ETV Bharat / state

আদালতে বিবাহবিচ্ছেদের মামলা, পাসপোর্টে বাধা নাবালক পুত্রের; হাইকোর্টের দ্বারস্থ মা

কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিস জানিয়েছে বাবার অনুপস্থিতিতে তাঁর স্বাক্ষর ছাড়া পাশপোর্ট দেওয়া সম্ভব নয় নাবালক ছেলেকে ।

CALCUTTA HIGH COURT
কলকাতা হাইকোর্টে (ফাইল চিত্র, ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 7, 2025 at 7:23 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 7 জুন: বিবাহবিচ্ছেদের মামলা চলছে বাবা-মায়ের । এই পরিস্থিতির বলি তাঁদের একমাত্র নাবালক পুত্র। সামাজিক সমস্যার গেরোয় জাপানে খেলতে যাওয়া আটকে গিয়েছে নাবালক ছেলের । কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিস জানিয়েছে বাবার অনুপস্থিতিতে তাঁর স্বাক্ষর ছাড়া পাশপোর্ট দেওয়া সম্ভব নয় নাবালক ছেলেকে । অগত্যা, ছেলে যাতে জাপানে খেলতে যেতে পারে, সেই অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিবাহবিচ্ছিন্না মহিলা ।

কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, 2011 সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ব্যারাকপুরের মহিলা । 2015 সালে পুত্র সন্তানের জন্ম । কিন্তু, বৈবাহিক সমস্যার কারণে 2019 সাল থেকে আলাদা থাকতে শুরু করেন ওই দম্পতি । দায়ের হয় বিবাহবিচ্ছেদের মামলা । ছেলেটির বাবা বর্তমানে কোথায় থাকেন, সেই খোঁজও নেই ৷

এদিকে, ছেলে ক্যারাটে খেলায় খুব ভালো । সে সিমলার একটি স্কুলে পড়াশোনা করে । স্কুলের বিভিন্ন প্রতিযোগিতায় সে জয়ী হয়েছে । সম্প্রতি স্কুলের তরফে সিদ্ধান্ত নেওয়া, তাকে জাপানে ক্যারাটে প্রতিযোগিতায় পাঠানো হবে । স্কুলের তরফ থেকে মায়ের কাছে চাওয়া হয় পাসপোর্ট । কিন্তু, বাবার অনুপস্থিতিতে কর্তৃপক্ষ নাবালক ছেলেকে পাসপোর্ট দিতে নারাজ ।

গত 21 ফেব্রুয়ারি ছেলের পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন মা । কিন্তু, পাসপোর্ট কতৃপক্ষ পাসপোর্ট দিচ্ছে না বলে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরীর গ্রীস্ম অবকাশকালীন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন ছেলেটির মা । বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন । মামলাটি আগামী সোমবার শুনানির সম্ভাবনা রয়েছে ।

মহিলা জানান, বাবা জীবিত থাকা সত্ত্বেও শুধুমাত্র মায়ের অবেদনে নাবালক ছেলেকে পাসপোর্ট দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে কলকাতার পাসপোর্ট অফিস ৷ অথচ, পাসপোর্ট ছাড়া বিদেশ যেতে পারছে না নাবালক সন্তান । মহিলার দাবি, এর আগেও তিনি সন্তানের জন্য পাসপোর্টের আবেদন করেছিলেন । সেই সময় তিনি কানাডায় চাকরি করতে যাবেন বলে ঠিক করেছিলেন । ছেলেকেও নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল । কিন্তু, পাসপোর্ট না-দেওয়ায় চাকরিতে যোগ দিতে পারেননি তিনি ।

কয়েক বছর আগে নাবালক পুত্রের অধিকার চেয়ে মামলা করেছিলেন স্বামী । তাতে স্বামীর সঙ্গে দেখা করার নির্দেশ দেয় আদালত । কিন্তু, তারপর থেকে ছেলের সঙ্গে কোনও যোগাযোগই রাখেনি তার বাবা । এমনকী, নিজের সন্তানের নিয়মিত খোঁজখবরও রাখেন না তার বাবা বলে জানান মহিলা ।
বাধ্য হয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন 'সিঙ্গল মাদার' ৷

মহিলার পক্ষের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, "নাবালক সন্তানের নিয়মিত খোঁজ রাখেন না তার বাবা । এমনকী, তিনি কোথায় থাকেন, সে ব্যাপারেও জানেন না স্ত্রী । এই অবস্থার শিকার কেন হবে একটি নাবালক সন্তান ? স্কুলের মাধ্যমে বিদেশে খেলতে যাওয়ার তার সুযোগ এসেছে । এই পরিস্থিতিতে আদালতের কাছে আমরা আর্জি জানাব, ছেলেটির ভবিষ্যতের কথা ভেবে তাকে যাতে পাসপোর্ট দেওয়া হয় সেই নির্দেশ দেওয়ার ।"

পড়ুন: শর্মিষ্ঠা পানোলির অন্তর্বর্তী জামিনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট