কেন্দ্রীয় বাহিনী নামলেও আতঙ্ক কাটেনি, 'পরিস্থিতি নিয়ন্ত্রণে', দাবি ডিজি রাজীবের
রাস্তায় শুধু আধাসামরিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, সঙ্গে পুলিশ ৷ সাধারণ মানুষ দেখা যাচ্ছে না সামশেরগঞ্জের পথেঘাটে ৷ যত্রতত্র ছড়িয়ে হামলার ছবি ৷

Published : April 13, 2025 at 2:46 PM IST
|Updated : April 13, 2025 at 4:07 PM IST
সামশেরগঞ্জ, 13 এপ্রিল: অশান্তির আঁচ কমলেও রবিবারেও শান্তি ফেরেনি সামশেরগঞ্জে ৷ এদিন সকাল থেকে বিভিন্ন এলাকায় রুট মার্চ চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী ৷ ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে গত কয়েকদিন ধরে হিংসার ঘটনা ঘটে চলেছে এলাকায় ৷ এই আতঙ্কে থমথমে গোটা এলাকা ৷ শনিবার রাতে ধুলিয়ানে ফের এক যুবক গুলিবিদ্ধ হন ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ এর মধ্যে 4 কোম্পানি বিশেষভাবে প্রশিক্ষিত ব়্যাফ ৷ এছাড়া 9 কোম্পানি বিএসএফ জওয়ানও এলাকায় টহল দিচ্ছে ৷ এদিকে পুলিশের ডিজিপি রাজীব কুমার বলেন, "এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে" ৷ এসপিও বলেন, "এখন অবস্থা আগের থেকে অনেক ভালো ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৷ সবাইকে বলব, গুজবে কেউ কান দেবেন না ৷ সন্দেহ হলে পুলিশের কন্ট্রোলরুমে যোগাযোগ করুন ৷ আমরা বিস্তারিত ব্যাখ্যা করে জানাব ৷"
এদিকে বিজেপির দাবি, মুর্শিদাবাদের এখনও উত্তপ্ত ৷ রাজ্য প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি ৷ এই অভিযোগে মুর্শিদাবাদে আফস্পা লাগু করার দাবি তুলেছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ৷ তিনি এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন ৷ মুর্শিদাবাদে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি হয়েছে, এই দাবি তুলেছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ৷ তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ চেয়ে তাঁকে চিঠি দিয়েছেন ৷
রাজ্য পুলিশের ব্যর্থতা নিয়ে বিরোধীদের পাশাপাশি শাসকদলের বিধায়ক হুমায়ুন কবীরও অভিযোগ তুলেছেন ৷ জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান অবশ্য বলেন, "গতকাল বিকেল থেকে সামশেরগঞ্জে ঘুরছি ৷ যা ঘটেছে, তা যেন ফের না ঘটে ৷ এলাকাবাসীর মধ্যে শান্তি ও সম্প্রীতি যেন অটুট থাকে ৷ মানুষের কাছে সেই বার্তা দিচ্ছি আমরা ৷ রাজ্য পুলিশের সক্রিয়তায় এলাকায় শান্তি ফিরছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক সময়ে সঠিক পদক্ষেপ করায় তাঁকে ধন্যবাদ জানাই ৷"
এদিকে বিশাল সংখ্যায় জওয়ান-পুলিশের টহলদারিতে এখন থমথমে সামশেরগঞ্জ ৷ হিংসার ঘটনায় বহু মানুষ ঘর ছাড়া ৷ দিকে দিকে ছড়িয়ে রয়েছে দুষ্কৃতীদের তাণ্ডব ও নৈরাজ্যের ছবি ৷ কবে স্বাভাবিক হবে সামশেরগঞ্জ ? সাধারণ মানুষের মনে এখন এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে ৷ হাইকোর্টের নির্দেশে শনিবারই সামশেরগঞ্জে কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে ৷ টহল দিচ্ছে আধা সেনা ৷
গতকাল রাতে বিএসএফ বাহিনীকে লক্ষ্য করে পাথর ছোড়ে দুষ্কৃতীরা ৷ অভিযোগ, বিএসএফও পাল্টা গুলি চালিয়েছে ৷ গুলিতে জখম হয়েছেন ধুলিয়ানের সামশের নাকাব নামে এক যুবক ৷ তিনি এখন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৷
ঘরছাড়া মানুষদের আশ্বস্ত করে ঘরে ফেরাতে পথে নেমেছেন জন প্রতিনিধিরা ৷ এলাকায় শান্তি ফেরাতে রাজ্য পুলিশের ডিজিপি বিভিন্ন এলাকায় ঘুরছেন ৷ সামশেরগঞ্জে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি করা হয়েছে ৷ তাই এলাকায় কোনও মিটিং, মিছিল বা 5 জনের বেশি এক জায়গায় জমায়েত নিষিদ্ধ ৷ রাস্তায় লোকজন খুব একটা চোখে পড়ছে না ৷ দোকানপাট সমস্ত বন্ধ ৷
গত এক সপ্তাহ ধরে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে অশান্তির ঘটনা ঘটে চলেছে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ৷ অশান্তির আগুন জ্বলছে জঙ্গিপুর পুলিশ জেলা ৷ ইতিমধ্যে মৃত্যু হয়েছে তিনজনের ৷ মৃতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে ৷ বাড়িতে ঢুকে বাবা-ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ৷
পাশাপাশি বহু বাড়িতে আগুন ধরিয়ে লুটপাটের অভিযোগ উঠেছে ৷ আক্রান্ত হয়েছেন ফরাক্কার বিধায়ক ৷ দোকানে দোকানে লুটপাট ভাঙচুর চালানো হয়েছে ৷ নয়ছয় করা হয়েছে একাধিক সরকারি সম্পত্তি ৷

