ছানার তৈরি চ্যাম্পিয়নস ট্রফি, কোহলি-রোহিতের ব্যাটিংয়ে 'বিরাট' ছাড় পনিরেও
ফাইনাল ঘিরে তুমুল উন্মাদনা দেশজুড়ে ৷ দুর্গাপুরের এক মিষ্টির দোকানে তো চ্যাম্পিয়নস ট্রফি মিষ্টিও রেডি ৷ অফার থাকছে পনিরের দামেও ৷

Published : March 9, 2025 at 4:22 PM IST
দুর্গাপুর, 9 মার্চ: চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ঘিরে উত্তেজনা তুঙ্গে ৷ দেশ ও ক্রিকেট টিমকে ভালোবেসে শহর দুর্গাপুরের স্টিল টাউনশিপের অরবিন্দ অ্যাভিনিউয়ের একটি মিষ্টান্ন প্রতিষ্ঠানে তৈরি করা হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির রেপ্লিকা ৷ 10 কেজি খোয়া ও ছানা দিয়ে তৈরি হয়েছে এই সুদৃশ্য ট্রফি ৷
জানা গিয়েছে, প্রায় তিন দিন সময় লেগেছে ট্রফিটি তৈরি করতে । শুধু তাই নয়, পনিরের দামের উপরেও আজ রবিবার ছাড় দেওয়া হয়েছে একটি বিশেষ কারণে । এমনিতে ফুল ক্রিম পনির 340 টাকা কেজি বিক্রি করা হয় ৷ তবে আজ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতীয় ক্রিকেট দলের দুই স্তম্ভ তথা অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি যতক্ষণ ক্রিজে ব্যাটিং করবেন ততক্ষণ পর্যন্ত 280 টাকা কেজি দরে ফুল ক্রিম পনির দেওয়া হবে ৷ দেশের প্রতি গভীর প্রেম, আবেগ, দেশের ক্রিকেট দলের প্রতি চরম ভালোবাসা এই মিষ্ঠান্ন প্রতিষ্ঠানের কর্ণধার দীপক নাগের । সেই কারণেই খেলার দিনে এত ছাড় ৷
তাঁর কথায়, "আই লাভ মাই ইন্ডিয়া, আই লাভ ইন্ডিয়ান ক্রিকেট টিম । আজ আমার দেশ চ্যাম্পিয়ন হবে । আমি এবং আমার সঙ্গে সঙ্গে গোটা দেশ আশাবাদী আজ ভারত বিশ্বসেরা খ্যাতি পাবে । সেই কারণেই আজ আমার দোকানে এই বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে ৷ 10 কেজি ছানা ও খোয়া দিয়ে তৈরি হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির রেপ্লিকা ।"

শুধু মিষ্টি তৈরিই নয়, প্রতিষ্ঠানের সামনে প্রমাণ সাইজের জাতীয় পতাকা এবং তেরঙা বেলুন দিয়ে সাজিয়েছেন । সবকিছুই দেশ আর ভারতীয় ক্রিকেট দলকে ভালোবেসে ৷

