ETV Bharat / state

বিভিন্ন ঘটনায় ক্ষতিপূরণের অর্থ কেন বছরের পর বছর আটকে রেখেছে রাজ্য ? ক্ষুব্ধ হাইকোর্ট

বিভিন্ন ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের অর্থ বছরের পর বছর আটকে রাখায় রাজ্যের উপর ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট ৷

ETV BHARAT
কলকাতা হাইকোর্ট (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 1, 2025 at 3:07 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 1 অগস্ট: বিভিন্ন ঘটনায় মৃতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ থাকলেও বছরের পর বছর ধরে তা মানছে না রাজ্য । এতেই ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে । কেন এই ক্ষতিপূরণ আটকে রাখা হয়েছে, সেই প্রশ্ন করেন তাঁরা ৷

শুক্রবার বিচারপতি সুজয় পাল বলেন, "এই ধরনের একাধিক জনস্বার্থ মামলা বছরের পর বছর পড়ে থাকছে । মামলার শুনানিতে রাজ্যের আইনজীবীরা হাজির হন না । মামলায় রাজ্য সরকার সংযুক্ত থাকলেও অধিকাংশ সময় রাজ্যের আইনজীবীরা শুনানির সময় অনুপস্থিত থাকেন । এটা হওয়া উচিত নয় । তেলেঙ্গানা রাজ্যেও আমার একই অভিজ্ঞতা হয়েছে ।" তাঁর কথায়, "এই মামলাগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ । রাজ্যের প্রতিনিধিত্ব থাকা দরকার ।"

উল্লেখ্য, কুলতলির এক নাবালিকাকে বেআইনি ভাবে পাচার হয়ে যাওয়া থেকে উদ্ধার করেছিল পুলিশ । তাকে 2017 সালের আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ থাকলেও তা এখনও পায়নি তার পরিবার । সেই সংক্রান্ত জনস্বার্থ মামলার প্রেক্ষিতে বিচারপতি সুজয় পাল এদিন এই মন্তব্য করেন ।

এদিন মামলার শুনানি চলাকালীন রাজ্যের কোনও আইনজীবী উপস্থিত না-থাকায় বিচারপতি অন্য মামলায় উপস্থিত থাকা রাজ্যের এক আইনজীবীকে ডেকে এই বিষয়টি অবহিত করেন এবং অবিলম্বে সরকারি আইনজীবীকে মামলার নথিপত্র দেওয়ার জন্য নির্দেশ দেন । পাশাপাশি দু'সপ্তাহের মধ্যে যাতে ওই মেয়েটি ক্ষতিপূরণের টাকা পায় সেই ব্যবস্থা করতে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে । দু'সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি ।

আদালত সূত্রে জানা যাচ্ছে, 2018 সালে কুলতলির এক নাবালিকাকে কাজের টোপ দিয়ে কলকাতায় অনৈতিক কাজে লাগানো হয় । কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ও রিজেন্ট পার্ক থানা মেয়েটিকে মধুচক্রের কাজে ব্যবহার করার হাত থেকে রক্ষা করে । পকসো-সহ একাধিক ধারায় মামলা রুজু হয় । 2021 সালে নাবালিকাকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয় । কিন্তু ক্ষতিপূরণের টাকা না-পেয়ে 2022 সালের এপ্রিল মাসে মামলাকারী ক্ষতিপূরণ দাবি করে চিঠি দেন দক্ষিণ 24 পরগনা লিগাল সার্ভিস কতৃপক্ষকে । কিন্তু এখনও পর্যন্ত সেই ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়নি । এতেই ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট ।

বিচারপতি সুজয় পালের বক্তব্য, "এরকম একাধিক মামলা রাজ্য বছরের পর বছর ফেলে রেখেছে । অবিলম্বে এ ব্যাপারে রাজ্য সরকারকে পদক্ষেপ করতে হবে ।" পাশাপাশি এই নির্দেশের কপি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ ।