মৃত 2 বিজেপি কর্মীর দেহে একাধিক আঘাতের চিহ্ন, ফের মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ হাইকোর্টের
খেজুরির দুই বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে ফের মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ 18 তারিখ রিপোর্ট দিতে হবে বোর্ডকে ৷

Published : September 15, 2025 at 2:40 PM IST
কলকাতা, 15 সেপ্টেম্বর: খেজুরির দুই বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে ফের মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে মৃত দু'জনের শরীরে যে আঘাতগুলির উল্লেখ রয়েছে, তা খতিয়ে দেখে আদালতে রিপোর্ট পেশ করতে হবে নয়া মেডিক্যাল বোর্ডকে ৷
এসএসকেএমের চিকিৎসকরা মৃত দুই বিজেপি কর্মীর দেহের দ্বিতীয় ময়নাতদন্ত করেছেন ৷ সেই রির্পোটে একজনের দেহে 24টি, আর একজনের দেহে বেশ কয়েকটি আঘাতের কথা বলা হয়েছে । সেই রিপোর্ট দেখার পর আদালতের নির্দেশ, রাজ্যের স্বাস্থ্য দফতরকে ফের নতুন মেডিক্যাল বোর্ড গঠন করে দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে পাওয়া আঘাতগুলি নিয়ে ব্যাখ্যা দিতে হবে ।
উল্লিখিত সেই আঘাতগুলির মধ্যে কোন আঘাত মৃত্যুর কারণ হতে পারে, তাও জানাতে হবে হাইকোর্টকে । একইসঙ্গে গোটা রিপোর্ট নিয়ে পূর্ণাঙ্গ মতামত দিতে হবে ওই নতুন মেডিক্যাল বোর্ডকে । সোমবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ । 18 সেপ্টেম্বর ওই রিপোর্ট তলব করেছে আদালত ।
উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের খেজুরিতে একটি মেলায় ওই দুই বিজেপি কর্মীর রহস্যমৃত্যু হয় ৷ সেই ঘটনায় মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে ৷ যার শুনানি চলছে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বার রশিদির ডিভিশন বেঞ্চে ৷ এর আগে ডিভিশন বেঞ্চ খেজুরির জোড়া রহস্যমৃত্যুর মামলায় তদন্তকারী অফিসার, প্রথম ময়নাতদন্তকারী ডাক্তার, থানার ওসি ও ওই মেলা কমিটির কর্মকর্তাদের মোবাইল ফোনের কল রেকর্ড খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল । গত নয় সেপ্টেম্বর সিআইডি আদালতে জানায়, প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসকের ফোনের কল ডিটেইলস পরীক্ষা করে দেখা গিয়েছে যে, তিনি তদন্তকারী অফিসারকে তদন্তের আগে একাধিকবার ফোন করেছিলেন ।
একথা শুনে বিচারপতি বসাক সেদিন মন্তব্য করেন, "তদন্তকারী অফিসারের ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয় । তদন্তকারী আধিকারিক ময়নাতদন্ত অফিসারকে কেন ফোন করবেন ?" কিন্তু সিআইডি আধিকারিকদের বক্তব্য ছিল, গুরুতর তেমন কিছু খুঁজে পাওয়া যায়নি । দু'জনের কথোপকথনে গুরুত্বপূর্ণ কিছু উঠে আসেনি । কিন্তু বিচারপতি বসাক সেই বিষয়ে বিস্তারিত লিখিত রিপোর্ট তলব করেছিলেন ।
এর আগে, বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশেই কলকাতার এসএসকেএম হাসপাতালে দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়েছিল দেহ দু'টির । সেই তদন্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই শুধু নয়, পাশাপাশি মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে বলেও রিপোর্ট দিয়েছিল এসএএসকেএমের মেডিক্যাল বোর্ড ।

