ETV Bharat / state

মাটির বাড়ির দেওয়াল ধসে শিশুর মৃত্যু, আবাস তরজায় শাসক-বিরোধী

খেলতে খেলতে হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির দেওয়াল । তাতেই চাপা পড়ে মৃত্যু শিশুকন্যার । বাঁকুড়ার পাত্রসায়েরের ঘটনা ।

bankura wall collapse child death news
এই দেওয়াল চাপা পড়েই মৃত্যু হয় শিশুটির (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 3, 2025 at 8:04 PM IST

3 Min Read
Choose ETV Bharat

পাত্রসায়ের (বাঁকুড়া), 3 অগস্ট: টানা বৃষ্টির জেরে দুর্ঘটনা । মাটির বাড়ির দেওয়াল ধসে মৃত্যু হল এক শিশুর । রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের ডাংপাড়া গ্রামে । ঘটনা প্রকাশ্যে আসতেই ঘর দেওয়াকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । একে অপরকে দুষছে শাসক-বিরোধী ।

চলতি বছর বর্ষার শুরু থেকেই উপর্যুপরী নিম্নচাপের প্রভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বাঁকুড়া জেলার বহু কাঁচা বাড়ি । চলতি সপ্তাহে লাগাতার বৃষ্টিতে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে । আর সেই লাগাতার বৃষ্টিতে এবার কাঁচা মাটির বাড়ির দেওয়াল ধসে মৃত্যু হল তিন বছরের এক শিশুর ।

দেওয়াল ধসে শিশুমৃত্যুতে রাজনৈতিক তরজা, দেখুন ভিডিয়ো (ইটিভি ভারত)

জানা গিয়েছে, এদিন সকালে কিরণ লোহার নামের এক শিশুকন্যা বাড়ির সামনে অপর একটি শিশুর সঙ্গে খেলা করছিল । সকাল সাড়ে সাতটার আশপাশে আচমকাই বাড়ির একটি দেওয়াল ধসে পড়ে কিরণের উপর । ঘটনা নজরে আসতেই পরিবারের লোকজন ওই শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় । সেখানে চিকিৎসকরা কিরণকে মৃত বলে ঘোষণা করেন ।

এই ঘটনায় মৃত শিশুর পরিবারের দাবি, আবাস যোজনায় পাকা বাড়ির জন্য তাঁরা আবেদন জানিয়েছিলেন । কিন্তু তালিকায় নাম আসেনি । কেন্দ্র ও রাজ্য, কোনও সরকারের আবাস যোজনাতেই বাড়ি পাননি তাঁরা । আজ পাকা বাড়ি থাকলে এভাবে কোলের শিশুটিকে প্রাণ হারাতে হত না ।

এদিকে দেওয়াল চাপা পড়ে শিশুমৃত্যুর ঘটনা সামনে আসতেই একে অপরের উপর দায় চাপাতে ব্যস্ত হয়ে পড়েছে তৃণমূল-বিজেপি । বিষয়টি নিয়ে তৃণমূলের বিষ্ণুপুর জেলার সভাপতি সুব্রত দত্ত বলেন, নরেন্দ্র মোদির সরকার আবাস যোজনায় তালিভুক্তদের নাম কেটে বাদ দিয়েছেন । দীর্ঘদিন ধরে টাকা দেননি । আজ যদি ঠিক সময়ে আবাস যোজনার টাকা বাড়িতে পৌঁছে দিতেন তাহলে এই দুর্ঘটনা ঘটত না । এই ঘটনায় শিশুটির পরিবারকে সমবেদনা জানানো ছাড়া আমাদের আর কোনও উপায় নেই । অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন । আমরা সর্বতোভাবে ওনাদের পাশে আছি ।"

এই বক্তব্যের পাল্টা দিয়েছেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী । তাঁর কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কেন্দ্রীয় সরকার কিছু না দিলে আমরা দেব মানুষকে । পশ্চিমবঙ্গের মানুষের জন্য আছি । আর যখনই দেওয়াল চাপা পড়ে মানুষ মারা যাচ্ছে তখন ওনারা বলছেন কেন্দ্রীয় সরকার দিচ্ছে না । ওনারা নাকি 100 শতাংশ পশ্চিমবাংলার মানুষের পাশে আছেন । তাহলে মারা যাচ্ছে কী করে ? যে এলাকায় শিশুটি মারা গিয়েছে সেখানে তৃণমূলের নেতারা একাধিক বাড়ি নিয়েছে । গরিব মানুষদের নাম কেটে নেতা ও বড়লোকদের বাড়ি দিয়েছে তৃণমূল । তার জন্য গরিব মানুষ বঞ্চিত হয়েছে । তাই আজ অকালে একটি শিশুর প্রাণ চলে গেল । এর জন্য ওরা দায়ী ।"