পুরনিয়োগ দুর্নীতির মামলায় অয়ন শীলের জামিনের আবেদন খারিজ হাইকোর্টে
ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, অয়ন শীলের জামিন মঞ্জুর করা হলে জনগণের মধ্যে আদালত সম্পর্কে ভুল বার্তা পৌঁছবে । তাই তাঁর জামিনের আবেদন খারিজ করছে হাইকোর্ট ।

Published : March 19, 2025 at 2:57 PM IST
কলকাতা, 19 মার্চ: পুরনিয়োগ দুর্নীতির সিবিআইয়ের মামলায় অন্যতম অভিযুক্ত অয়ন শীল ৷ তাঁর জামিনের আবেদন বুধবার খারিজ করল কলকাতা হাইকোর্ট । বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, তদন্ত যে পর্যায়ে রয়েছে এই পরিস্থিতিতে অন্যতম অভিযুক্তের জামিন মঞ্জুর করা হলে সাধারণ জনমানসে আদালত সম্পর্কে ভুল বার্তা যাবে । সেই জন্য অয়নের জামিনের আবেদন খারিজ করছে আদালত ।
এদিন মামলার শুনানিতে সিবিআইয়ের আইনজীবী ডেপুটি সলিসিটর জেনারেল ধীরজ ত্রিবেদী বলেন, "অয়নের বিরুদ্ধে অভিযোগ, সে পুরনিয়োগ দুর্নীতির মূল পাণ্ডা । দমদম-সহ রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগের ক্ষেত্রে ওএমআর শিট বিকৃত করার চক্রে সে ছিল মূল ব্যক্তি । সিবিআই তদন্ত করছে । কিছু ক্ষেত্রে নম্বর বাড়ানো হয়েছে, কিছু ক্ষেত্রে বিকৃত করা হয়েছে ওএমআর শিট, এমনটাই নথি পেয়েছে সিবিআই । এই মুহূর্তে অয়নের জামিন মঞ্জুর করলে তদন্ত ব্যাহত হবে ।"
অয়নের পক্ষে সওয়ালকারী আইনজীবী শাহিনা হক বলেন, "অন্তত 17টি পুরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগ । দু'বছর হয়ে গিয়েছে অয়ন শীলকে গ্রেফতার করে রাখা হয়েছে । ইডি এখনও পর্যন্ত মাত্র একটা, দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগের ক্ষেত্রে তদন্ত করতে পেরেছে । তদন্তে সেরকম কোনও গতি নেই । অভিযুক্ত বলে বছরের পর বছর আটকে রাখা যায় না । এটা সংবিধানের 21 নম্বর ধারার ব্যক্তি স্বাধীনতার অধিকারের পরিপন্থী । আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব ৷"
উল্লেখ্য, এর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির সিবিআই ও ইডির মামলায় জামিন পেয়েছেন হুগলির বাসিন্দা অয়ন শীল । কিন্তু পুরনিয়োগ দুর্নীতির জন্য তাঁর জেলমুক্তি ঘটেনি । তাঁর বিরুদ্ধে অভিযোগ, রাজ্যের মোট 17টি পুরসভায় নিয়োগের পরীক্ষার ওএমআর শিট বানানোর বরাত ছিল তাঁর কোম্পানির হাতে । ওএমআর শিটে জালিয়াতি করে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তিনি কোটি কোটি তুলেছিলেন বলে অভিযোগ ।

