তৃণমূল নেতার বিরুদ্ধে অঙ্গনওয়াড়িতে তালা লাগানোর অভিযোগ
বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্র ৷ এলাকার শিশু, অন্তঃসত্ত্বা মহিলারা সরকারের দেওয়া পুষ্টিকর খাবার পাচ্ছেন না ৷ অভিযোগ, তালা লাগিয়েছেন এলাকারই তৃণমূল নেতা ৷

Published : July 4, 2025 at 8:33 PM IST
ধুবুলি, 4 জুলাই: ফাঁকা অঙ্গনওয়াড়ি কেন্দ্র ৷ শুক্রবার নিয়ে চারদিন তালাবন্ধ স্কুল ৷ বন্ধ এলাকার শিশু ও গর্ভবতীদের মধ্যে ডিম-পুষ্টিকর খাবার বিতরণ ৷ নদিয়ার ধুবুলিয়ার বটতলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই দুর্দশার কারণ নাকি এলাকার তৃণমূল নেতা ৷ শিক্ষিকা-সহ স্থানীয়দের অভিযোগ, এলাকার তৃণমূল নেতা বরকত আলী শেখ স্কুলে তালা দিয়ে রেখেছেন ৷ তাঁর পছন্দের শিক্ষিকাকে এই কেন্দ্রে নিয়োগ করা হয়নি ৷
তাই তৃণমূল নেতার দাদাগিরিতে চারদিন ধরে বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্র ৷ এই এলাকার দীর্ঘদিনের বিধায়ক উজ্জ্বল বিশ্বাস রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ৷ এই ঘটনায় তাঁর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বিজেপির মণি ঘোষ ৷
নিয়ম অনুযায়ী এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা অবসর নেওয়ায় নতুন শিক্ষিকা নিয়োগ করা হয় ৷ ধুবুলিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দীর্ঘদিনের সদস্য তৃণমূল নেতা বরকত আলী শেখ ৷ নেতার দাবি, তাঁর পরিচিত এক শিক্ষিকা ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিক্ষিকা পদের কাজ করার জন্য আবেদন জানিয়েছিলেন ৷ এদিকে অঙ্গনওয়াড়ির আধিকারিক টুকটুকি খাতুন নামে এক শিক্ষিকাকে নিয়োগ করেছে ৷
সরকারিভাবে নবনিযুক্ত শিক্ষিকা টুকটুকি খাতুন বলেন, "এখানকার তৃণমূল সদস্য তালা দিয়ে দিয়েছেন ৷ তাঁর দাবি, আমাকে এখানে নেওয়া যাবে না ৷ আমার নিয়োগ অর্ডার বাতিল করতে হবে ৷ তৃণমূল নেতার পছন্দের শিক্ষিকাকেই নিয়োগ করতে হবে ৷ সরকারি প্রক্রিয়ায় আমি এখানে এসেছি ৷ বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি ৷ তৃণমূল নেতা গায়ের জোরে তালা দিয়ে রেখেছেন ৷"
এই নবনিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে বরকত আলী শেখের অভিযোগ, তিনি অযোগ্য ৷ শিক্ষিকা আগে যেখানে কাজ করতেন, সেখান থেকে বের করে দেওয়া হয়েছে ৷ অঙ্গনওয়াড়ি কেন্দ্র সামলানোর যথেষ্ট যোগ্যতা তাঁর নেই ৷ তাই কেন্দ্রের দরজায় তালা লাগিয়ে দিয়েছেন তিনি ৷
এই ঘটনায় সরব হয়েছেন স্থানীয় বিজেপি নেতা মণি ঘোষ ৷ তিনি এলাকার পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ৷ মণি ঘোষ বলেন, "আজ প্রায় চারদিন 101 জন শিশু এবং সব মিলিয়ে 110 জনের খাবার বন্ধ রয়েছে ৷ পঠনপাঠন বন্ধ ৷ পঞ্চায়েত সমিতির সদস্য গায়ের জোরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা লাগিয়ে দিয়েছেন ৷ এলাকাবাসীও তো এর প্রতিবাদ করতে পারে, কেউ করে না ৷"
তিনি আরও বলেন, "তৃণমূল নেতার এই কীর্তি তিনি কি এইভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ করতে পারেন ? আলোচনা হল না ৷ আমাদের পছন্দের লোককে নিয়োগ করতে হবে ৷ এটা দাদাগিরি ছাড়া আর কী হতে পারে ? এই রাজত্ব দীর্ঘদিন ধরে চলছে ৷"
এলাকারই বিধায়ক রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ৷ এই ঘটনায় তিনি কোনও উচ্চবাচ্য করেননি ৷ এই প্রসঙ্গে বিজেপি নেতা মণি ঘোষ বলেন, "উজ্জ্বল বিশ্বাস তো মন্ত্রী ৷ কিন্তু তাঁর ব্যাপারে বলার কিছু নেই ৷ তিনি এলাকার বিধায়ক ৷ কিন্তু আজ পর্যন্ত তিনি কোনও প্রতিবাদ করেননি ৷ তাঁর কাছে গেলে তিনি কোনও সমস্যা শোনেন না ৷ আজ চারদিন ধরে এই অবস্থা ৷ তিনি তো জিজ্ঞাসা করতে পারতেন যে কেন এই সব হচ্ছে ৷ 15 বছরের বিধায়ক ৷ তিনি কোনও কাজ করেন না ৷ দিদির আশীর্বাদ পেয়েছেন ৷"
অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন এলাকার মানুষ ৷ খাবার না পেয়ে ফিরে যাচ্ছে শিশুরা ৷ পড়াশোনাও বন্ধ ৷ কবে এর সমাধান হবে ? প্রশ্ন তুলছে এলাকাবাসীর ৷

