিক্ষিকার উপর চেঁচামেচি করার কথা স্বীকার করে নেন বিধায়ক ৷ পাশাপাশি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের কাছে তাঁর বিরুদ্ধে মুখ খুলে ভুল করেছেন বলেও আক্ষেপ করেন অসিত ৷ এই টানাপোড়েনের মাঝে স্কুলের পরিচালন সমিতির সদস্য পদ থেকে ইস্তফা দিলে বিধায়কের ঘনিষ্ঠ তৃণমূল নেতা গৌরীকান্ত মুখোপাধ্যায় ৷

বিবাদের সূত্রপাত স্মার্ট ক্লাসরুম

চুঁচুড়া বালিকা বাণী মন্দির স্কুলে সাংসদ তহবিলের টাকায় স্মার্ট ক্লাস রুম তৈরি হচ্ছে ৷ বৃহস্পতিবার তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সেই কাজ দেখতে স্কুলের হাজির হন ৷ স্কুলের প্রধান শিক্ষিকা তাঁর কাছে বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে অকথ্য ভাষায় কথা বলার অভিযোগ করেন ৷ সাংসদ তহবিলের টাকায় একটি স্মার্ট ক্লাসরুম নির্মাণকে ঘিরে স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে দুর্বব্যহার করেছেন বলে অভিযোগ বিধায়কের বিরুদ্ধে ৷ এরপর চুঁচুড়ার বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিনেত্রী-সাংসদ রচনা ৷

স্মার্ট ক্লাসরুমকে কেন্দ্র করে বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে বিরোধ সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের (ইটিভি ভারত)

রচনার তিরস্কার

নালিশ শুনে সাংসদ রচনা মজুমদার বলেন, "একজনের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে ৷ আমার এলাকার সাত জনের মধ্যে বাকি ছ'জন প্রাণ দিয়ে তৃণমূলের জন্য কাজ করে ৷" এদিকে অসিত মজুমদার তিন বারের বিধায়ক এবং এলাকায় প্রবীণ নেতা বলে পরিচিত ৷ তাঁকে নিয়ে রচনার বক্তব্য, "আমার মনে হয় ওঁর বয়স হয়ে গিয়েছে, মাথা কাজ করছে না ৷"

বিধায়ক অসিত মজুমদারের পাল্টা অভিযোগ

সেই সময় অসিত মজুমদার কিছু বলতে না চাইলেও শুক্রবার তিনি বলেন, "সাংসদ ভুল করেছেন ৷" এই ঘটনার পেক্ষিতে ওই স্কুলের পরিচালন সমিতির সদস্য পদ থেকে ইস্তফা দেন বিধায়ক-ঘনিষ্ঠ তৃণমূল নেতা গৌরীকান্ত মুখোপাধ্যায় ৷

তাঁর দাবি, বিধায়কের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন স্কুলের প্রধান শিক্ষিকা ৷ এবার যদি প্রধান শিক্ষিকা তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ করতে পারেন ৷ তাই আগেভাগেই পদত্যাগ করলেন ৷ তৃণমূলের সাংসদ বনাম বিধায়ক বিতর্কের সুযোগে স্থানীয় বিজেপি নেতা স্বপন পাল কাটমানির প্রসঙ্গ উত্থাপন করেন ৷

সব দোষ প্রধান শিক্ষিকার

বিধায়ক অসিত মজুমদার সব দোষ প্রধান শিক্ষিকার উপর চাপিয়ে বলেন, "আমি প্রধান শিক্ষিকাকে বলেছি, তিনি ম্যানেজিং কমিটির অনুমতি না নিয়ে সাংসদ তহবিলের টাকায় স্মার্ট ক্লাস তৈরি করছেন ৷ এই কাজ একশো বার হবে ৷ কিন্তু সরকারি নিয়ম মেনে হবে ৷ ম্যানেজিং কমিটি স্কুল পরিচালন ব্যবস্থার একজন ৷"

স্মার্ট ক্লাসের উদ্যোগ প্রথমে তিনিই নিয়েছিলেন ৷ প্রৌঢ় নেতা বলেন, "আমিই স্মার্ট ক্লাসের কথা সাংসদকে বলেছিলাম ৷ দোষ তো প্রধান শিক্ষিকার ৷ সরকারের নিয়ম অনুযায়ী অর্ডার আসার পর স্কুলের ম্যানেজিং কমিটির বৈঠক ডাকতে হত ৷ সেটা করেনি ৷ ফলে বিষয়টা আমি জানি না ৷ এদিকে পড়ুয়াদের অভিভাবকরা অভিযোগ করছেন ৷ মহিলাদের স্কুলে বাইরের লোক থাকছে ৷ তাদের কোনও পরিচয়পত্র ছাড়াই স্কুলে ঢোকানো হয়েছে ৷"

তৃণমূল বিধায়কের বক্তব্য, "একটা মেয়ের যদি ক্ষতি হয়ে যায়, তাহলে সরকারের মুখ পুড়বে ৷ আমি ম্যানেজিং কমিটির সদস্য ৷ আমাকে কি ছাড়বেন দিদি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) ?"

রচনা ভালো মেয়ে

তবে রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি বিধায়ক অসিত মজুমদার ৷ তাঁর কথায়, "সাংসদ কী করেছেন, সেই বিষয়ে বলব না ৷ তিনি অনেক ছোট ৷ সবে রাজনীতিতে এসেছেন ৷ ভালো মেয়ে ৷ তাঁকে ভুল বোঝাচ্ছে ৷ আমার সঙ্গে কথা বলা উচিত ছিল ৷ প্রধান শিক্ষিকা যিনি বলছেন, তিনি তো দিন জাগা রাত জাগা রাত পাহারা দেওয়া লোক ৷ তিনিই সাংসদ-বিধায়কদের মধ্যে লড়িয়ে দিচ্ছেন ৷ সংবাদমাধ্যমে না বলে দলের মধ্যে বলা উচিত ছিল সাংসদের ৷"

অসিত বলেন, "আমি বিষয়টি দলকে জানিয়েছি ৷ আমি তিন বারের বিধায়ক লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে একাধিক রাজনৈতিক নেতাকে হারিয়েছি ৷ দলের বিশ্বাস থাকলে আমি আবার চুঁচুড়া বিধানসভা থেকে বিধায়ক পদে লড়ব ৷ আমি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করেছি ৷ ভয়েস মেসেজ পাঠিয়েছি ৷ রচনার স্বামীর সঙ্গে কথা বলেছি ৷"

আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট ৷ তার আগে দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে চুঁচুড়ার রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে ৷ চুঁচুড়া পুরসভার চেয়ারম্যানের সঙ্গে বিধায়ক অসিত মজুমদারের সম্পর্ক যে ভালো নয়, তা সকলেই জানে ৷ এছাড়া কয়েকজন বিধায়কের সঙ্গে মনোমালিন্য আগাগোড়াই রয়েছে ৷ এবার সাংসদ রচনার সঙ্গে দ্বন্দ্ব প্রকাশ্যে এল ৷