টেটের প্রশ্নপত্রে ভুল নিয়ে মামলা, নয়া কমিটি গড়ল হাইকোর্ট
আগের কমিটির দুই প্রতিনিধির সঙ্গে পর্ষদের মতের অমিল থাকায় কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায়নি ৷ এমতাবস্থায় নতুন কমিটি তৈরি করল কলকাতা হাইকোর্ট ৷

Published : July 12, 2025 at 10:28 AM IST
কলকাতা, 12 জুলাই: 2017 এবং 2022 সালের টেটের প্রশ্নপত্রে ভুল থাকা সংক্রান্ত মামলায় নতুন কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের এক জন করে বিশেষজ্ঞকে নিয়ে কমিটি গঠিত হবে বলে জানিয়েছে আদালত। এর আগেও আদালতের তরফে রাজ্যের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছিল ৷ কিন্তু সেই কমিটির সদস্যদের মধ্যে মতানৈক্য তৈরি হয় ৷ আর তার জেরেই নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিল আদালাত ৷
শুক্রবার হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে'র ডিভিশন বেঞ্চ শুনানির পর জানিয়েছে, আদালতের তৈরি করে দেওয়া ওই কমিটি প্রশ্নে ভুল ছিল কি না তা যাচাই করে দেখবে। মোট কতগুলি প্রশ্ন ভুল রয়েছে এবং সেগুলির সঠিক উত্তর কী হবে তা আদালতকে জানাবে কমিটি। ওই দুই টেটে মোট 47টি প্রশ্ন ভুল ছিল বলে অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। এই অভিযোগের সত্যতাই খতিয়ে দেখবেন কমিটিতে থাকা রাজ্যের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা ৷
এর আগে আদালত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে নিয়ে একটি কমিটি গঠন করেছিল। কিন্তু কয়েকটি প্রশ্ন নিয়ে কমিটির মধ্যে মতানৈক্য তৈরি হয়। এর জেরে মিমাংসায় আসা সম্ভব হয়নি ৷ এরপর সেই মামলায় ফের নয়া কমিটি গঠন করল হাইকোর্টয৷ কিন্তু এর আগে এ ব্যাপারে বিস্তর জটিলতা তৈরি হয় ৷ 2022 সালের প্রশ্নপত্রে থাকা 24টি ভুল প্রশ্নের মধ্যে সাতটি প্রশ্ন নিয়ে মতানৈক্য তৈরি হয়েছে বোর্ডের প্রতিনিধির সঙ্গে দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের। জানা গিয়েছে, মূলত শিশু মনোবিজ্ঞান ও অঙ্কের প্রশ্ন নিয়েই এই মতানৈক্য ৷ এমনটাই দাবি প্রাথমিক শিক্ষা পর্ষদের। এমতাবস্থায় ফের কলকাতা হাইকোর্ট এদিন নতুন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে।
2014 সালের টেট পরীক্ষার প্রশ্ন ভুলের মামলায় কলকাতা হাইকোর্ট ছ'টি প্রশ্নের জন্য 6 নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছিল। ফলে অনেকের জন্য চাকরির দরজা খুলে গিয়েছিল। 2017 এবং 2022 সালের ক্ষেত্রেও যদি তাই হয়, তাহলে ফের বেশ কয়েকজনের জন্য চাকরির দরজা খুলে যেতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ৷

