ETV Bharat / state

অবশেষে 'কালীঘাটের কাকু'র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই

নগর দায়রা আদালতের ম্যাজিস্ট্রেটের সামনে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ ৷ 30-40 মিনিট ধরে নেওয়া হয় কণ্ঠস্বরের নমুনা ৷

VOICE SAMPLE OF KALIGHATER KAKU
'কালীঘাটের কাকু'র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 11, 2025 at 9:09 PM IST

1 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 11 ফেব্রুয়ারি: দীর্ঘ সময়ের অপেক্ষার পর অবশেষে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই ৷ জানা গিয়েছে, মঙ্গলবার প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে নগর দায়রা আদালতে নিয়ে আসা হয় সুজয়কৃষ্ণ ভদ্রকে ৷ সেখানেই ম্যাজিস্ট্রেটের সামনে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয় ৷

এ দিন প্রায় 30-40 মিনিট ধরে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য একাধিকবার আবেদন জানিয়েছিল সিবিআই ৷ কিন্তু, প্রতিবারই একাধিক বাধা সম্মুখীন হতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের ৷ মাঝে একাধিকবার অসুস্থতার কারণে হাসপাতালেও ভর্তি হন তিনি ৷ ফলে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া বিলম্বিত হয় ৷

নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর নাম সামনে আসে তদন্তকারীদের ৷ এমনকি রাজ্যের একাধিক প্রভাবশালী ব্যক্তিদের সংস্পর্শে ছিলেন তিনি, এমনটাই অভিযোগ করেছিল সিবিআই ৷ এই ঘটনা তদন্তকারী সংস্থার তরফে সুজয়কৃষ্ণকে একাধিকবার জিজ্ঞাসাবাদও করা হয় ৷ তাঁর বয়ানও রেকর্ড করেন তদন্তকারীরা ৷

অভিযোগ, পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদের সময় একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যান সুজয়কৃষ্ণ ভদ্র ৷ তারপরেই তাঁকে গ্রেফতার করে সিবিআই ৷ গ্রেফতারির পর থেকেই কালীঘাটের কাকু নানা সময়ে শারীরিক অসুস্থা দেখা দেয় ৷ ফলে কখনও সরকারি হাসপাতাল, আবার কখনও বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকেন তিনি ৷ নানা টালবাহানার পর অবশেষে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে সক্ষম হল সিবিআই ৷