'দ্য বেঙ্গল ফাইলস' নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
'দ্য বেঙ্গল ফাইলস' ছবির পরিচালক ও দুই নির্মাতার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট ৷

Published : August 4, 2025 at 8:30 PM IST
কলকাতা, 4 অগস্ট: 'দ্য বেঙ্গল ফাইলস' ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী ও নির্মাতা পল্লবী জোশি ও অভিষেক শর্মার বিরুদ্ধে লেকটাউন থানায় অভিযোগ দায়ের হয়েছিল ৷ ওই এফআইআরের খারিজের দাবিতে মামলা হয় কলকাতা হাইকোর্ট ৷ তার উপর সোমবার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত আগামী 26 অগস্ট পর্যন্ত এফআইআরের উপর স্থগিতাদেশ জারি করেছেন। আগামী 19 অগস্ট মামলার পরবর্তী শুনানি।
অভিযোগকারীর বক্তব্য ছিল, ওই ফিল্মে তুলে ধরা হয়ছে কিছু বিতর্কিত বিষয় । তাঁর আরও অভিযোগ, এমন কিছু সাম্প্রদায়িক কথাবার্তা ছবিতে তুলে ধরা হয়েছে, যা বাংলার সংস্কৃতিকে কলুষিত করবে ৷
হিন্দি ভাষায় তৈরি করা বিবেক অগ্নিহোত্রীর 'ফাইলস' ট্রিলজির তৃতীয় রাজনৈতিক থ্রিলার 'দ্য দিল্লি ফাইলস'। খবর আগেই ছিল যে 'তাসখন্দ ফাইলস', 'কাশ্মীর ফাইলস' ছবির পর দিল্লির রাজনৈতিক প্রেক্ষাপটে ছবি বানাতে চলেছেন পরিচালক। গতবছর অক্টোবর মাসে ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এনে বিবেক হইচই ফেলে দিয়েছিলেন ৷ 'বেঙ্গল ফাইলস' ছবিটি 1946 সালে কলকাতার সাম্প্রদায়িক হিংসাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে ৷ স্পর্শকাতর বিষয় নিয়ে এই সিনেমা মুক্তির ছাড়পত্র দিলে সামাজিক অস্থিরতা ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে অভিযোগ দায়ের হয়েছিল।
উল্লেখ্য, পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ফিল্ম 'দ্য বেঙ্গল ফাইলস' আগামী সেপ্টেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা । তাই 'দ্য বেঙ্গল ফাইলস' নিয়ে বিতর্কের পাশাপাশি প্রশ্ন উঠছে, এই ছবির মাধ্যমে কি সত্যিই আলো আনবে কিছু গোপন অধ্যায় ? নাকি এটি শুধুই একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচেষ্টা ? দর্শকের কাছে এই প্রশ্নের উত্তর আসবে হয়তো ছবিটি মুক্তি পেলেই। বাংলায় সে ছবি রিলিজ হবে কি না, সেই প্রশ্নটাই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। আপাতত ঠিক হয়েছে 5 সেপ্টেম্বর দেশব্যাপী মুক্তি পাবে ছবি।

