আদিগঙ্গায় 2টি মোবাইল ফেলে দেন কালীঘাটের কাকু, চার্জশিটে দাবি সিবিআইয়ের
নিয়োগ দুর্নীতিতে জড়িত এজেন্টদের থেকে টাকার হিসেব মিলেছে ৷ কালীঘাটের কাকু কত টাকা পেয়েছেন, সেই তথ্য পাওয়া গিয়েছে ৷ চার্জশিটে জানিয়েছে সিবিআই ৷

Published : March 7, 2025 at 8:29 PM IST
কলকাতা, 7 মার্চ: একদিকে চলছে নিয়োগ দুর্নীতি-কাণ্ডের সিবিআই ও ইডির তদন্ত, অন্যদিকে একই সময়ে দু’টো মোবাইল আদিগঙ্গায় ছুঁড়ে ফেলে দেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু ৷ তদন্তে এমনই তথ্য উঠে এসেছে সিবিআইয়ের হাতে ৷ সম্প্রতি সিবিআইয়ের তরফে নিয়োগ দুর্নীতি মামলায় যে চার্জশিট পেশ করা হয়েছে, সেখানেই তারা এই বিষয়টি উল্লেখ করেছে বলে জানা গিয়েছে ৷
উল্লেখ্য, কালীঘাটের কাকুকে এই মামলায় ইডি ও সিবিআই গ্রেফতার করেছিল ৷ দু’টি তদন্তকারী সংস্থাই তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে ৷ সেখান থেকেও একাধিক তথ্য সামনে এসেছে ৷ তাছাড়া আরও অন্য তথ্যও হাতে পেয়েছেন তদন্তকারী ৷ চার্জশিটে সিবিআইয়ের তরফে সবকিছুরই উল্লেখ করেছে ৷
তার মধ্যে অন্যতম ফোন ফেলে দেওয়ার ঘটনাটি ৷ সিবিআইয়ের দাবি, তদন্তের কথা জানতে পেরেই দু’টো মোবাইল আদি গঙ্গায় ফেলে দেন সুজয়কৃষ্ণ ভদ্র ৷ সেখান থেকেই সিবিআইয়ের অনুমান, ওই মোবাইলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ছিল ৷ সেই কারণেই তা ফেলে দেওয়া হয় ৷
এছাড়া এই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত থাকা চারজন এজেন্ট - শেখ আব্দুল সালাম, বকুল বিশ্বাস, রৌসন আলম ওরফে মিলন এবং তৃস্তান মান্নাকেও জিজ্ঞাসাবাদ করেছে ৷ সেখান থেকেও একাধিক তথ্য তদন্তকারীদের হাতে এসেছে ৷ তদন্তকারীরা জানতে পেরেছেন, ওই এজেন্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল অরুণকুমার হাজরা ওরফে চিনু হাজরার । তাছাড়া সিবিআই সূত্রে খবর, এই চারজনের থেকে দশটি ডায়েরি উদ্ধার হয়েছে ৷ ওই ডায়েরিগুলিতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তথ্য রয়েছে ৷ সেই ডায়েরিগুলির একটিতে টাকার হিসেব ছিল ৷ সেই টাকাই সরাসরি পৌঁছে যেত কালীঘাটের কাকুর কাছে ৷
সিবিআই সূত্রের খবর, বাজার থেকে চাকরির বিনিময় কোটি কোটি টাকা তোলার পরেও অনেকের চাকরি নিশ্চিত করতে পারেননি অরুণ ও সুজয়কৃষ্ণরা । তখন সেই চাকরিপ্রার্থীরা ও সেই সব এজেন্টরা কালীঘাটের কাকুর কাছ থেকে তাদের ঘুষের টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে থাকেন । আর চাপের মুখে সেই টাকা ফেরত দিতে প্রায় 37 কাঠার একটি জমি বিক্রি করেছিলেন কালিঘাটের কাকু । চারজন এজেন্টকে জিজ্ঞাসাবাদ করে এই বিস্ফোরক তথ্য পেয়েছেন তদন্তকারীরা ।
নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতার করেছিল সিবিআই । পরবর্তী সময়ে তিনি অন্তর্বর্তী জামিন পেয়ে বেহালার বাড়িতেই রয়েছেন । প্রসঙ্গত, সিবিআইয়ের তৃতীয় অতিরিক্ত চার্জশিটে এই সকল বিস্ফোরক তথ্য উল্লেখ করেছে সিবিআই ।

