শর্মিষ্ঠা পানোলির অন্তর্বর্তী জামিনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
সোশাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্যের জন্য গ্রেফতার হয়েছিলেন আইনের ছাত্রী শর্মিষ্ঠা ৷ আদালতের নির্দেশে 31 মে থেকে বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন ৷

Published : June 5, 2025 at 5:35 PM IST
কলকাতা, 5 জুন: শর্মিষ্ঠা পানোলিকে অন্তর্বর্তী জামিনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে আপত্তিকর মন্তব্য করার জেরে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন শর্মিষ্ঠা । কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা বসুচৌধুরী বৃহস্পতিবার তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে ৷
এদিন নির্দেশ দিতে গিয়ে বিচারপতি পর্যবেক্ষণে জানান, 22 মে শর্মিষ্ঠার বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল, তা অত্যন্ত যান্ত্রিকভাবে করা হয়েছে । সেখানে একাধিক ত্রুটি রয়েছে । যদিও এই বিষয়গুলোর তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করছে আদালত ।
বিচারপতির আরও পর্যবেক্ষণ, তবে মামলাকারী একজন আইনের ছাত্রী । তিনি তদন্তে সমস্তরকম সহযোগিতা করতে রাজি আছেন বলে তাঁর আইনজীবী জানিয়েছেন । এই পরিস্থিতিতে তাঁকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলে আদালত মনে করছে না । তাই শর্মিষ্ঠা পানোলিকে 10 হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে আদালত ।
শর্ত হিসাবে জানানো হয়েছে, তাঁকে পাসপোর্ট জমা রাখতে হবে ৷ পুলিশের সঙ্গে তদন্তে সহযোগিতা করতে হবে ৷ রাজ্যের বাইরে যেতে হলে নিম্ন আদালতের অনুমতি নিতে হবে । দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হলেও অনুমতি নিতে হবে । পুলিশ শর্মিষ্ঠাকে সমস্তরকম নিরাপত্তা দেবে ।
এদিন শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ‘‘অন্তর্বর্তীকালীন জামিন চাওয়া হয়েছে । সমস্ত এফআইআর খারিজ করার আবেদন করা হয়েছে । সাধারণত কোনও ফৌজদারি অপরাধের বিষয় অভিযোগে থাকলে পুলিশ এফআইআর করতে বাধ্য । পুলিশ তদন্ত করে । গ্রেফতারও করতে পারে ।’’
তিনি আরও বলেন, ‘‘পুলিশ পানোলির বাড়িতে গিয়েছিল নোটিশ দিতে ৷ কিন্তু তাঁকে পায়নি । তিনি বাড়িতে ছিলেন না । 15 মে এফআইআর হয় । 18 মে পুলিশ বাড়িতে গিয়ে ফিরে আসে । পরে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় । 19 মে মধ্যরাতে তিনি কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেয় । পুলিশের সঙ্গে সহযোগিতা করা হয়নি । 21 মে আলিপুর আদালতে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আর্জি জানায় পুলিশ । 30 মে তাঁকে গুরুগ্রাম থেকে গ্রেফতার করা হয় ।’’
রাজ্যের অ্য়াডভোকেট জেনারেল আরও বলেন, "তিনি কিছু আপত্তিকর মন্তব্য করেছেন । যদিও পরে তার জন্য ক্ষমাও চেয়েছেন ৷ এই সংক্রান্ত একটি পেন ড্রাইভ আদালতে জমা দিয়েছে পুলিশ । তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে । এই মামলায় এখন কোনও অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা যায় না ।"
অন্যদিকে শর্মিষ্ঠার পক্ষে আইনজীবী ডিপি সিং বলেন, "পুনেতে পড়াশোনা করেন শর্মিষ্ঠা । অপারেশন সিঁদুরের পর কিছু মন্তব্য করেছিলেন । কোনও অপরাধ তিনি করেননি । 15 মে পুনেতে ছিলেন । তাঁর ফোনে থ্রেট আসতে থাকে । সেই জন্য তিনি পুনে থেকে কলকাতা আসেন । 15 ও 17 মে পুলিশের কাছে অভিযোগও জানান তিনি । কেন তাঁকে গ্রেফতার করা হল, তিনি জানেন না ।"
পালটা অ্য়াডভোকেট জেনারেল বলেন, "মামলাকারীকে সঠিক তথ্য নিয়ে আদালতে আসতে বলা হোক । ফোনে থ্রেটের জন্য তিনি ইমেইল মারফত আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন । তার সঙ্গে গার্ডেনরিচ থানায় অভিযোগের কোনও যোগ নেই ।"
বিচারপতি বলেন, "যেকোনও মন্তব্য করার আগে আপনাকে আরও সচেতন থাকা উচিত ছিল ।" মামলাকারীর আইনজীবী বলেন, "9 জুন ল'য়ের পরীক্ষা রয়েছে । তিনি পরীক্ষায় বসতে পারবেন না । অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হোক ।" বিচারপতি বলেন, "আমাকে দেখতে হবে যে অভিযোগ সত্যিই গুরুতর কি না । চার্জশিটে কী বলা হচ্ছে, সেটাও দেখা প্রয়োজন ।" এর পর সমস্ত খতিয়ে দেখে বিচারপতি শর্মিষ্ঠা পানোলিকে অন্তর্বর্তী জামিন দেন ৷

