অভিজিৎ সরকার হত্যা মামলায় পরেশ পাল-সহ দুই কাউন্সিলরের আগাম জামিন মঞ্জুর
বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় পরেশ পাল-সহ অন্যদের আগাম জামিন মঞ্জুর করল আদালত ৷ পাশাপাশি কয়েকটি শর্ত আরোপ করেছে ৷

Published : August 21, 2025 at 5:27 PM IST
|Updated : August 21, 2025 at 5:37 PM IST
কলকাতা, 21 অগস্ট: বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল-সহ দুই কাউন্সিলর পাপিয়া ঘোষ ও স্বপন সমাদ্দারের আগাম জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট ৷ পাশাপাশি বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশে জানিয়েছেন, সিবিআই তাঁদের যে সমন পাঠিয়েছিল, তার ভিত্তিতে গ্রেফতার করা হলে এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হবে ৷ জামিন নিয়ে একাধিক শর্ত আরোপ করেছেন বিচারপতি ৷
বৃহস্পতিবার জামিনের শর্ত হিসাবে আদালত সাফ জানিয়েছে, তিন জনের কেউ কোনও উস্কানিমূলক মন্তব্য করতে পারবেন না ৷ বিজেপি কর্মী অভিজিৎ সরকারের বাড়ির এলাকা শীতলাতলা লেনে প্রবেশ করা যাবে না ৷ এছাড়া আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না অভিযুক্তরা ৷ নিম্ন আদালতের বিচারপর্বে হাজির থাকতে হবে ৷
একুশের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর খুন হন কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার ৷ তাঁর হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে তৃণমূলের প্রবীণ বিধায়ক পরেশ পাল এবং দুই কাউন্সিলর পাপিয়া ঘোষ ও স্বপন সমাদ্দারের বিরুদ্ধে ৷
এদিন বিচারপতি জয় সেনগুপ্তর পর্যবেক্ষণ, বিজেপি কর্মী খুনের ঘটনার চার বছর পরে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে সিবিআই ৷ সেই অর্থে তাঁদের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ নেই ৷ অভিযুক্তরা তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছেন ৷ তাই আদালত তাঁদের জামিন মঞ্জুর করেছে ৷
2021 সালে বিধানসভা নির্বাচনের পর পুরো রাজ্যে ব্যাপক ভোট পরবর্তী সন্ত্রাসের সৃষ্টি হয়েছিল ৷ নির্বাচনের ফল ঘোষণার পর খুন হন কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার ৷ তাঁর গলায় তার পেচিয়ে তাকে খুন করা হয় বলে অভিযোগ উঠে ৷ খুনের ঘটনায় দু'বার চার্জশিট দেওয়া হলে তাতে নাম ছিল না পরেশ পাল-সহ অন্যান্যদের ৷ কিন্তু সিবিআই সম্প্রতি যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে, তাতে পরেশ পাল, কাউন্সিলর পাপিয়া ঘোষ ও স্বপন সমাদ্দারের নাম রয়েছে ৷ সিবিআই আদালত তাঁদের হাজিরা দেওয়ার নির্দেশ দেয় ৷ সেই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন পরেশ পাল ও অন্যরা ৷

