ETV Bharat / state

বিভিন্ন জেলায় বেআইনিভাবে নিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ, ফের রিপোর্ট তলব হাইকোর্টের

এসএসসি পরীক্ষা না দিয়ে বেআইনিভাবে জেলার স্কুলগুলিতে নিয়োগ হয়েছে । সেইসব নিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে ফের রিপোর্ট চাইল হাইকোর্ট ।

CALCUTTA HIGH COURT
কলকাতা হাইকোর্ট (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2025 at 5:16 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 2 মে: রাজ্যের বিভিন্ন জেলায় বেআইনিভাবে নিয়োগ নিয়ে সিআইডি ও রাজ্যের কাছে ফের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট । বিচারপতি বিশ্বজিৎ বসু 9 জুনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন । 13 জুন ফের এই মামলার শুনানি হবে ।

কর্মশিক্ষার চাকরিপ্রার্থী সোমা রায়ের দায়ের করা মামলায়, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা না দিয়ে বেআইনিভাবে রাজ্যের স্কুলগুলিতে নিযুক্তদের খুঁজে বের করতে যে তিন সদস্যের কমিটি গঠন করেছিল কলকাতা হাইকোর্ট । সেই কমিটি নতুন করে বেআইনি নিয়োগের বিষয়ে কিছু খুঁজে পেল কিনা, তা রিপোর্টে উল্লেখ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু ।

রাজ্যের আইনজীবীর বক্তব্য :

এই বিষয়ে রাজ্যের তরফে আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক জানান, বেআইনিভাবে নিযুক্ত হিসাবে চিহ্নিত অশোক কুমার হাতুয়া, সুব্রত তুঙ্গার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । পাশাপাশি অয়ন কুমার দাস পূর্ব মেদিনীপুরের একটি স্কুলের শিক্ষক । তাঁকে গ্রেফতার করা হয়েছে । তাঁর বেতনও বন্ধ করে দিয়েছে শিক্ষা দফতর । এছাড়াও পুলকেশ নামের আর একজন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে । এই চারজনের বিরুদ্ধে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা রিপোর্টে উল্লেখ করতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ।

অন্যদিকে, হাওড়ার শিক্ষক নেতা সিরাজুল ইসলামকে সাসপেন্ড করা হয়েছে বলে রাজ্যের তরফে এদিন আদালতে জানানো হয় । যদিও কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে আবেদনের পরিপ্রেক্ষিতে ওই শিক্ষক নেতার আগাম জামিন মঞ্জুর হয়েছে । 2001 সালে পরীক্ষা না দিয়েই তিনি স্কুলে শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছিলেন । কলকাতা হাইকোর্ট চাকরি বাতিলের পাশাপাশি তাঁর বিরুদ্ধে এফআইয়ার দায়ের করে তাঁকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিল । তবে আপাতত ওই শিক্ষক আদালত থেকে আগাম জামিন পেয়েছেন ।

পশ্চিমাঞ্চলের স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শেখ সিরাজুদ্দিনকে গ্রেফতার করা হয়েছিল । তাঁর বিরুদ্ধে গত বছর 9 সেপ্টেম্বর চার্জশিট দেওয়া হয়েছে বলেও এদিন জানান রাজ্যের আইনজীবী । সিরাজুদ্দিনের বিরুদ্ধে নিজের স্ত্রীকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল ।

এদিন শুনানিতে তিন সদস্যের কমিটিকে রিপোর্ট দিতে বলার আর্জি জানান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য । কারণ নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে সিআইডি এখনও পর্যন্ত কী পেয়েছে, তিন সদস্যের কমিটি নতুন করে বেআইনি কিছু খুঁজে পেয়েছে কিনা তা রিপোর্ট দিয়ে জানালে বিষয়টা পরিষ্কার হবে বলে উল্লেখ করেন তিনি ।

অন্যদিকে, সিরাজুল ইসলামের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন যে, সোমা রায়ের মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি বিশ্বজিৎ বসু বাকি সমস্ত বিষয় শুনতে পারেন কিনা । যদিও বিচারপতি বসু তাতে খুব বেশি আমল দিতে রাজি নন তা বুঝিয়ে দিয়েছেন ।