ETV Bharat / state

সরকারি আধিকারিকদের আর্থিক দুর্নীতির সুদুরপ্রসারি প্রভাব তৈরি হয় ! পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

মামলা আগামী শনিবার বা সোমবার নিম্ন আদালতকে শুনতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । 18 ফেব্রুয়ারি ফের কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি ।

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 11, 2025 at 4:10 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 11 ফেব্রুয়ারি: সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সুদূরপ্রসারী প্রভাব তৈরি হয় সামাজিক ক্ষেত্রে । সেজন্য সাধারণ মানুষের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে দ্রুত এই ধরনের মামলার বিচার প্রয়োজন ৷ আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের । মঙ্গলবার বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ আরজি করে আর্থিক দুর্নীতির মামলার শুনানিতে এই মন্তব্য করেছেন ।

ডিভিশন বেঞ্চ সন্দীপ ঘোষ-সহ অন্যান্যদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা আগামী শনিবার বা সোমবার নিম্ন আদালতকে শুনতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘‘আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার দ্রুত হওয়ার প্রয়োজন আছে । এ বিষয়ে কোন দ্বিমতের অবকাশ নেই ।’’ তবে নিম্ন আদালতের বিচারককে এই মামলায় নির্দেশ, সিবিআই’য়ের চার্জশিটের কপি যেন সব অভিযুক্ত পান তা সুনিশ্চিত করতে হবে । পাশাপাশি শুনানিতে সব পক্ষের আর্জি যতটা সম্ভব পূরণ হলে তবেই যেন আর একটি তারিখ নির্দিষ্ট করে চার্জফ্রেমের দিনক্ষণ ঠিক করা হয়।

একই সঙ্গে জানানো হয়, সিবিআই যে সমস্ত নথির উপর নির্ভর করছে, এই মামলায় তা অভিযুক্তদের এখন পর্যন্ত দেয়নি সিবিআই। ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামিকালের মধ্যে স্ক্যান কপি সবাইকে দিতে হবে । কতজন সাক্ষী রয়েছে, কত পাতার নথি সিবিআই সেটা অভিযুক্তদের জানাবে । আগামী মঙ্গলবার, 18 ফেব্রুয়ারি ফের কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি ।

এদিন সন্দীপ ঘোষের আইনজীবী আদালতে জানান, 462টি নথির মধ্যে সিবিআই’য়ের থেকে 216টি নথি তাঁরা পেয়েছেন। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, বুধবারের মধ্যে সিবিআইকে এই সংক্রান্ত বাকি নথি দিতে হবে । নথি পাওয়ার পরে অভিযুক্তরা নিজেদের বক্তব্য নিম্ন আদালতে জানাতে পারবেন ।

উল্লেখ্য, আরজি করে আর্থিক দুর্নীতির মামলায় দ্রুত চার্জ ফ্রেম করে বিচারপর্ব শুরু করতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । তারপরই তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সন্দীপ ঘোষ-সহ অন্যান্য অভিযুক্তরা । ফলে থমকে যায় নিম্ন আদালতের চার্জ ফ্রেমের প্রক্রিয়া ।

আরও পড়ুন