আরজি করে আর্থিক দুর্নীতিতে কেন এতদিন পরে সিট গঠন ? প্রশ্ন হাইকোর্টের - Cal HC on RG Kar
Calcutta High Court on RG Kar Scam: আরজি করে এবার আর্থিক দুর্নীতিতে অস্বস্তিতে রাজ্য সরকার ৷ কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য ৷ পালটা যুক্তি সাজালেন রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় ৷

Published : August 22, 2024 at 7:55 PM IST
কলকাতা, 22 অগস্ট: আরজি করে ফের প্রশ্নের মুখে রাজ্য সরকার ৷ সরকারপোষিত হাসপাতালে দীর্ঘদিন আর্থিক দুর্নীতির অভিযোগ থাকলেও কেন এতদিন পর, 16 অগস্ট সিট গঠন করল রাজ্য ? প্রশ্ন কলকাতা হাইকোর্টের ৷
এদিন শুনানিতে আখতার আলির পক্ষে অমরজ্যোতি তিওয়ারি বলেন, 2021 সালে আরজি কর মেডিক্যাল কলেজের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক সোমনাথ দাস স্বাস্থ্য দফতরে অভিযোগ দায়ের করে অনিয়মের কথা জানিয়েছিলেন ৷ কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ আখতার আলিও 2021 সালে জুলাইয়ে স্বাস্থ্যভবনে অভিযোগ জানিয়েছিলেন । এখনও পর্যন্ত কিছু ব্যবস্থা নেওয়া হয়নি ৷ আখতার আলি ফের অ্যান্টি করাপসন ব্রাঞ্চে 2023 সালে অভিযোগ করেছিলেন ৷ 11 জানুয়ারি, 2023 মৃতদেহ লোপাটের ঘটনা ঘটেছিল ৷
9 অগস্টের মর্মান্তিক ঘটনার পর রাজ্য সরকার আরজি করে জানুয়ারি, 2021 থেকে কোনও আর্থিক দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে সিট গঠন করে । 16 অগস্ট ওই সিট গঠন হয়েছে ৷ কিন্তু বর্তমানে কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি করের ঘটনায় সমস্ত তদন্ত সিবিআই’কে দেওয়া হয়েছে ৷
পাশাপাশি, আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির আবেদনে মামলায় যুক্ত হতে চান সন্দীপ ঘোষ । তাঁকে না-জানিয়েই তাঁর বিরুদ্ধে অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে বলে এদিন আদালতে অভিযোগ করেন তাঁর আইনজীবী । তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হোক, দাবি আইনজীবীর । আবেদনে সায় দিলেও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ জানিয়েছেন, এ বিষয়ে লিখিত আবেদন করতে হবে ৷ শুক্রবার বেলা 12টায় মামলার পরবর্তী শুনানি । বিচারপতির নির্দেশ, পাশাপাশি আখতার আলি নিরাপত্তার অভাব বোধ করলে উপযুক্ত কারণ দেখিয়ে পুলিশের কাছে আবেদন জানাতে পারবেন ।
হাইকোর্টের পর্যবেক্ষণ:
- বায়োমেডিক্যাল ওয়েস্ট খোলা বাজারে বিক্রি করা হয়েছে ৷ যা অত্যন্ত গুরুতর অভিযোগ ৷
- বিচারপতি ভরদ্বাজের রাজ্যের উদ্দেশে প্রশ্ন , রাজ্য সমস্ত সিনিয়র আইপিএস’দের নিয়ে সিট গঠন করেছে । কিন্তু 2021 সাল থেকে অভিযোগ ৷ তাহলে কেন এবছরের 16 অগস্ট এসে সিট গঠন হল ?
রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আখতার আলি 20 জুলাই 2023 সালে প্রথমবার পুলিশে অভিযোগ জানিয়েছেন ৷ আখতার আলি কেন এতদিন অপেক্ষা করছিলেন একটা ঘটনা ঘটার ?’’ এখানে পুলিশের ইন-অ্যাকশন কীভাবে হয়েছে সেই নিয়ে পালটা প্রশ্ন তোলেন রাজ্যের আইনজীবী । তিনি জানান, এটি স্বাস্থ্যবিভাগের তদন্তের বিষয় ৷ আবেদনকারী স্বাস্থ্য দফতরে অভিযোগ দায়ের করার পর কোনও ব্যবস্থা গ্রহণ করেছে কি না সে বিষয়ে জানতে চাননি ৷
তিনি আরও জানান, আখতার আলির অভিযোগের ভিত্তিতে বর্তমানে সিট গঠন করা হয়েছে নাকি সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে কোনও আর্থিক দূর্নীতি হয়েছে কি না তা খতিয়ে দেখতে সিট তৈরি করা হয়েছে, সেটা স্বরাষ্ট্র দফতরের থেকে রিপোর্ট এনে আদালতকে জানাবেন ৷

